হুথিদের অস্ত্র তৈরির উপকরণে আরও নিষেধাজ্ঞা চায় যুক্তরাজ্য

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাজ্য।

ইয়েমেনের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ সর্বসম্মতিক্রমে বাড়ানোর পর যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ এ কথা বলেন। তিনি জানান, নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবের মাধ্যমে বিদ্যমান অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকরের ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ম্যাকিনটোশ বলেন, হুথিরা নিজেদের দেশে অস্ত্র তৈরির জন্য দ্বৈত ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ এবং অস্ত্র তৈরির প্রাথমিক রাসায়নিক পদার্থের ওপর নির্ভর করছে। এসব উপকরণের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রস্তাবে গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞার আওতায় কোন কোন দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে, তা নির্ধারণে আগামী কয়েক মাস নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে কাজ করতে যুক্তরাজ্য আগ্রহী।

এদিকে ইয়েমেনের অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ রাষ্ট্রদূত। তাঁর ভাষ্য, দেশটিতে ২ কোটি ২৩ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন। সাম্প্রতিক সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

হুথিদের হাতে আটক জাতিসংঘ, মানবিক সহায়তা সংস্থা, নাগরিক সমাজ ও কূটনৈতিক সংস্থার কর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বানও জানিয়েছেন ম্যাকিনটোশ। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত সংস্থাটির ৭০ জনের বেশি কর্মী হুথিদের হেফাজতে ছিলেন।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন