প্রেমের ফাঁদে গোপন তথ্য চুরি: গুপ্তচরবৃত্তিতে হানি ট্র্যাপের দীর্ঘ ইতিহাস

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম

‘হানিট্র্যাপ’ বা প্রেমের ফাঁদের কথা শুনলে অনেকেরই মনে পড়তে পারে জেমস বন্ডের সিনেমার দৃশ্য। রহস্যময় কোনো নারী বা পুরুষ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে প্রতিপক্ষের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছেন—এমন কাহিনি। তবে এটি কেবল সিনেমার গল্প নয়। গুপ্তচরবৃত্তির জগতে দীর্ঘদিন ধরে এ কৌশল ব্যবহৃত হয়ে আসছে। এর ফাঁদে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য পরিণতি কখনো কখনো ভয়াবহ হতে পারে।

এবার এমন পরিস্থিতির মুখে পড়েছেন বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এক সপ্তাহ ধরে নানা বিতর্ক ও অস্থিরতার পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন। শুরুতে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এক নারীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ওই নারী চীনা সরকারের কাছে তথ্য সরবরাহ করতেন।

তবে এ ঘটনা নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। অ্যালিস হুয়াং (জেনসেন হুয়াংয়ের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই) কীভাবে বা কখন চীনা গোয়েন্দাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, কিংবা তাঁর মাধ্যমে কোনো তথ্য ফাঁস হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। চীন অবশ্য দেশটির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন জল্পনা বলে প্রত্যাখ্যান করেছে।

এনভিডিয়া ও জেনসেন হুয়াংয়ের বাইরেও এ ঘটনার প্রভাব রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ব্যবসায়িক গোয়েন্দা তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি রিস্কসের প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশ বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির কথিত একজন এজেন্টের সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠা তাঁর বিচারবুদ্ধি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

তাঁর ভাষ্য, ওই নারীর কাছে জেনসেন হুয়াং কোনো গুরুত্বপূর্ণ তথ্য আদৌ দিয়েছেন কি না, তা নিশ্চিত নয়। কিন্তু এমন সম্পর্কের অস্তিত্বই নিজেই একটি সমস্যা।

অতীতে অনেক পরিচিত ও প্রভাবশালী ব্যক্তি এ ধরনের প্রেমের ফাঁদে পড়েছেন। স্টোন ফিশের মতে, গুপ্তচরবৃত্তিতে হানিট্র্যাপ সবচেয়ে পুরোনো কৌশলগুলোর একটি। বিশেষ করে চীন ও রাশিয়ার গোয়েন্দারা এখনো ব্যাপকভাবে এটি ব্যবহার করে থাকেন।

কীভাবে পাতা হয় প্রেমের ফাঁদ

সাবেক সিআইএ কর্মকর্তা জন সাইফার বলেন, প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থাই এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে, যাঁদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। তবে কর্তৃত্ববাদী দেশগুলোর সরকার যৌনতা ও প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে কাউকে গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে তুলনামূলক বেশি চাপ প্রয়োগ করতে পারে।

তাঁর মতে, চীন, রাশিয়া ও এ ধরনের অন্য দেশের গোয়েন্দারা নানা ধরনের প্রলোভন ও চাপ ব্যবহার করতে পারে। কাউকে দেশে ফিরতে না দেওয়া কিংবা পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়ার ভয় দেখিয়েও তথ্য সংগ্রহে বাধ্য করা হতে পারে।

হানিট্র্যাপ পাতার একাধিক পদ্ধতি রয়েছে। এর একটি হলো, কাউকে এমন কোনো পরিস্থিতিতে ফেলা, যা পরে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা যায়। এরপর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেল বা হুমকি দেওয়া হয়।

জেমসটাউন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পিটার ম্যাটিসের উদাহরণ অনুযায়ী, কেউ যদি পতিতালয়ে যান বা যৌনকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ান, তাহলে গোয়েন্দা সংস্থা সেই তথ্যকে কাজে লাগিয়ে তাঁকে গ্রেপ্তারের ভয় দেখাতে পারে। বিনিময়ে গোয়েন্দাদের সহযোগিতা করার প্রস্তাব দেওয়া হতে পারে।

সিনেমা বা সংবাদমাধ্যমে যে ধরনের হানিট্র্যাপ বেশি দেখানো হয়, বাস্তবে তা তুলনামূলক কম ঘটে। এ পদ্ধতিতে কোনো প্রশিক্ষিত বিদেশি এজেন্ট শুরু থেকেই নির্দিষ্ট ব্যক্তির কাছে গিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং তাঁর কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।

