যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে হাজারো যাত্রী আটকে পড়ার ঘটনায় বাণিজ্যিক বিমান সংস্থাগুলো দায়ী নয়, বরং দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দায়ী বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাফি বলেন, দেশটির পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এফএএ বিমান সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
তিনি বলেন, ‘এটি বিমান সংস্থাগুলোর দোষ নয়।’ এফএএ ও বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার কারণে সমস্যা তৈরি হলে সেই দায় নিতে তিনি প্রস্তুত বলেও জানান।
পরিবহনমন্ত্রী জানান, পুরোনো টেলিযোগাযোগ সরঞ্জামের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় যোগাযোগব্যবস্থায় বারবার বিঘ্ন ঘটছিল। একই সঙ্গে রাডার ব্যবস্থাতেও সমস্যা দেখা দেয়। এসব ত্রুটির কারণেই দেশজুড়ে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সূত্র: আল-জাজিরা