সেই নারী চীনা গুপ্তচর কি না, নিশ্চিত নন মার্কিন গোয়েন্দারা

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকা চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এ বিষয়ে এখন পর্যন্ত সংগৃহীত গোয়েন্দা তথ্য তাঁকে চীনের হয়ে কাজ করা গুপ্তচর হিসেবে চিহ্নিত করার জন্য যথেষ্ট নয় বলে একাধিক সূত্র জানিয়েছে।

তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনা সরকারের সম্পর্ক এবং তাঁর মাধ্যমে এনভিডিয়ার তথ্য বেইজিংয়ের কাছে পৌঁছেছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই) কয়েকজন কর্মকর্তা মনে করেন, তাঁকে সরাসরি চীনা গুপ্তচর হিসেবে আখ্যায়িত করা এখনই যথাযথ নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) অ্যালিসকে নিয়োগ দিয়ে জেনসেন হুয়াংয়ের ওপর নজরদারি করিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। চীনের এই সংস্থাটি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে।

অন্তত এক বছর ধরে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্ক নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তবে বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, অ্যালিস হুয়াং আসলে কে বা তিনি গুপ্তচর কি না, সে বিষয়ে এখনো বিচার বিভাগ, তিনি নিজে কিংবা এফবিআই পরিচালক কাশ প্যাটেল কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, অ্যালিস হুয়াং গুপ্তচর ছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, যদি অ্যালিস গুপ্তচর হয়ে থাকেন, তাহলে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের সিদ্ধান্ত যথাযথ। আর তা না হলে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা যেতে পারে।

সিএনএনকে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অ্যালিসকে চীনা গুপ্তচর হিসেবে চিহ্নিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যেও মতভেদ রয়েছে। তাঁদের কেউ কেউ মনে করেন, চীনের একজন সফল ব্যবসায়ী হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ থাকাটাই নিরাপত্তাঝুঁকির কারণ হতে পারে।

চীনের জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, দেশটির নাগরিকদের চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে গোয়েন্দা তথ্য সংগ্রহে বাধ্য করা যেতে পারে। অ্যালিস এখন পর্যন্ত তথ্য সরবরাহ না করলেও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি পাল্টা গোয়েন্দা তৎপরতার ঝুঁকি তৈরি করেছেন বলে মনে করেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। তাঁদের যুক্তি, জেনসেন হুয়াংয়ের মাধ্যমে এমনকি ট্রাম্পের কাছেও পরোক্ষভাবে পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে।

তবে অন্য কর্মকর্তাদের মতে, অ্যালিসের সঙ্গে চীনা সরকারের সম্পর্ক নিয়ে অতিরিক্ত মনোযোগের কারণে আরও বড় একটি প্রশ্ন আড়ালে পড়ে যাচ্ছে। সেটি হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ উন্নত প্রযুক্তির চিপ চীনে পাচার ঠেকাতে মার্কিন সরকার কেন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।

চিপ পাচারের তদন্ত ও নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন

সিঙ্গাপুরভিত্তিক অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়ার চিপের বড় ক্রেতা। ২০২৪ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করে মার্কিন বিচার বিভাগ ও বাণিজ্য বিভাগ। চীনে নিষিদ্ধ এনভিডিয়ার উন্নত চিপ পাচারে বিদেশি বিভিন্ন ভুয়া বা নামসর্বস্ব প্রতিষ্ঠানের নেটওয়ার্ক জড়িত কি না, তা নিয়ে বৃহত্তর তদন্তের অংশ ছিল এটি।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, তদন্ত চলার সময় মেগাস্পিডকে কেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ‘এন্টিটি লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়নি, তা নিয়ে এখন হোয়াইট হাউসের ভেতরে প্রশ্ন উঠেছে। জাতীয় নিরাপত্তা বা পররাষ্ট্রনীতির জন্য ঝুঁকিপূর্ণ বিবেচিত প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য সীমিত করতে এই তালিকা ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

সাবেক এক মার্কিন বাণিজ্য বিভাগের কর্মকর্তা সিএনএনকে বলেন, এ ধরনের ফলাফল অর্জনের জন্য কোনো গোয়েন্দা অভিযান চালানোর প্রয়োজন ছিল না। তাঁর মতে, জেনসেন হুয়াং প্রকাশ্যেই চীনের কাছে আরও বেশি চিপ বিক্রির পক্ষে কথা বলেছেন। ফলে মেগাস্পিডের মাধ্যমে চীনে চিপ চলে যাওয়ার সম্ভাবনা এমন একটি ক্ষেত্র, যেখানে চীনের স্বার্থ ও এনভিডিয়ার ব্যবসায়িক স্বার্থের মধ্যে মিল ছিল। এ ক্ষেত্রে আগে থেকেই একটি নিয়ন্ত্রণগত ফাঁকও ছিল বলে মন্তব্য করেন তিনি।

