যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র : আইআরজিসি উপদেষ্টা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ এএম

ইরানের সামরিক সক্ষমতা বেড়ে যাওয়ায় দেশটি থেকে অনেক দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোও এখন ইরানি বাহিনীর অস্ত্রের আওতায় এসেছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ উপদেষ্টা।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

আইআরজিসির ইমাম আলী নিরাপত্তা সদর দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা জামাল শাকারামি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর জন্য এখন যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি আঘাত হানার উপযোগী লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’

তিনি দাবি করেন, নতুন করে উদ্ভাবিত সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানার ক্ষেত্রে ইরানের সক্ষমতা বাড়িয়েছে।

শাকারামির ভাষ্য, ইরানের হামলার মুখে মার্কিন বাহিনীকে দেশটির সীমান্ত থেকে আরও দূরে সরে যেতে হয়েছে। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৬টি সামরিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাইয়ের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও কঠোর মন্তব্য করেন আইআরজিসির এই উপদেষ্টা। তাঁর দাবি, সেখানে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ রয়েছে।

ইরানের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে তেহরানের সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

এমএজেড
আরও পড়ুন