ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে গোপন তথ্য দিতে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার এবং প্রয়োজনে অন্যত্র স্থানান্তরের সুযোগ দেওয়ার মার্কিন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ ঘোষণাকে ‘ঘৃণ্য’ ও ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে এর প্রকাশ্য নিন্দা জানাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদের সভাপতি এবং আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে পাঠানো এক চিঠিতে আরাগচি এ আহ্বান জানান। চিঠিটি নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক নথি এবং আইএইএর তথ্য সার্কুলার হিসেবে প্রচারেরও অনুরোধ করেছেন তিনি।
চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় গত ৬ ও ৭ নভেম্বর ইরানের পরমাণু কর্মসূচি-সংক্রান্ত তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি ডলার এবং সম্ভাব্য স্থানান্তরের সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও এ ঘোষণা প্রচার করেছে বলে উল্লেখ করেন আরাগচি।
আরাগচির অভিযোগ, মার্কিন এ ঘোষণা ইরানের পরমাণু স্থাপনা, সরঞ্জাম, বৈজ্ঞানিক ও কারিগরি কর্মীদের বিষয়ে গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহে উৎসাহ জোগাচ্ছে। এতে পরমাণু বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের গুপ্তচরবৃত্তি, হুমকি, নাশকতা কিংবা হত্যার ঝুঁকির মুখে ফেলার আশঙ্কা রয়েছে।
চিঠিতে তিনি বলেন, শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমে যুক্ত বিজ্ঞানী ও কারিগরি কর্মীদের ভয়ভীতি, চাপ কিংবা নিরাপত্তাঝুঁকি ছাড়াই দায়িত্ব পালনের সুযোগ থাকা প্রয়োজন। পরমাণু স্থাপনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) চতুর্থ অনুচ্ছেদের কথা উল্লেখ করেন। ওই অনুচ্ছেদে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির গবেষণা, উৎপাদন ও ব্যবহারের অধিকার স্বীকার করা হয়েছে।
আরাগচির বক্তব্য, কোনো রাষ্ট্রের বৈধ শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমকে অন্য কোনো রাষ্ট্রের জবরদস্তিমূলক পদক্ষেপ, গোপন হস্তক্ষেপ কিংবা নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির মাধ্যমে বাধাগ্রস্ত করা উচিত নয়।
চিঠিতে আইএইএর নিরাপত্তা যাচাই বা সেফগার্ডস ব্যবস্থার গোপনীয়তা, নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আরাগচির দাবি, আইএইএর তত্ত্বাবধানে থাকা স্থাপনা, সেগুলোর প্রযুক্তিগত কাঠামো, সরঞ্জাম, কার্যক্রম ও সংশ্লিষ্ট কর্মীদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্যোগ সংস্থাটির সংগৃহীত তথ্যের অপব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে। তাই আইএইএর যাচাই কার্যক্রমের মাধ্যমে পাওয়া তথ্য যেন সংস্থার নির্ধারিত দায়িত্বের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা হুমকির মুখে থাকলে স্বাভাবিক নিরাপত্তা যাচাই কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টিও প্রশ্নের মুখে পড়তে পারে।
চিঠিতে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি দুটি এবং আইএইএর মহাপরিচালকের প্রতি তিনটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের কাছে ইরানের দাবি
১. মার্কিন ঘোষণার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর সম্ভাব্য গুরুতর প্রভাব সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা।
২. পরমাণু স্থাপনা, সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তার জন্য সৃষ্ট হুমকি মোকাবিলায় জাতিসংঘ সনদ অনুযায়ী দায়িত্ব পালন এবং যুক্তরাষ্ট্রকে তার কথিত বেআইনি কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা।
আইএইএর মহাপরিচালকের কাছে ইরানের দাবি
১. সংস্থার নিরাপত্তা যাচাই কার্যক্রমের গোপনীয়তা, নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা।
২. আইএইএর কার্যক্রমের মাধ্যমে সংগৃহীত নিরাপত্তা-সংক্রান্ত তথ্য ও জ্ঞান যেন ফাঁস, অপব্যবহার কিংবা সংস্থার দায়িত্বের পরিপন্থী কাজে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে পরমাণু বিজ্ঞানী ও কর্মীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া।
৩. বিষয়টি আইএইএর বোর্ড অব গভর্নরসের নজরে আনা এবং এর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পদক্ষেপ বিবেচনা করা।
চিঠির শেষাংশে আরাগচি অনুরোধ করেন, তাঁর পাঠানো চিঠিটি যেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক দলিল এবং আইএইএর তথ্য সার্কুলার হিসেবে প্রচার করা হয়।
ইরানের এই চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে শুধু দুই দেশের বিরোধের বিষয় হিসেবে নয়, বরং শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমের নিরাপত্তা, আন্তর্জাতিক আইন এবং আইএইএর স্বাধীনতা-সংক্রান্ত প্রশ্ন হিসেবেও তুলে ধরেছে তেহরান।