ইয়েমেনে সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হামলা

ইয়েমেনে সৌদি আরবের একটি সামরিক কমান্ড সেন্টারে হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, হামলার শিকার স্থাপনাটি দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশে সৌদি সামরিক বাহিনীর অভিযান ও সেনা মোতায়েন সমন্বয়ের কাজে ব্যবহৃত হতো।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, স্থাপনাটি লাহিজ, আল-দালে, তাইজসহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশের সক্রিয় যুদ্ধক্ষেত্রে সৌদি সামরিক শক্তি বৃদ্ধি ও কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল।

এদিকে হামলার নিন্দা জানিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার। দেশটির তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, এ হামলা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষকে আতঙ্কিত করার ক্ষেত্রে হুথি গোষ্ঠীর প্রতিষ্ঠিত ধারার প্রতিফলন।

তবে হামলার সময়, ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা স্থাপনাটির প্রকৃত অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সৌদি আরবের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্যের তথ্য উল্লেখ করা হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই