যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রে সব ফ্লাইট উড্ডয়ন স্থগিত

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ এএম

বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর মধ্যে আকস্মিক যোগাযোগ বিপর্যয়ের কারণে পুরো যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই জরুরি নির্দেশনা জারি করে।

হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে প্রায় সাত হাজার ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে বা বাতিল করা হয়েছে। সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রায় সব রানওয়েতেই উড়োজাহাজগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, বর্তমানে আকাশে থাকা বিমানগুলো নিরাপদে নিজ নিজ গন্তব্যে অবতরণ করতে পারবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বিমানবন্দর থেকেই নতুন কোনো ফ্লাইট আকাশে উড়তে পারবে না।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো এমন নজিরবিহীনভাবে সব ফ্লাইট বন্ধ করা হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও কারিগরি সমস্যার কারণে দুই ঘণ্টার কম সময়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল এফএএ।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় জটিলতা দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এফএএ-র প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন এবং পরিস্থিতির উন্নতি হলেই তা জানানো হবে।

এর ঠিক আগে একই কারণে শিকাগোতেও বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছিল নিয়ন্ত্রক সংস্থাটি। সে সময় আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছিল।

বিশ্লেষকদের মতে, পুরোনো যন্ত্রপাতি ও দক্ষ কর্মীর অভাবে যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে। পুরোনো অবকাঠামো সংস্কারে গত বছর মার্কিন কংগ্রেস ১ হাজার ২৫০ কোটি ডলার বরাদ্দ দিয়েছিল।

তবে পুরো ব্যবস্থাকে আধুনিকায়ন করতে শুক্রবার হোয়াইট হাউস ও এফএএ আইনপ্রণেতাদের কাছে আরও ৩ হাজার ১০ কোটি ডলারের নতুন তহবিল চেয়েছে।

সূত্র: রয়টার্স

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত