যুদ্ধের সমাপ্তি নিয়ে ক্রমেই দৃঢ় অবস্থান তুলে ধরছে ইরান। দেশটির বক্তব্য, আলোচনায় উত্থাপিত শর্তগুলোর সমাধান ছাড়া যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধ শেষ ঘোষণা করতে পারবে না।
ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বক্তব্যে ক্রমেই আত্মবিশ্বাসী সুর জোরালো হচ্ছে। দেশটির নেতারা নিজেদের জনগণের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করছেন, ইরানের উত্থাপিত শর্তগুলোর জবাব না দিয়ে এ যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা সম্ভব নয়।
তেহরান থেকে আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ ভ্যাল এ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার মতে, ইরানের নেতারা শুধু যুদ্ধের পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানাচ্ছেন না; বরং যুদ্ধ-পরবর্তী পশ্চিম এশিয়ার রাজনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও নতুন বার্তা দিচ্ছেন।
পশ্চিম এশিয়ায় নতুন আঞ্চলিক ব্যবস্থার দাবি
ইরানের সাবেক সামরিক কমান্ডার ও জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মোহসেন রেজাইয়ের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভাষা বিশ্লেষণ করে ভ্যাল বলেন, সেখানে আত্মবিশ্বাস ও বিজয়ের দাবি স্পষ্ট। রেজাইয়ের বক্তব্যে পশ্চিম এশিয়ার নতুন আঞ্চলিক ব্যবস্থার প্রসঙ্গ এসেছে। ইরানের অবস্থান অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে এই নতুন বাস্তবতা স্বীকার করতে হবে। ভ্যালের ব্যাখ্যায়, এর অর্থ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও আধিপত্যের অবসান ঘটানোর দাবি।
এটি শুধু যুদ্ধের সামরিক ফলাফল নিয়ে ইরানের বক্তব্য নয়; বরং যুদ্ধের পর আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য কেমন হবে, সে বিষয়েও তেহরানের প্রত্যাশার ইঙ্গিত। আল-জাজিরার এই প্রতিবেদকের মতে, ইরানের এমন বক্তব্য নতুন নয়। যুদ্ধের শুরু থেকেই তেহরান একই ধরনের দৃঢ় অবস্থান তুলে ধরে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেশটির নেতাদের বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও বিবৃতিতে বিজয়ী হওয়ার প্রত্যয় আরও জোরালো হচ্ছে।
ইরানের এই ভাষার একটি অভ্যন্তরীণ রাজনৈতিক দিকও রয়েছে। নিজেদের জনগণের কাছে যুদ্ধের বিষয়ে আত্মবিশ্বাসী বার্তা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে বোঝানো হচ্ছে, ইরানের শর্ত উপেক্ষা করে সংঘাতের রাজনৈতিক নিষ্পত্তি সম্ভব নয়। তবে ইরানের নেতাদের আত্মবিশ্বাসী বক্তব্যকে যুদ্ধের চূড়ান্ত ফলাফল বা যুক্তরাষ্ট্রের প্রভাব শেষ হয়ে যাওয়ার প্রমাণ হিসেবে দেখা যায় না। এটি মূলত তেহরানের রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক বার্তা।
যুদ্ধের প্রকৃত পরিণতি নির্ভর করবে সামরিক পরিস্থিতি, আলোচনার অগ্রগতি, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকার ওপর। আল-জাজিরার পর্যবেক্ষণে স্পষ্ট, ইরান এখন শুধু যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে কথা বলছে না; যুদ্ধ-পরবর্তী পশ্চিম এশিয়ার রাজনৈতিক কাঠামোতেও নিজেদের প্রভাব প্রতিষ্ঠার দাবি সামনে আনছে।
ইরানের সঙ্গে সমঝোতায় যুক্তরাষ্ট্রকে কেন ছাড় দিতে হবে?
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধের অবসান হবে না: আরাঘচি
আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধর্মীয় অনুষ্ঠান