লাহিজে হুথিদের অভিযান: লক্ষ্য আদেন ও বাব আল-মান্দেব নিয়ন্ত্রণ

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথিদের সামরিক অভিযান বাব আল-মান্দেব প্রণালি পর্যন্ত বিস্তৃত উপকূলীয় সড়ক নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার আলী আল-ধাহাব।

আল-জাজিরাকে তিনি বলেন, লাহিজের আল-মাদারিবা ও রাস আল-আরা জেলায় লড়াইয়ের মূল কেন্দ্র। সেখানে কয়েক দিন ধরে হুথিদের হামলা প্রতিহত করার দাবি করছে সরকারি বাহিনী।

আল-ধাহাবের ভাষ্য অনুযায়ী, হুথিরা উপকূলীয় সড়কে পৌঁছাতে পারলে প্রণালির পূর্বদিকে অবস্থানরত সরকারি বাহিনীর সরবরাহ লাইন বিচ্ছিন্ন করতে পারবে। কারণ, বাব আল-মান্দেব প্রণালি এখনো হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।

এ ছাড়া ধুবাব এলাকায় সরকারি বাহিনীর পরিচালিত পাশ থেকে ঘিরে ফেলার অভিযান ব্যাহত করা এবং জাবাল কাহবুব পাহাড়ে অবস্থানরত সেনাদের সরিয়ে দেওয়াও হুথিদের অভিযানের লক্ষ্য বলে মনে করেন তিনি। ওই পাহাড়ি অবস্থান থেকে ধুবাব উপকূলে সরকারি বাহিনীকে সুরক্ষা দেওয়া হচ্ছে।

আল-ধাহাব বলেন, হুথিদের লক্ষ্য শুধু বাব আল-মান্দেব পর্যন্ত পৌঁছানো নয়। পরবর্তী লক্ষ্য হতে পারে আদেনের ভেতরে হামলা চালানোর অবস্থান তৈরি করা অথবা সেখানে অস্থিরতা সৃষ্টি করা। আদেন উপকূলীয় এই যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে।

তবে এখন পর্যন্ত হুথিরা এসব এলাকায় পৌঁছাতে পারেনি। বড় সামরিক ঘাঁটি খুরজ ক্যাম্পও তাদের নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।

হুথিরা একই সঙ্গে দুটি যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেন এই সামরিক বিশেষজ্ঞ। তাঁর ভাষায়, একটি হচ্ছে সরাসরি স্থলযুদ্ধ, অন্যটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের ব্যবহার করে পরিচালিত মনস্তাত্ত্বিক যুদ্ধ।