খনিজ সম্পদে বিদেশি বিনিয়োগ চায় পাকিস্তান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

খনিজ সম্পদে দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে পাকিস্তানকে আন্তর্জাতিক বিনিয়োগের প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে গড়ে তুলতে চায় দেশটির সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে খনি খাতের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও শিল্পায়ন পর্যন্ত নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

শুক্রবার ইসলামাবাদে আয়োজিত পাকিস্তান মিনারেলস ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি, বিনিয়োগকারী ও প্রদর্শকরা অংশ নিয়েছেন।

দুই দিনব্যাপী এই সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়। এতে পাকিস্তানের কয়লা, লবণ, সোনা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে স্থিতিশীল বিনিয়োগনীতি, প্রাতিষ্ঠানিক সহায়তা ও নিরাপত্তার নিশ্চয়তাও দিচ্ছে ইসলামাবাদ।

আসিম মুনির বলেন, খনি খাতের সঙ্গে সংশ্লিষ্ট পুরো ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। খনি, খনিশ্রমিক, বিনিয়োগ, শিল্পপ্রতিষ্ঠান, প্রকল্প এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হবে।

তিনি বলেন, পাকিস্তানের খনিজ সম্পদ কাজে লাগানো শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি একটি জাতীয় লক্ষ্য। তবে কেবল কাঁচা খনিজ রপ্তানি করে এই সম্পদের পূর্ণ সুবিধা পাওয়া সম্ভব নয়। পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প গড়ে তুলে পুরো মূল্য সংযোজন প্রক্রিয়ায় যুক্ত হতে চায় পাকিস্তান।

দেশটির লক্ষ্য এমন দীর্ঘমেয়াদি অংশীদারত্ব তৈরি করা, যা পাকিস্তান ও বিদেশি বিনিয়োগকারী-উভয়ের জন্য টেকসই অর্থনৈতিক সুফল বয়ে আনবে। খনিজসমৃদ্ধ অঞ্চলের স্থানীয় বাসিন্দারাও যেন উন্নয়নের বাস্তব সুফল পান, সেই বিষয়েও জোর দেন তিনি।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে পাকিস্তান।

তিনি গোল্ডম্যান স্যাকসের একটি পূর্বাভাসের কথা উল্লেখ করেন। ওই পূর্বাভাসে ২০৭৫ সালের মধ্যে পাকিস্তান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছিল। শাহবাজ শরিফ বলেন, তাঁর প্রত্যাশা, ২০৭৫ সালের পরিবর্তে ২০৫০ সালের আগেই সেই অবস্থানে পৌঁছাবে পাকিস্তান।

কৌশলগত খনিজ অনুসন্ধানে বাড়তি গুরুত্ব

ফোরামে বক্তব্য দেন পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিকও। তিনি জানান, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ এমন কৌশলগত খনিজ অনুসন্ধানে এখন বেশি গুরুত্ব দিচ্ছে পাকিস্তান।

এ জন্য আধুনিক ভূ-রাসায়নিক ও ভূ-পদার্থবিজ্ঞানভিত্তিক জরিপ, অনুসন্ধানমূলক খনন এবং উন্নত প্রযুক্তিসম্পন্ন গবেষণাগার গড়ে তোলার কাজ চলছে।

মন্ত্রী বলেন, বেলুচিস্তানের চাগাই ও পশ্চিমাঞ্চলে তামা ও সোনার অনুসন্ধান চলছে। অন্যদিকে গিলগিট-বালতিস্তানে লিথিয়াম, টিন ও টাংস্টেন এবং খাইবার পাখতুনখাওয়ায় অ্যান্টিমনি ও বিভিন্ন বেস মেটালের অনুসন্ধানেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে পাকিস্তান কাঁচা আকরিক রপ্তানি করে আসছে। অথচ নিজেদের চাহিদা মেটাতে প্রক্রিয়াজাত পণ্য আমদানি করতে হচ্ছে। এই নির্ভরতা কমাতে তামা গলানোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এতে খনি থেকে চূড়ান্ত ধাতব পণ্য উৎপাদন পর্যন্ত বেশি অর্থনৈতিক মূল্য দেশের ভেতরেই রাখা সম্ভব হবে।

খনিজ খাতের বৈজ্ঞানিক ভিত্তি শক্তিশালী করতে পাকিস্তান জিওলজিক্যাল সার্ভের কার্যক্রমও বাড়ানো হচ্ছে। সরকারের দ্রুতগতির ভূতাত্ত্বিক মানচিত্র তৈরির কর্মসূচির আওতায় ১:৫০,০০০ স্কেলে বিস্তারিত জরিপ পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন খনিজ সম্পদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করা সহজ হবে বলে আশা করছে সরকার।

যুক্তরাজ্য-পাকিস্তান জিওসায়েন্স সক্ষমতা উন্নয়ন কর্মসূচিসহ আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ডিজিটাল ম্যাপিং, আকাশপথে জরিপ এবং খনিজ মূল্যায়নে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক দশকের পুরোনো ভূতাত্ত্বিক তথ্যও ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষণ করা হচ্ছে। এতে বিনিয়োগকারীরা নির্ভরযোগ্য তথ্য পাবেন এবং অনুসন্ধানের ঝুঁকি সম্পর্কে আগেই ধারণা নিতে পারবেন।

রেকো ডিকসহ অবকাঠামো উন্নয়নে নজর

পেট্রোলিয়ামমন্ত্রী বলেন, খনিজের সন্ধান পাওয়া কোনো প্রকল্পের শেষ ধাপ নয়, বরং শুরু। একটি খনিকে বাণিজ্যিকভাবে লাভজনক করতে বিদ্যুৎ, পানি, সড়ক, রেলপথ এবং আন্তর্জাতিক বাজারে পণ্য পরিবহনের সুবিধা প্রয়োজন।

এ কারণে খনিজ সম্পদ উন্নয়নের পরিকল্পনার সঙ্গে অবকাঠামো নির্মাণকেও যুক্ত করছে পাকিস্তান সরকার।

তিনি রোহরি-নোকুন্ডি রেলপথ করিডরের পরিকল্পিত উন্নয়ন, পোর্ট কাসিমের সঙ্গে যোগাযোগব্যবস্থা এবং রেকো ডিক প্রকল্পের আশপাশে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কথা উল্লেখ করেন। এসব উদ্যোগের মাধ্যমে খনিজসমৃদ্ধ অঞ্চলগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে চায় ইসলামাবাদ।

আলী পারভেজ মালিক বলেন, সরকারের লক্ষ্য শুধু বিচ্ছিন্ন কিছু খনি গড়ে তোলা নয়; বরং একটি সমন্বিত, প্রতিযোগিতামূলক ও টেকসই খনিজ শিল্প প্রতিষ্ঠা করা।

বাণিজ্যিক ও কারিগরিভাবে সম্ভব হলে খনিজ প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন, পরবর্তী শিল্প, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার সঙ্গে সংযুক্তির জন্য বিদেশি বিনিয়োগ চায় পাকিস্তান।

এই শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় জনশক্তির দক্ষতা বাড়ানো, কারিগরি প্রশিক্ষণ, প্রকৌশলসেবা এবং দেশীয় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রথমবারের মতো এই খাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও তুলে ধরেন মন্ত্রী।

তবে খনিজ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের আস্থা অর্জনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হিসেবে দেখছেন তিনি। তাঁর বক্তব্য, যেসব প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীর আস্থা অর্জন করতে পারে, সেগুলোই বাস্তবে সফলভাবে নির্মিত ও দীর্ঘমেয়াদে পরিচালিত হওয়ার সুযোগ পায়।

সূত্র: ডন

এটিটিআর
আরও পড়ুন
সর্বশেষপঠিত