ইরান যুদ্ধ ও নৌ অবরোধের সময় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস মাইকেল মারফির কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। গত ২৭ সেপ্টেম্বর গোপনে তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে ইউএস নেভি ইনস্টিটিউটের (ইউএসএনআই) সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, কমান্ডার ক্যাটলিন কানিংহামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে ‘আস্থার ঘাটতির’ কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি বাহিনীর একজন মুখপাত্র।
মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরির নেতৃত্বাধীন যুদ্ধজাহাজের বহর গত আগস্টে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার পরও ইউএসএস মাইকেল মারফি সেখানে অবস্থান করছিল। পরে অক্টোবরের মাঝামাঝি সময়ে যুদ্ধজাহাজটি মধ্যপ্রাচ্য ত্যাগ করে।
ইউএসএনআই নিউজের তথ্য অনুযায়ী, ৩৪৬ দিন মোতায়েন থাকার পর চলতি সপ্তাহে যুদ্ধজাহাজটির পার্ল হারবারে ফিরে আসার কথা রয়েছে।
সূত্র: আল-জাজিরা