ইরানের প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছে মস্কো। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেই দেদভ বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় গ্রহণের বিষয়ে মস্কোর প্রস্তাব এখনো কার্যকর রয়েছে। তিনি আরও বলেন, তেহরানের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের আস্থা পুনরুদ্ধার করতে হবে। তার মতে, চলমান সংঘাতের সমাধান সামরিক পথে নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই সম্ভব।
দেদভের বক্তব্যে ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাবের পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান বিরোধ নিরসনে কূটনৈতিক উদ্যোগের ওপরও গুরুত্ব উঠে এসেছে। তবে ইরান রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেছে কি-না, কিংবা ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কি-না তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।