ইরানের সঙ্গে চলমান আলোচনা কিংবা কাতারে বৈঠক হওয়ার বিষয়ে ওয়াশিংটনের সাম্প্রতিক দাবি সরাসরি নাকচ করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি এসব দাবিকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। প্রেস টিভির প্রতিবেদনে সাক্ষাৎকারের বরাত দিয়ে জানানো হয়, বিশ্ববাজারে তেলের দাম কমানো এবং অর্থনৈতিক চাপ প্রশমিত করতেই যুক্তরাষ্ট্র আলোচনার খবর ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন রেজায়ি।
তিনি বলেন, ‘আলোচনা অব্যাহত রয়েছে কিংবা কাতারে বৈঠক হয়েছে—আমেরিকানদের এমন দাবি পুরোপুরি মিথ্যা।’
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে তেহরানের অবস্থানও পুনর্ব্যক্ত করেন রেজায়ি। তাঁর ভাষ্য, ইরান সাতটি সুনির্দিষ্ট শর্ত তুলে ধরেছে, যেগুলো দেশটির জনগণের অবিচ্ছেদ্য অধিকার।
রেজায়ি বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, এই মুহূর্তে আমেরিকানদের সঙ্গে আমাদের কোনো আলোচনা চলছে না। ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠক বা আলোচনা নেই।’
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি নিয়ে নানা খবর প্রকাশ করেছে। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দোহার মাধ্যমে ইরানি কর্মকর্তাদের কাছে আলোচনার একটি কাঠামোসংবলিত চিঠি পাঠিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইরানের কর্মকর্তারা প্রস্তাবটিকে ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করা হয়েছে।
রেজায়িয়ের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংলাপের আগে ইরানের সাতটি শর্ত মেনে নিতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে—সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং আঞ্চলিক সব ধরনের শত্রুতা বন্ধ করা।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম বেড়েছে। এর প্রভাব পশ্চিমা অর্থনীতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মূল্যস্ফীতিতেও পড়েছে।
এ পরিস্থিতিতে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক তৎপরতা জোরদার করছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। তবে আলোচনার দাবি অস্বীকার করে রেজায়িয়ের বক্তব্যে তেহরান স্পষ্ট করেছে, ইরানের শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, এসব বক্তব্য ইরানের পক্ষ থেকে দেওয়া দাবি ও অবস্থান। যুক্তরাষ্ট্রের বক্তব্য এবং কাতারের মধ্যস্থতায় যোগাযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বাধীনভাবে নিশ্চিত করা তথ্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।
এখন থেকে যুদ্ধের ভূগোল নির্ধারণ করবে ইরান: গালিবাফ
মাসে ৫০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান: ব্লুমবার্গ