বুধবার এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান জেনসেন হুয়াং। চীনের সম্ভাব্য গোয়েন্দা সহযোগী হিসেবে সন্দেহভাজন অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কয়েক দিন ধরে সংবাদ প্রকাশের পর এ সিদ্ধান্ত আসে। বুধবার রাতেই এনভিডিয়ার এক অধস্তন কর্মীর সঙ্গেও জেনসেন হুয়াংয়ের আলাদা সম্পর্কের খবর প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জিম হাইমস বৃহস্পতিবার পলিটিকোকে বলেন, চলতি সপ্তাহের শুরুতে জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে গোপন ব্রিফিং নেওয়ার পরও জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা সরকারের সম্পর্কের প্রকৃতি সম্পর্কে তিনি নিশ্চিত হতে পারেননি। তাঁর প্রশ্ন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনের সম্পর্ক কী এবং তাঁদের মধ্যে কী ধরনের প্রভাব বা তথ্য আদান-প্রদান হয়েছে—তা এখনো তাঁর কাছে স্পষ্ট নয়।

রুবিওর সতর্কবার্তা ও এফবিআইয়ের তদন্ত

গত বছর মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা প্রথম জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের কথা জানতে পারেন। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা শুরু করেন। তাঁদের কেউ কেউ সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে সতর্কও করেন।

একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও গত বসন্তে এ বিষয়ে একটি স্মারকলিপিতে সতর্কবার্তা দিয়েছিলেন। তবে অ্যালিস চীনা সরকারের কাছে কতটা তথ্য সরবরাহ করেছেন বা আদৌ করেছেন কি না, সে বিষয়ে স্মারকলিপিতে কতটা বিস্তারিত তথ্য ছিল, তা স্পষ্ট নয়।

গত মে মাসে চীন সফরের পথে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পকে জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক সম্পর্কে অবহিত করেন রুবিও। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, আলাস্কায় সফরের শেষ পর্বে ট্রাম্পের সঙ্গে যোগ দেওয়ার আগেই ওই ব্রিফিং দেওয়া হয়েছিল।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনো নিজ নিজ পর্যায়ে সংগৃহীত তথ্য পর্যালোচনা করছে। তদন্ত সম্পর্কে অবগত এক ব্যক্তি সিএনএনকে জানান, একটি যোগাযোগের তথ্য বিশেষভাবে উদ্বেগ তৈরি করেছে। এতে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, জেনসেন হুয়াং ও এনভিডিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে—এমন কেউ চীনা গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছানো তথ্যের উৎস হতে পারেন।

এফবিআই গত বছর আইনপ্রণেতাদের জানিয়েছিল, অ্যালিস হুয়াংয়ের পেশাগত জীবনে আকস্মিক পরিবর্তন তাদের বিশেষভাবে সন্দেহের মধ্যে ফেলেছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকতা থেকে হঠাৎ ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। এরপর চীনের অর্থনীতিতে অস্বাভাবিক পরিমাণে কেনাকাটার সক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী হয়ে ওঠেন। তৎকালীন এনভিডিয়া প্রধানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও এফবিআইয়ের সন্দেহ বাড়িয়েছে। এ বিষয়ে পাল্টা গোয়েন্দা তদন্ত এখনো চলছে।

চীনা নাগরিকদের নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর ভিন্নমত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ থাকা চীনা নাগরিকদের সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা তৎপরতার যোগসূত্র নিশ্চিত করা মার্কিন পাল্টা গোয়েন্দা কর্মকর্তাদের জন্য দীর্ঘদিনের চ্যালেঞ্জ। চীনের ভেতরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা কঠিন। পাশাপাশি বিদেশে কাজ করার ক্ষেত্রে দেশটির নাগরিকদের রাষ্ট্রীয় স্বার্থে কাজে লাগানোর প্রবণতা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ।

একজন সাবেক জ্যেষ্ঠ পাল্টা গোয়েন্দা কর্মকর্তা বলেন, অনেক সময় চীনা নাগরিক হওয়ার কারণেই কাউকে সন্দেহের চোখে দেখা হয়। তাঁর ভাষায়, অনেকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি আসলে শুধু তাঁদের চীনা পরিচয়।

তবে যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের কমিশনার জশুয়া হজেসের মতে, চীন সচেতন ও অসচেতন—উভয়ভাবেই মানুষকে কাজে লাগাতে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, সাধারণত একপর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বুঝতে পারেন, তাঁরা কার হয়ে কাজ করছেন এবং তাঁদের কাজের উদ্দেশ্য কী।

ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করা হজেস জেনসেন হুয়াংয়ের অতীতের একটি বক্তব্যেরও সমালোচনা করেন। হুয়াং একসময় ‘চীনবিরোধী কঠোর অবস্থানপন্থী’ বা ‘চায়না হক’ শব্দবন্ধকে ‘লজ্জার পদক’ হিসেবে অভিহিত করেছিলেন।

হজেসের মতে, এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য হলো, মানুষ যেন বিষয়টি নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠানের প্রধান যখন কোনো বিষয়ে কথা বলার জন্য মানুষকে আক্রমণ করেন, তখন তাতে একটি দেশেরই স্বার্থ রক্ষা হয়।

সূত্র: সিএনএন