মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ, তিনিই আমাদের ডুবিয়েছেন: মাইকেল লিটল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে দলের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একসময় ট্রাম্পকে আন্দোলনের প্রধান শক্তি হিসেবে দেখা সমর্থকদের কেউ কেউ এখন নির্বাচনি বিপর্যয়ের জন্য তাঁকেই দায়ী করছেন।

টেক্সাসের ডালাসে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের নির্বাচনি অনুষ্ঠানে জয়ের প্রত্যাশায় জড়ো হয়েছিলেন ট্রাম্পের সমর্থকেরা। কিন্তু পরাজয়ের খবরের পর তাঁদের অনেকেই হতাশ হয়ে ফিরে যান। সেখানে ট্রাম্পের তিনবারের ভোটার ও ব্যবসায়ী মাইকেল লিটল বলেন, ‘মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। ট্রাম্পই আমাদের ডুবিয়েছেন।’

সমর্থকদের একাংশের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি, ইরান যুদ্ধ এবং ওয়াশিংটনের দুর্নীতি নিয়ে অসন্তোষের কারণে ভোটাররা রিপাবলিকানদের কাছ থেকে মুখ ফিরিয়েছেন। নির্বাচনি ফলাফল তাই শুধু দলের জন্য ধাক্কা নয়, ট্রাম্পের নেতৃত্বে গড়ে ওঠা মাগা আন্দোলনের অভ্যন্তরীণ ঐক্য ও ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে।

নির্বাচনে পরাজয়ের পরও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। শুক্রবার অভিবাসনবিরোধী কঠোর নীতির অন্যতম রূপকার স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে নিয়োগ দিয়েছেন তিনি। মাগা আন্দোলনের কট্টর সমর্থকেরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এর মধ্য দিয়ে আন্দোলনের অভিবাসনবিরোধী অবস্থান আরও জোরালো হবে।

তবে আন্দোলনের ভেতরে ভবিষ্যৎ কৌশল নিয়ে মতভেদ বাড়ছে। একাংশ চাইছে, মাগা আবারও জনতুষ্টিবাদী ও জাতীয়তাবাদী কর্মসূচিতে জোর দিক। অন্যরা মনে করছেন, আন্দোলনকে একজন নেতার ওপর নির্ভরশীল না রেখে স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা প্রয়োজন। আবার কারও কারও ধারণা, মাগা আন্দোলনের অবসান ইতিমধ্যেই শুরু হয়েছে।

ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও মাগা আন্দোলনের প্রভাবশালী সমর্থক স্টিভ ব্যানন আন্দোলনটিকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, জনতুষ্টিবাদী ও জাতীয়তাবাদী কর্মসূচির ওপর আরও গুরুত্ব দিতে হবে।

রয়টার্সের জন্য পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের এক বিশ্লেষণে দেখা গেছে, মাগা সমর্থকদের ২০ শতাংশের বেশি আন্দোলনের নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁদের প্রায় অর্ধেক আন্দোলনটির প্রতি সমর্থন ধরে রাখলেও নেতা হিসেবে ট্রাম্পের প্রতি সমর্থন আর জানাচ্ছেন না। অন্য অংশটি ট্রাম্পের প্রতি অনুগত থেকেও তাঁর সমালোচনা করছে।

নির্বাচনের পর রিপাবলিকান দলের কয়েকজন নেতাও ট্রাম্প প্রশাসনের সমালোচনা শুরু করেছেন। সিনেটর রন জনসন সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অভিযোগ তুলে বলেছেন, ট্রাম্প প্রশাসনেও দুর্নীতি রয়েছে।

অন্যদিকে, রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্লিন স্টুটজম্যান স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিয়োগের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর মতে, এটি ভুল সিদ্ধান্ত।

সব মিলিয়ে নির্বাচনি পরাজয়ের পর মাগা আন্দোলনের সামনে এখন দুটি বড় প্রশ্ন—ট্রাম্পের ব্যক্তিগত নেতৃত্বের ওপর নির্ভরতা বজায় থাকবে, নাকি আন্দোলন নিজস্ব রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক পরিচয়কে সামনে এনে নতুন পথ খুঁজবে? নির্বাচনের পর সমর্থক ও রিপাবলিকান নেতাদের প্রকাশ্য মতপার্থক্য সেই বিতর্ককেই সামনে নিয়ে এসেছে।

সূত্র: রয়টার্স