রিপাবলিকান সহকর্মীকে ‘অসুস্থ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান দলেরই এক আইনপ্রণেতা। এ উদ্যোগের জবাবে হেগসেথের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অভিশংসন প্রস্তাবের উদ্যোক্তা রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসিকে ‘পরাজিত’ ও ‘অসুস্থ মানুষ’ বলে আক্রমণ করেছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হেগসেথকে তিনি সমর্থন করবেন। তাঁর ভাষায়, ‘তিনি দুটি যুদ্ধে জিতেছেন। তিনি দায়িত্বে ছিলেন।’ ভেনেজুয়েলা ও ইরানের যুদ্ধে হেগসেথের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, প্রতিরক্ষামন্ত্রী ভালো কাজ করেছেন।

ম্যাসির সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি একজন পরাজিত ব্যক্তি এবং কংগ্রেসের সময় নষ্ট করা উচিত নয় তাঁর। পরে তাঁকে ‘অসুস্থ মানুষ’ বলেও আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট।

রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের দাবিতে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করেই প্রস্তাবটির প্রধান অভিযোগগুলো সাজানো হয়েছে। এতে ইয়েমেন ও ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিচালনায় হেগসেথের ভূমিকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবটি নিয়ে প্রতিনিধি পরিষদে ভোট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহের মাঝামাঝি এ বিষয়ে ভোট হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন বসার দিনই ম্যাসি প্রস্তাবটি উত্থাপন করেন। কংগ্রেসের বর্তমান অধিবেশনের মেয়াদও সীমিত। ২০২৭ সালের ৩ জানুয়ারি ক্ষমতার পরিবর্তনের আগে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা থাকতেই দলীয় কর্মসূচি এগিয়ে নিতে আইনপ্রণেতারা প্রায় ছয় সপ্তাহ সময় পাচ্ছেন।

অভিশংসনের উদ্যোগের মুখে মঙ্গলবার সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছয় মাসের বেশি সময়ের মধ্যে এটিই তাঁর প্রথম সংবাদ সম্মেলন হতে যাচ্ছে।