যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের কারণে সৃষ্ট ব্যাপক বিঘ্ন কাটিয়ে থ্যাংকস গিভিংয়ের আগেই বিমান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। শুক্রবারের ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এবং চলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাফি বলেন, ফ্লাইট চলাচলের সক্ষমতা পুরোপুরি ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। শুক্রবারের বাতিল ও বিলম্বিত ফ্লাইটগুলোর কারণে যে জট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে বাড়তি উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, বাতিল ও বিঘ্নিত ফ্লাইটগুলোর ঘাটতি পূরণে সংশ্লিষ্টদের কাজ করতে হবে।
থ্যাংকস গিভিংয়ের ছুটিতে যাতায়াতে এ পরিস্থিতির প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে ডাফি বলেন, ছুটির সময় ভ্রমণের চাপ বাড়ার আগেই বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, আগামী শুক্রবার থেকে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছুটি কাটাতে নিজ নিজ বাড়িতে যাত্রা শুরু করবেন। এতে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহনে যাত্রীচাপ আরও বাড়বে। দেশটিতে থ্যাংকস গিভিংয়ের সময়টি বছরের ব্যস্ততম বিমান ভ্রমণের সময়গুলোর একটি।
যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলেছে, ফ্লাইট চলাচলে বিঘ্ন থাকার শঙ্কা