যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়টি একেবারেই আলোচ্য নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, এ বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট।
সোমবার (৯ নভেম্বর) লেবাননের সংবাদমাধ্যম আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘাই এসব কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাঘাই বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ইরানের সহযোগিতা অব্যাহত রয়েছে। প্রায় ১০ দিন আগে সংস্থাটির পরিদর্শকেরা ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর পরিদর্শন করেছেন।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার ইরানের অন্যান্য পারমাণবিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে তিনি আপত্তি জানান। তাঁর দাবি, এসব স্থাপনা পরিদর্শনের জন্য আইএইএর পক্ষ থেকে এখনো সুস্পষ্ট ব্যবস্থা বা কার্যকর প্রটোকল নির্ধারণ করা হয়নি। তাছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নিয়মিত হামলার হুমকির মধ্যে এসব স্থাপনা পরিদর্শনের যৌক্তিকতাও নেই।
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের অবস্থান বারবার পরিবর্তনেরও সমালোচনা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠিয়ে আলোচনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক ও ফোনালাপের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ যোগাযোগ এখনো চলছে।
বাঘাইয়ের দাবি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নিজেদের সদিচ্ছা ও আন্তরিকতা প্রমাণে ইরান প্রস্তাবিত সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করেছে। তবে তাঁর ভাষায়, ওয়াশিংটনের অবস্থানে এখনো সিদ্ধান্তহীনতা ও অস্পষ্টতা রয়েছে। চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মার্কিন কর্মকর্তারা পরস্পরবিরোধী দাবি জানাচ্ছেন।
ইরান যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সাতটি প্রধান শর্ত ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ, যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করা।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় প্রাথমিক সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে ইরান এখনো হরমুজ প্রণালি খুলে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হতো।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এপ্রিলের মাঝামাঝি যুদ্ধবিরতি কার্যকর হলেও পারস্য উপসাগরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে যুদ্ধবিরতি ও স্থায়ী সমঝোতার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।