ইরানের সঙ্গে যুদ্ধ বা চুক্তি নয়, অর্থনৈতিকভাবে পঙ্গু করার কৌশল ট্রাম্পের: রুবিও

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ানো কিংবা তেহরানের সঙ্গে চুক্তি—কোনো পথই আপাতত বেছে নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও বাণিজ্যিক বিধিনিষেধের মাধ্যমে ইরানের অর্থনীতি চাপে রেখে দেশটির শাসনব্যবস্থাকে দুর্বল করার কৌশল নিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ওই বৈঠকে রুবিওর বক্তব্যের বিষয়ে তিনজন অংশগ্রহণকারীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদন অনুযায়ী, রুবিও বলেন, প্রেসিডেন্টের সামনে কেবল দুটি বিকল্প নেই। আবার যুদ্ধ শুরু করা কিংবা ‘হাস্যকর’ কোনো শান্তিচুক্তিতে সই করার বাইরেও তৃতীয় একটি পথ রয়েছে। সেটি হলো, বর্তমানে যে অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে, তা অব্যাহত রাখা।

রুবিওর ভাষায়, ‘প্রেসিডেন্টের সামনে শুধু দুটি বিকল্প নেই। আবার যুদ্ধে ফেরা কিংবা একটি হাস্যকর শান্তিচুক্তিতে সই করাই একমাত্র পথ নয়। তৃতীয় বিকল্প হলো, আমরা এখন যা করছি, তা চালিয়ে যাওয়া।’

অ্যাক্সিওসের প্রতিবেদন বলছে, রুবিওর মতে, মার্কিন নিষেধাজ্ঞা ও অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপ ইরানের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এতে তেহরানের পক্ষে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন এবং সামরিক সক্ষমতা পুনর্গঠন কঠিন হয়ে পড়ছে।

বৈঠকে রুবিও আরও বলেন, ইরানের অর্থনীতির ক্ষতি ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে ট্রাম্পকে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করার মতো সময়ের চাপ নেই। বরং ইরান নিজেই নিজের অর্থনীতির বড় ক্ষতি করছে বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রশাসনের এই কৌশলের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘আয়রন গেট’ অভিযানে স্থলপথ বন্ধের পরিকল্পনা

অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের পাশাপাশি ইরানের অস্ত্র ও প্রযুক্তি পরিবহনের স্থলপথ বন্ধ করার পরিকল্পনাও নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের নতুন এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘আয়রন গেট’।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ইরান যাতে উন্নত অস্ত্র ও প্রযুক্তি পরিবহনের জন্য ব্যবহৃত স্থলপথগুলো কাজে লাগাতে না পারে, সেটিই এ অভিযানের লক্ষ্য।

এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, আপাতত ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা কম এবং এ মুহূর্তে তা প্রয়োজনীয় বলেও মনে হচ্ছে না। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ অবস্থান জানান।

ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরান নীতি নিয়ে একাধিক মত ছিল বলে অ্যাক্সিওস জানিয়েছে। নতুন করে সামরিক অভিযান চালানোর বিরোধিতা করে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নেন রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার।

তাঁদের ধারণা, ইরানের বর্তমান অবস্থানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে এমন কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন। আবার নতুন করে যুদ্ধ শুরু করলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। তাই সামরিক সংঘাত এড়িয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর পক্ষে তাঁরা ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের কিছু প্রভাবশালী ব্যক্তির মধ্যে সামরিক পদক্ষেপের পক্ষেও মত রয়েছে। ফলে ইরান নীতি নিয়ে হোয়াইট হাউসের অভ্যন্তরে মতপার্থক্য তৈরি হয়েছিল।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই কৌশল নিয়ে মধ্যপ্রাচ্যের মিত্রদের অবস্থানও এক নয়। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল নতুন করে হামলার পক্ষে থাকলেও উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশ সামরিক সংঘাত পুনরায় শুরু করার বিরোধিতা করছে।

তুরস্ক, ইরাক ও পাকিস্তানের মতো দেশগুলোও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন। ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ, বিমান চলাচল সীমিত করা কিংবা সীমান্ত বন্ধের জন্য এসব দেশের ওপর যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করলে তাদের নিজস্ব অর্থনীতি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি জি-৭ বৈঠকে মধ্যস্থতার উদ্যোগ এবং ট্রাম্পের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচনার বিষয়টি তুলে ধরেন। চীন ও ইউরোপীয় দেশগুলোকে সম্ভাব্য চুক্তির নিশ্চয়তাদাতা হিসেবে যুক্ত করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কৌশল ইরানের নেতৃত্বের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সরকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘যুদ্ধ নয়, চুক্তিও নয়’—এমন অনির্দিষ্ট পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। ইরানের বেসামরিক নেতৃত্ব এটিকে চুক্তির মাধ্যমে সমাধান খোঁজার সুযোগ হিসেবে দেখছে।

তবে অর্থনৈতিক ও নিরাপত্তাগত চাপ দীর্ঘায়িত হলে আইআরজিসি আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানবিষয়ক বিশ্লেষক ড্যানি সিত্রিনোভিচ। তাঁর মতে, তেহরান মনে করতে পারে, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের ওপর নিরাপত্তাগত ও অর্থনৈতিক ব্যয় বাড়ানোই ওয়াশিংটনের নীতি পরিবর্তনের একমাত্র উপায়।

এতে ইরান পাল্টা উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রও সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। ফলে যে সংঘাত এড়াতে ওয়াশিংটন অর্থনৈতিক চাপের পথ বেছে নিয়েছে, সেই কৌশলই শেষ পর্যন্ত নতুন সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।