ইরান আগের চেয়েও শক্তিশালী: আলী জাহানশাহি

যেকোনো মাত্রার হুমকির মুখে ইরান তাৎক্ষণিক, দৃঢ় ও শক্তিশালী জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহি।

সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় সেনাবাহিনীর স্থলবাহিনী প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তি নিয়ে পাল্টা জবাব দেওয়া হবে।

জাহানশাহি বলেন, সৃষ্টিকর্তার ওপর আস্থা, দক্ষ ও সতর্ক যুদ্ধপ্রস্তুতি, প্রশিক্ষিত জনবল এবং কার্যকর অস্ত্র ও সরঞ্জামের ওপর নির্ভর করে স্থলবাহিনী তার সক্ষমতা ধরে রেখেছে। আধ্যাত্মিক শক্তির পাশাপাশি আধুনিক প্রযুক্তিও তাদের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের নেতৃত্বে ইরানের স্থলবাহিনী যেকোনো পর্যায়ের হুমকি মোকাবিলায় প্রস্তুত। এ ক্ষেত্রে প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, দৃঢ় ও শক্তিশালী।

ইরানের এই সামরিক কমান্ডারের বক্তব্য এমন এক সময়ে এল, যখন দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে।