ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে সহযোগিতা করতে দেশটিতে সেনা ও সামরিক উপদেষ্টা পাঠানোর কথা নিশ্চিত করেছে সিরিয়া। দামেস্ক জানিয়েছে, সৌদি আরবে পাঠানো সিরীয় সেনারা প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও সামরিক পরামর্শ দেওয়ার কাজে যুক্ত থাকবেন। তবে তারা সরাসরি ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে অংশ নেবেন কি না, তা স্পষ্ট নয়।
আল-জাজিরার ৯ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার রিয়াদ সফরের পর দেশটির সামরিক সহযোগিতার বিষয়টি সামনে আসে। সিরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, দামেস্ক ইতিমধ্যে সৌদি আরবে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। আগামী সপ্তাহে দেশটিতে ৬০০ বিশেষ বাহিনীর সদস্য পৌঁছানোর কথা রয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া বক্তব্যে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবে সিরীয় সেনা পাঠানো হয়েছে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় ও সামরিক পরামর্শের উদ্দেশ্যে। এর আগে সেনা পাঠানোর প্রাথমিক খবর অস্বীকার করেছিল দামেস্ক।
গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরব সফর করেন। সেখানে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা গুরুত্ব পায়।
সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে ৪০৩ মিলিয়ন ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় রিয়াদ। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার বিষয়টি চুক্তিগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিরীয় বিশ্লেষক নানার হাওয়াচ আল-জাজিরাকে বলেন, সৌদি আরবের জন্য সিরিয়ার সহযোগিতার কৌশলগত গুরুত্ব ইয়েমেনের সম্মুখযুদ্ধের চেয়েও বেশি হতে পারে। কারণ, এর মাধ্যমে নতুন সিরিয়া আঞ্চলিক অংশীদারের নিরাপত্তার দায়িত্ব ভাগ করে নেওয়ার সক্ষমতা দেখাতে পারবে।
তার মতে, সিরীয় সেনারা সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে সৌদি আরবে ইয়েমেনি বাহিনীকে প্রশিক্ষণ দিলেও রিয়াদের জন্য তা গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে বিবেচিত হবে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি যোদ্ধারা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকে সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে রয়েছে ইয়েমেন। ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব সামরিক জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে। হুথিদের বিরুদ্ধে লড়াইরত বাহিনীকে সামরিক, আর্থিক ও বিমান সহায়তাও দিয়েছে রিয়াদ।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব হুথি ও তাদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের প্রভাব মোকাবিলায় বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের চেষ্টা করছে। ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর উপসাগরীয় দেশগুলোর ওপর তেহরানের হামলা এবং সৌদি শহরগুলোতে হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এ উদ্যোগের গুরুত্ব বাড়িয়েছে।
গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্মত হওয়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে এ ধরনের সম্মিলিত নিরাপত্তা কাঠামোর সম্ভাব্য ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।
সিরীয় কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দামেস্ক ও রিয়াদের বর্তমান সামরিক সহযোগিতা ভবিষ্যতে সিরিয়ার মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার পথ তৈরি করতে পারে।
দীর্ঘ গৃহযুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার সেনাবাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের উল্লেখযোগ্য যুদ্ধ-অভিজ্ঞতা তৈরি হয়েছে। ড্রোন পরিচালনা ও সামরিক কৌশল সম্পর্কেও তাদের কিছু দক্ষতা রয়েছে।
লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের প্রভাষক রব গেইস্ট পিনফোল্ড আলজাজিরাকে বলেন, সিরীয় যোদ্ধারা যুদ্ধ-অভিজ্ঞ, দক্ষ ও সংগঠিত। ফলে তাদের অংশগ্রহণে কৌশলগত সুবিধা পেতে পারে সৌদি আরব।
সিরিয়া রিপোর্ট ওয়েবসাইটের জ্যেষ্ঠ কর্মসূচি উপদেষ্টা সামি আকিলের মতে, সৌদি আরবের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দামেস্ক আঞ্চলিক রাজনীতিতে নিজের অবস্থান আরও স্পষ্ট করছে। এত দিন বিভিন্ন আঞ্চলিক শক্তির সঙ্গে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করলেও এখন সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে দেশটি।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। আসাদ-পরবর্তী সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রেও সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হয়।
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে হুথিদের মোকাবিলায় সিরিয়ার সামরিক সহযোগিতা আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এতে ইরান ও তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দামেস্কের উত্তেজনা বাড়ার আশঙ্কাও রয়েছে।
সিরীয় বিশ্লেষক নানার হাওয়াচ সতর্ক করে বলেছেন, ইরানের মিত্রদের বিরুদ্ধে যেকোনো জায়গায় অবস্থান নেওয়ার অর্থ পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি করা। দেশের বাইরে যুদ্ধে সিরীয় সেনাদের প্রাণহানি ঘটলে তা যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও শান্তি প্রত্যাশী জনগণের কাছে ব্যাখ্যা করা কঠিন হবে।
এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনে অবস্থানরত সিরীয়রা হুথিদের বিরুদ্ধে ড্রোন অভিযান পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন—এমন খবরও প্রকাশিত হয়েছে। তবে সিরীয় সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দামেস্কের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সিরিয়া রিপোর্টের সামি আকিলের মতে, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সম্ভাব্য অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দারায় ইসরায়েলি বাহিনীর আরও অগ্রযাত্রা ঠেকানোর ক্ষেত্রে আঞ্চলিক প্রতিরোধের একটি কাঠামো পেতে পারে দামেস্ক।
সব মিলিয়ে সৌদি আরবে সিরীয় সামরিক উপদেষ্টা ও বিশেষ বাহিনী পাঠানোর ঘটনা দুই দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। তবে সিরিয়ার ভূমিকা প্রশিক্ষণ ও পরামর্শের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তা ইয়েমেনের যুদ্ধক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হবে—সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
যুক্তরাজ্যে মুসলিমবিরোধী প্রচারণার উৎস ইসরায়েল
একসময় ছিলো মুসলিম অধ্যুষিত শান্তির শহর, এখন আতঙ্কের নগরী