হানিট্রাপে জড়িয়ে পাকিস্তানি গুপ্তচরের কাছে সামরিক তথ্য পাচার!

হানিট্রাপে জড়িয়ে পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের কাছে দেশের অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি আদালতে জমা দেওয়া পুলিশের চার্জশিটে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দীর্ঘ পাঁচ মাসের তদন্ত শেষে এই অভিযোগপত্র দাখিল করা হয়।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে শত্রুর হাতে যুদ্ধের পরিকল্পনা ও ড্রোনের গোপন নথিপত্র তুলে দেওয়া হয়েছিল। এর ফলে দেশের জাতীয় নিরাপত্তা এক বড় ঝুঁকির মুখে পড়েছে।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত ওই কর্মকর্তা নিয়মিত যোগাযোগ রাখেন। একটি ভুয়া প্রোফাইল থেকে আসা নগ্ন ছবির বিনিময়ে তিনি এই গোপন তথ্যগুলো শেয়ার করেন।

শুধু যুদ্ধ পরিকল্পনা নয়, গোপন ড্রোন ইউনিটের শক্তি ও সক্ষমতার বিবরণও পাচার করা হয়েছে। এমনকি শত্রুর পাঠানো ম্যালওয়্যারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যও হাতানো হয়েছিল।

পরিস্থিতি আরও জটিল করে তুলতে তিনি অধীনস্থ পাঁচ সহকর্মীর ডিভাইসেও স্পাইওয়্যার ইনস্টল করেন। এই মারাত্মক কর্মকাণ্ড পুরো সামরিক ইউনিটের নিরাপত্তাকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: দ্য কুইন্ট