বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দক্ষিণ ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কথিত আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল পাচার বন্ধ করতে এই হামলা একটি ‘কঠোর সতর্কবার্তা’। এ ধরনের কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সীমাহীনভাবে পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, সংস্থাটির অ্যারোস্পেস ফোর্স ওই রাডার স্থাপনাটিতে হামলা চালিয়ে ‘ধ্বংস করেছে’। তবে হামলার বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের গোলাবর্ষণে’ হামলা হয়েছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, উপসাগরীয় কোনো দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি গত সেপ্টেম্বরের শুরুর পর এবারই প্রথম করল ইরান।

ইসরায়েলের প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি আরও জোরদার করতে দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কানও এ খবর প্রকাশ করেছে।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধ শুরু করে, তাহলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত যেসব সামরিক ঘাঁটি এতে জড়িত থাকবে, সেগুলো সবই ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তিনি আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্য, ইরানের ওপর অর্থনৈতিক চাপ যথেষ্ট কার্যকর হচ্ছে। তাই বড় পরিসরে সামরিক অভিযান আবার শুরু করার প্রয়োজন নেই।

বুধবার আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধের আগের অবস্থায় আর কখনো ফিরবে না হরমুজ প্রণালি। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।

এদিকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা