আল-সাইয়িদের বিজয় : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ইহুদিদের দূরত্ব বাড়ার প্রমাণ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা আবদুল আল-সাইয়িদের বিজয় তেল আবিবের নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পক্ষে সরব থাকা এবং আলোচিত ভাষ্যকার হাসান পাইকারের সাথে প্রচারণা চালানো এই প্রার্থীর জয় ইসরায়েলি সমাজে নানা অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়েছে।

ইসরায়েলিদের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, কীভাবে খোদ আমেরিকান ইহুদিরাই এমন নেতাদের সমর্থন দিচ্ছেন যাদের নীতি ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। শুধু তাই নয়, নিজেদের এই রাজনৈতিক অবস্থানকে ন্যায্যতা দিতে তারা বারবার নিজেদের ইহুদি পরিচয়কেই সামনে নিয়ে আসছেন।

এই মতাদর্শগত পরিবর্তন কেবল মিশিগানের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই; নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মতো প্রগতিশীল নেতাদের প্রতি সমর্থনও একই ইঙ্গিত দেয়। চাক শুমার বা ব্র্যাড ল্যান্ডারের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের ক্ষেত্রেও এখন ঐতিহ্যগত ইসরায়েল-প্রীতির চেয়ে প্রগতিশীল রাজনৈতিক আদর্শই বেশি প্রাধান্য পাচ্ছে।

যেসব ইসরায়েলি নাগরিক একটি স্বাধীন ইহুদি রাষ্ট্রকেই নিজেদের অস্তিত্বের মূল ভিত্তি মনে করেন, তাদের চোখে এই প্রবণতা রীতিমতো বিশ্বাসঘাতকতা। তবে প্রগতিশীল আমেরিকান ইহুদিদের দৃষ্টিতে এতে কোনো স্ববিরোধিতা নেই, কারণ দুই দেশের ইহুদিরা এখন সম্পূর্ণ ভিন্ন দুটি কাঠামো থেকে নিজেদের পরিচয়কে সংজ্ঞায়িত করছেন।

ইসরায়েলিদের কাছে ইহুদি পরিচয় মানেই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আত্মনিয়ন্ত্রণাধিকার এবং শারীরিক নিরাপত্তা। ইরান, হামাস ও হিজবুল্লাহর মতো প্রতিপক্ষের নিত্যদিনের হুমকির মুখে শত শত বছরের অরক্ষিত ইতিহাস কাটিয়ে একটি শক্তিশালী রাষ্ট্রই তাদের কাছে টিকে থাকার একমাত্র রক্ষাকবচ।

বিপরীতে, প্রগতিশীল আমেরিকান ইহুদিদের কাছে তাদের পরিচয় একটি ভিন্ন রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকারে রূপ নিয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু সংকট, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বিরোধিতাই তাদের মূল আদর্শিক ভিত্তি।

এই প্রগতিশীল মানদণ্ডের বিচারেই তারা এখন ইসরায়েলকে মূল্যায়ন করেন এবং দেশটির প্রতি তাদের সমর্থন নির্ভর করে ইসরায়েলের উদারনৈতিক আচরণের ওপর। নিরাপত্তার সংজ্ঞাতেও দুই পক্ষের মধ্যে রয়েছে বিস্তর ফারাক; ইসরায়েলিরা যেখানে সামরিক শক্তিকেই নিরাপত্তার চাবিকাঠি মনে করে, মার্কিন ইহুদিরা সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে জোট বেঁধে বৈষম্য প্রতিরোধকেই আসল সুরক্ষা ভাবেন।

তবে জটিলতা প্রকট হয় তখনই, যখন সেই প্রগতিশীল জোটগুলোতে এমন সব গোষ্ঠী যুক্ত থাকে যারা প্রকাশ্যে ইসরায়েল কিংবা জায়নবাদের বিরোধিতা করে। মূল আদর্শিক ফাটলটি ঠিক এখানেই, কারণ ইসরায়েলিরা জায়নবাদকে তাদের বৈধ জাতীয়তাবাদী আন্দোলন হিসেবে দেখলেও মার্কিন বামপন্থীদের একাংশ একে 'শোষক বনাম শোষিতের' সমীকরণে বিচার করে।

এই দৃষ্টিভঙ্গির কারণেই ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত অবিচার এবং বর্ণবাদের অভিযোগগুলো এখন মার্কিন মূলধারার প্রগতিশীল আলোচনায় জায়গা করে নিয়েছে। ফলে ইসরায়েল বা জায়নবাদের বিরোধিতা করাকে অনেক মার্কিন ইহুদি এখন নিজেদের নৈতিক দায়িত্ব হিসেবেই উপস্থাপন করছেন।

এই গভীর বিভাজনের জন্য কেবল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এককভাবে দায়ী করা ভুল হবে। প্রগতিশীলরা নেতানিয়াহুকে ট্রাম্পের সমান্তরালে রেখে বিরোধিতা করলেও গাদি আইজেনকোট, নাফতালি বেনেট বা আভিগডোর লাইবারম্যানের মতো নেতারাও জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রায় একই অবস্থানে রয়েছেন।

তাই ইসরায়েলের ক্ষমতার পালাবদল বা নেতানিয়াহুর বিদায় এই অন্তর্নিহিত মতপার্থক্য রাতারাতি দূর করতে পারবে না। অন্যদিকে, মার্কিন দলীয় রাজনীতিতে ডেমোক্র্যাট সমর্থক ইহুদি ভোটারদের কাছে ইসরায়েল ইস্যুতে মতভেদ থাকার পরও রিপাবলিকান বা ট্রাম্পের বিরোধিতা করাই প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়ায়।

আমেরিকান ইহুদি সমাজে সাংস্কৃতিক রূপান্তর

আমেরিকান ইহুদি সমাজ যে পুরোপুরি একমুখী হয়ে গেছে তা নয়; এখনো বিশাল একটি অংশ ইসরায়েলের প্রতি অবিচল এবং জায়নবাদ-বিরোধিতার বিরুদ্ধে সক্রিয়। তবুও, ইসরায়েলের তীব্র সমালোচক প্রার্থীদের প্রতি প্রগতিশীল ইহুদিদের এই সমর্থন এমন এক সাংস্কৃতিক পরিবর্তনের বার্তা দিচ্ছে, যা তেল আবিবের পক্ষে আর উপেক্ষা করা সম্ভব নয়।

এর সুদূরপ্রসারী প্রভাবে মার্কিন ইহুদিদের একটি ক্রমবর্ধমান অংশের কাছে ইসরায়েল এখন আর পরিচয়ের অপরিহার্য অংশ নয়, বরং এক ধরনের নৈতিক দায়বদ্ধতায় পরিণত হচ্ছে। ইসরায়েলিদের বুঝতে হবে যে বিশ্বের বৃহত্তম এই দুই ইহুদি সম্প্রদায়ের মধ্যকার দূরত্ব নিছক সাময়িক রাজনীতি নয়, বরং এক গভীর আদর্শিক রূপান্তর—যার প্রতিফলন ঘটছে ব্যালট বক্সে।


সূত্র: দ্য জেরুজালেম পোস্ট