এর একটি উদাহরণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক নারী এজেন্ট। ‘সিন্ডি’ ছদ্মনামে তিনি নিজেকে মার্কিন পর্যটক পরিচয় দিয়ে ইসরায়েলের সাবেক পারমাণবিক প্রযুক্তিবিদ মর্দখাই ভানুনুর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে তাঁকে অপহরণ করা হয়। ভানুনু এর আগে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক কর্মসূচি নিয়ে গোপন তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছিলেন।

তবে বাস্তবে বেশি দেখা যায় অন্য ধরনের ঘটনা। কোনো নারী বা পুরুষ স্বাভাবিকভাবেই এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়ান, যিনি কোনো গোয়েন্দা সংস্থার আগ্রহের কেন্দ্রে রয়েছেন। পরে গোয়েন্দা সংস্থা ওই সম্পর্কের বিষয়ে জানতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রলোভন বা চাপের মাধ্যমে নিয়োগ করে। এরপর তাঁর কাছ থেকে লক্ষ্যবস্তু ব্যক্তির তথ্য সংগ্রহ করা হয়।

গোপন প্রেম, ছদ্মপরিচয় ও গুপ্তচরবৃত্তি

প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে তথ্য সংগ্রহের কৌশল বহু পুরোনো। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি সুদর্শন ও আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ হিসেবে ব্যবহার করত। পশ্চিম জার্মানির নারী কর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাঁদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করাই ছিল এসব এজেন্টের উদ্দেশ্য।

সাবেক সিআইএ কর্মকর্তা জন সাইফারের ভাষ্য অনুযায়ী, স্নায়ুযুদ্ধের সময় রাশিয়াও নিয়মিত এ কৌশল ব্যবহার করত। পশ্চিমা কূটনীতিক ও সাংবাদিকদের হোটেলকক্ষে নারী-পুরুষ এজেন্ট পাঠানো হতো।

১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত চলা একটি আলোচিত ঘটনায় বেইজিংয়ে নিযুক্ত ফরাসি কূটনীতিক বার্নার্ড বুরসিকোকে এক পুরুষ পিকিং অপেরা শিল্পী নিজের নারী পরিচয় দিয়ে বিশ্বাস করান। ওই শিল্পীর নাম শি পেই পু। তাঁদের মধ্যে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই দশক ধরে নিজের পরিচয় গোপন রাখতে সক্ষম হন শি। এমনকি বুরসিকোর সন্তান জন্ম দেওয়ার দাবিও করেন তিনি।

নিউইয়র্ক টাইমসের পুরোনো নথিভিত্তিক প্রতিবেদন অনুযায়ী, ওই শিশুটি আসলে চীনের উইঘুর সম্প্রদায়ের ছিল। দরিদ্র মা তাকে বিক্রি করে দিয়েছিলেন।

একপর্যায়ে চীনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বুরসিকোর সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, শির সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে হলে তাঁকে ফরাসি দূতাবাসের তথ্য সরবরাহ করতে হবে। শির নিরাপত্তার কথা ভেবে বুরসিকো এতে রাজি হন। এরপর বছরের পর বছর তিনি দূতাবাসের নথি ও তথ্য সরবরাহ করেন।

পরে বুরসিকো শি ও শিশুটিকে ফ্রান্সে নিয়ে যেতে সক্ষম হন। সেখানে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের ক্ষমা করা হয়। এ সময় শির প্রকৃত লিঙ্গপরিচয় প্রকাশ পেলে বুরসিকো চরমভাবে মর্মাহত হন।

২০০০-এর দশকের শুরুর দিকে আরেকটি আলোচিত ঘটনা সামনে আসে। চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক ক্যাটরিনা লেউংকে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির জন্য অর্থ দিত এফবিআই। কিন্তু বাস্তবে তিনি দ্বৈত এজেন্ট হিসেবে বেইজিংয়ের কাছে গোপন তথ্য সরবরাহ করছিলেন। একই সঙ্গে এফবিআইয়ের দুজন কর্মকর্তার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের একজন দীর্ঘদিন ধরে তাঁর দায়িত্বে থাকা কর্মকর্তা ছিলেন।

২০০৩ সালে লেউং ও ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। পরে সমঝোতার ভিত্তিতে লেউংকে সর্বোচ্চ তিন মাস কারাগারে থাকতে হয়েছিল।

সাইফার বলেন, চীনা গোয়েন্দারা প্রায় সবার কাছেই পৌঁছানোর চেষ্টা করে। অস্ট্রেলীয়, ভিয়েতনামি ও সিঙ্গাপুরের নাগরিকদেরও লক্ষ্যবস্তু করা হয়। কমিউনিস্ট পার্টি যে বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করে, সে বিষয়ে তথ্য পেতে নানা উপায় খোঁজা হয়।

স্টোন ফিশের মতে, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের ব্যক্তিদের ক্ষেত্রেও একই ধরনের কৌশল ব্যবহারের আশঙ্কা রয়েছে। এমনকি করপোরেট গুপ্তচরবৃত্তিতে চীনা প্রতিষ্ঠানগুলো নিজেদের দেশের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও হানিট্র্যাপ ব্যবহার করতে পারে।

অন্যদিকে, নিজেদের নাগরিকদেরও বিদেশি গুপ্তচরদের প্রেমের ফাঁদ সম্পর্কে সতর্ক করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় ২০২৪ সালে জানায়, অনলাইন প্রেম ও ডেটিংকে প্রবেশপথ হিসেবে ব্যবহার করে বিদেশি গুপ্তচরবৃত্তির ঘটনা শনাক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়, বিদেশি এজেন্টরা নিজেদের পরিচয় গোপন রেখে পরিকল্পিতভাবে আকস্মিক পরিচয়ের পরিস্থিতি তৈরি করে। এরপর প্রেমের ফাঁদে ফেলে চীনের ভেতরে থাকা ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করে এবং রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি করে জাতীয় নিরাপত্তা বিপন্ন করে।

এনভিডিয়া ঘটনায় কী ঝুঁকি রয়েছে

সাবেক সিআইএ কর্মকর্তা সাইফারের ধারণা, হানিট্র্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা ১০ শতাংশ ক্ষেত্রে সফল হয়। তবে গুপ্তচরবৃত্তিতে অল্প কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারলেই বড় সাফল্য পাওয়া সম্ভব। তাঁর মতে, এক হাজার চেষ্টার মধ্যে মাত্র একটি সফল হলেও লক্ষ্যবস্তু ব্যক্তি গুরুত্বপূর্ণ গোপন তথ্যের নাগাল পেলে সেটি বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে।

বর্তমান ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত পরিস্থিতিতে গোপন তথ্যের গুরুত্ব অনেক বেড়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে পরিণত হয়েছে।

পিটার ম্যাটিস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণা, সামাজিক নিয়ন্ত্রণ এবং সামরিক লক্ষ্য নির্ধারণসহ নানা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তাই এ খাতের প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে প্রধান নির্বাহী পর্যায়ের ব্যক্তিরা গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হতে পারেন।

স্টোন ফিশের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টানাপোড়েনের কারণে এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি দুই দেশের পারস্পরিক অবিশ্বাস আরও বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে জেনসেন হুয়াংকে লক্ষ্যবস্তু করার অভিযোগটি প্রকাশ্য গুপ্তচরবৃত্তির একটি স্পষ্ট উদাহরণ। অন্যদিকে, চীনও আশঙ্কা করতে পারে যে এআই খাতের প্রভাবশালী প্রতিষ্ঠান এনভিডিয়া বেইজিংয়ের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে।

তবে স্টোন ফিশ ও ম্যাটিস দুজনই মনে করেন, মানুষ হিসেবে প্রত্যেকেরই ব্যক্তিগত, পেশাগত কিংবা বন্ধুত্বের সম্পর্ক থাকে। এসব সম্পর্ককে কাজে লাগিয়ে যে কাউকে লক্ষ্যবস্তু করা সম্ভব। এ ধরনের ঝুঁকি থেকে পুরোপুরি দূরে থাকার একমাত্র উপায় হলো সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা। তাই ব্যক্তি ও প্রতিষ্ঠান—উভয়েরই সতর্ক থাকা জরুরি।

ম্যাটিসের পরামর্শ, প্রত্যেকেরই মনে রাখা উচিত, তাঁরা গুপ্তচরদের লক্ষ্যবস্তু হতে পারেন। তাই কোনো বিষয়ে বোকামি না করে প্রশ্ন করতে হবে এবং সতর্ক থাকতে হবে।

সূত্র: সিএনএন

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত