স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ 

ইরান যুদ্ধ চায় না; তবে যেকোনো হামলা মোকাবিলায় পূর্ণ প্রস্তুত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রকে সমঝোতার জন্য সাতটি কঠোর পূর্বশর্ত দিয়েছে ইরান। একই সাথে দেশটি স্পষ্ট জানিয়েছে, তেহরান যুদ্ধ চায় না; তবে যেকোনো বহিরাগত হামলা মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।

আল জাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইরানের প্রধান মধ্যস্থতাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ইরান বর্তমানে "যুদ্ধও নয়, শান্তিও নয়"—এমন কোনো দোলাচলে নেই। বরং দেশটি সরাসরি যুদ্ধাবস্থার মুখোমুখি দাঁড়িয়েই নিজেদের অবস্থান জোরদার করছে।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক উস্কানি এবং আগ্রাসনের বিরুদ্ধে ইরানি জনগণের মৌলিক অধিকার রক্ষার্থেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন সমঝোতার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর।

তেহরানের পক্ষ থেকে দেওয়া প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরানি সমুদ্রবন্দরের ওপর থেকে মার্কিন নৌঅবরোধ তুলে নেওয়া, স্ট্র্যাটেজিক হরমুজ প্রণালীতে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বন্ধ করা এবং সংঘাতের পর মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মোতায়েন করা মার্কিন সেনা সরিয়ে নেওয়া।

এছাড়া ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নিয়ে যুদ্ধবিরতি কার্যকর করার দাবিও এই সাত দফার অন্তর্ভুক্ত। গালিবাফের মতে, এগুলো কোনো বাড়তি সুযোগ-সুবিধা নয়, বরং ইরানের মৌলিক অধিকার।

গালিবাফ জানান, ওয়াশিংটন যদি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করার পুরোনো মানসিকতা ও অতিরিক্ত দাবি পরিত্যাগ করে, তবেই একটি টেকসই চুক্তিতে পৌঁছানো সম্ভব। মূলত মার্কিন প্রশাসনের প্রতি চরম আস্থার অভাবই বর্তমান আলোচনার বড় বাধা।

বর্তমানে কাতার ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। পাশাপাশি রাশিয়া, চীন এবং অঞ্চলের অন্যান্য দেশগুলো কূটনৈতিকভাবে অচলাবস্থা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমনকি মার্কিন কর্মকর্তারা মস্কো সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাধ্যমে তেহরানের সাথে যোগাযোগের আগ্রহ দেখান। পরবর্তীতে রাশিয়া মারফত ইরান তাদের সুনির্দিষ্ট দাবি ও অবস্থান ওয়াশিংটনের কাছে পাঠায়।

ইরানের প্রতিনিধি দল পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিয়ে গালিবাফ নিশ্চিত করেন, তিনি নিজেই এই ছয় সদস্যের আলোচনা দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরও স্পষ্ট করেন, কেবল যুদ্ধ এড়ানোর জন্য ইরান আলোচনা টেবিলে বসেনি।

হরমুজ প্রণালী প্রসঙ্গে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী কেবল ইরান ও ওমানের সমঝোতায় পরিচালিত হবে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতের পর থেকে উত্তর করিডোর দিয়ে অনুমোদিত জাহাজ চলাচলের নিয়ম চালু রয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় রুট মাইন ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষিত।

ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছে, মার্কিন নৌবহরের নিরাপত্তা আশ্বাস মেনে অননুমোদিত পথে যাতায়াতকারী যেকোনো জাহাজ আটক বা ধ্বংসের মুখোমুখি হবে। স্থায়ী শান্তিকল্পে আঞ্চলিক দেশগুলোকেই একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে তেহরান।

সূত্র: মেহর নিউজ এজেন্সির