হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কুহেস্তাক উপকূলীয় এলাকায় উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে ইরানি নৌবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সিরিক উপকূলের কাছে দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় ড্রোনটিকে শনাক্ত ও অনুসরণ করা হয়। পরে কুহেস্তাক এলাকায় সেটিকে লক্ষ্য করে আঘাত হানা হলে ড্রোনটি ভূপাতিত হয়।
তবে ড্রোনটি কোন মিশনে ছিল, কোথা থেকে উড্ডয়ন করেছিল কিংবা এতে কোনো অস্ত্র ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরানি নৌবাহিনী। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কী এই এমকিউ-১ প্রিডেটর?
এমকিউ-১ প্রিডেটর যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিকস নির্মিত মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম চালকবিহীন আকাশযান। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক অভিযানে দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করেছে মার্কিন বিমানবাহিনী।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী তাদের এমকিউ-১ প্রিডেটর বহর অবসরে পাঠায়। এরপর এর পরিবর্তে আরও উন্নত এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার শুরু করে দেশটি।
আইআরএনএর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন বহরের উল্লেখযোগ্য ক্ষতি হওয়ায় ওয়াশিংটন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যেতে আবারও এমকিউ-১ ড্রোনের ওপর নির্ভর করছে।
তবে এমকিউ-১ ড্রোন ব্যবহারে যুক্তরাষ্ট্রের ফিরে আসার বিষয়ে প্রতিবেদনে স্বাধীন কোনো প্রমাণ দেওয়া হয়নি। একইভাবে ড্রোন ভূপাতিত হওয়ার দাবিও এখন পর্যন্ত ইরানি সামরিক সূত্রের বক্তব্যের ভিত্তিতে জানা গেছে।