সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে কেনিয়ার এক নারী গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। সন্তান জন্ম দেওয়ার পর তাঁর বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। ঘটনাটি নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা এই শাস্তিকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের উদাহরণ হিসেবে অভিহিত করেছে।
সাজাপ্রাপ্ত নারীর নাম এসথার ওয়ানজা মুথোনি। তিনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। মূলত গৃহস্থালির কাজ ও শিশুর দেখাশোনার জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। এক মিসরীয় নাগরিকের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের পর তিনি অন্তঃসত্ত্বা হন। পরে সন্তানের বাবা সৌদি আরব ছেড়ে চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবের শরিয়াহভিত্তিক বিচারব্যবস্থায় বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হয়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এ ধরনের ঘটনায় নারীরা প্রায়ই বেশি আইনি ও সামাজিক হয়রানির মুখে পড়েন।
অধিকারকর্মীদের দাবি, সৌদি আরবে অনেক অবিবাহিত নারী সন্তান জন্ম দিলেও তাঁদের ঘটনা প্রকাশ্যে আসে না। কারণ, অনেকে বাড়িতে সন্তান প্রসব করেন। অন্যদিকে, হাসপাতালে সন্তান জন্ম দিলে অবিবাহিত মায়েদের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভার মতে, বাড়িতে সন্তান জন্ম দেওয়ার কারণে অনেক নারীর ঘটনা কর্তৃপক্ষের নজরের বাইরে থেকে যায়।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কিস্তের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এই রায়কে নারীর প্রতি সহিংসতা হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, ওই নারীকে শাস্তি দেওয়ার পরিবর্তে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত ছিল।
তিনি বলেন, সৌদি আরবের কথিত সংস্কার কার্যক্রমের সঙ্গে এ ধরনের রায়ের বড় ধরনের বৈপরীত্য রয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে আধুনিক ও নারীবান্ধব রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। অথচ দেশটির আদালত একজন মাকে ১০০ বেত্রাঘাতের সাজা দিচ্ছে।
রায় ঘোষণার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এসথার ওয়ানজা মুথোনি বলেন, ১০০ বেত্রাঘাত সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি আতঙ্কিত। তাঁর কথায়, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’
২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাতের প্রচলন বন্ধের সংস্কার ঘোষণা করেছিল। তবে মানবাধিকার সংগঠন আল-কিস্তের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, ওই সংস্কার মূলত ‘তা’জির’ শ্রেণির অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। এসব অপরাধে বিচারক নিজের বিবেচনায় শাস্তি নির্ধারণ করতে পারেন।
অন্যদিকে, ইসলামী আইনের ‘হুদুদ’ শ্রেণির কিছু অপরাধের ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বহাল থাকার কথা জানিয়েছিল সংগঠনটি। এর মধ্যে ব্যভিচার ও মদ্যপানের মতো অপরাধ অন্তর্ভুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে কর্মরত কেনীয় নারী অভিবাসীদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা।
একাতেরিনা পোরাস সিভোলোবোভার অভিযোগ, সৌদি আরবে বিপদে পড়া কেনীয় মায়েদের সহায়তা করতে গিয়ে তিনি কেনিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাননি।
এর আগে ২০২৪ সালে দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে সৌদি আরবে অবস্থানরত কয়েকজন কেনীয় অবিবাহিত মায়ের দুর্দশার চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে গ্রেপ্তারের আশঙ্কায় অনেক সন্তানের বাবা দেশ ছেড়ে পালিয়ে যান। ফলে সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন মায়েরা।
এদিকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিম আলসালেমের সৌদি আরব সফরও স্থগিত করা হয়েছে। গত সপ্তাহে তাঁর নির্ধারিত সফর পিছিয়ে দেওয়া হয়।
আলসালেম জানান, সফরের সময় কয়েকটি নির্দিষ্ট ঘটনা নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা ছিল তাঁর। দ্রুত সফরের আয়োজন সম্ভব না হলে জাতিসংঘের বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের প্রচলিত কূটনৈতিক ও আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিষয়গুলো উত্থাপন করবেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য নিউইয়র্ক টাইমস ও মানবাধিকার সংগঠন আল-কিস্তের প্রতিবেদন।
আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি