যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। দেশটি এখনো প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা যুদ্ধের আগের উৎপাদন সক্ষমতার প্রায় অর্ধেক। পশ্চিমা গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হলেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। পশ্চিমা গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানের অস্ত্রভান্ডারে এখনো অন্তত ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে।
ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে আসা মূল্যায়ন যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার দাবি করেছেন, ইরানের পারমাণবিক শিল্পভিত্তির ৮০ শতাংশের বেশি ধ্বংস করা হয়েছে।
তবে পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা যুদ্ধের আগের তুলনায় কমলেও তা পুরোপুরি অকার্যকর হয়ে যায়নি। মাসে প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র উৎপাদনের তথ্য সেই সক্ষমতা টিকে থাকার ইঙ্গিত দিচ্ছে।
ইরানের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আক্রমণাত্মক ড্রোনের মজুত নিয়েও উদ্বেগ রয়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, ইরানের কাছে এখনো হাজার হাজার শাহেদ-ধরনের আক্রমণাত্মক ড্রোন থাকতে পারে।
তবে দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রকৃত মজুত কত, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। গোয়েন্দা মূল্যায়নেও এসব অস্ত্রের মোট সংখ্যা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন এবং মার্কিন প্রশাসনের বক্তব্যের এই পার্থক্য যুদ্ধের পর দেশটির অস্ত্র উৎপাদন ও পুনর্গঠনের সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
হেগসেথকে অভিশংসনের জন্য ডেমোক্র্যাটদের চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ বা চুক্তি নয়, অর্থনৈতিকভাবে পঙ্গু করার কৌশল ট্রাম্পের: রুবিও