যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্যে কোনো বক্তব্য না দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন। তবে সংকট মোকাবিলায় ট্রাম্প পুরোপুরি সক্রিয় ছিলেন বলে দাবি করেছেন তিনি। মুলিন জানিয়েছেন, পরিস্থিতি শুরুর পর থেকেই প্রেসিডেন্ট নিয়মিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের মতো গুরুত্বপূর্ণ ঘটনায় ট্রাম্পের কাছ থেকে কোনো বক্তব্য শোনা যাচ্ছে না কেন।
জবাবে মুলিন বলেন, প্রেসিডেন্টের যোগাযোগ ও বক্তব্যের বিষয়টি তিনি পরিচালনা করেন না। তবে সংকট শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে নিয়মিত তাঁকে অবহিত করা হয়েছে।
ট্রাম্পের ভূমিকার পক্ষে যুক্তি দিয়ে মুলিন বলেন, দেশের পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার আধুনিকায়নে জোর দিয়ে আসছেন প্রেসিডেন্ট। এ ব্যবস্থার সামগ্রিক সংস্কারের উদ্যোগও তিনি এগিয়ে নিচ্ছেন।
সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের বিষয়ে ট্রাম্পের কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি। তবে ওই দিন সন্ধ্যার আগে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সক্রিয় ছিলেন।
সূত্র: আল-জাজিরা