যুক্তরাষ্ট্রে আকস্মিক মৃত্যু রুশ রাষ্ট্রদূত দারচিয়েভের

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ এএম

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ মারা গেছেন। ৬৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি মস্কো।

বুধবার (১১ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দারচিয়েভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে তাকে ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদালাপী সহকর্মী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন দারচিয়েভ। দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছরের মাথায় তার মৃত্যু হলো।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা ছিল দারচিয়েভের

যুক্তরাষ্ট্রে দায়িত্ব নেওয়ার আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন আলেকজান্ডার দারচিয়েভ।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকাবিষয়ক বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর ওয়াশিংটনে নিয়োগ

 

২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার কিছুদিন পরই দারচিয়েভকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সে সময় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা চলছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দারচিয়েভ ওই পদক্ষেপকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ বলে অভিহিত করেছিলেন।

তবে তার আকস্মিক মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত