জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি বলেছেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনৈতিক সমাধান চাইলে অবিলম্বে ও নিঃশর্তভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে হবে। একই সঙ্গে দেশটির ওপর আরোপিত সামুদ্রিক অবরোধ ও অন্যান্য একতরফা নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন হামলা না চালানোর বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
দারজি বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে বর্তমান নিরাপত্তাহীনতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী আগ্রাসনের সরাসরি পরিণতি। আঞ্চলিক উত্তেজনার প্রকৃত কারণ চিহ্নিত করে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘে দেওয়া বক্তব্যে দারজি অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্যরাষ্ট্র, বিশেষ করে পশ্চিমা দেশগুলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে সংঘাতের প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করছে। তারা আক্রান্ত ও আগ্রাসী পক্ষের পরিচয় উল্টে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের এই প্রতিনিধি বলেন, ২০২৫ সালের ১৩ জুন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা, জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী এবং শিক্ষাবিদদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দারজির দাবি, দুই দফা যুদ্ধে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫৪ শিশু ও ২৫১ নারী রয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের দুই দফা হামলায় মিনাবের একটি স্কুলে ১৬৮ শিশু নিহত হয়। একই দিনে লামের্দ স্টেডিয়ামে মার্কিন হামলায় অন্তত ২১ বেসামরিক মানুষ নিহত এবং প্রায় ১০০ জন আহত হন।
এসব অভিযোগের স্বাধীন যাচাইয়ের তথ্য বক্তব্যে উপস্থাপন করেননি তিনি।
দারজির বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি। তাঁর দাবি, ইরানের বন্দর, সামুদ্রিক স্থাপনা ও বাণিজ্যিক জাহাজে হামলা এবং দেশটির বন্দরগুলোতে সামরিক ও নৌ অবরোধ আরোপের কারণেই এই গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিতিশীলতা তৈরি হয়েছে।
তিনি বলেন, একটি দেশের পুরো জনগোষ্ঠীকে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়তে পারে।
ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, আকাশসীমা, গোয়েন্দা অবকাঠামো ও রসদ সরবরাহের সুযোগ দিয়ে যেসব দেশ সামরিক অভিযান পরিচালনায় সহায়তা করেছে, তাদেরও আন্তর্জাতিক আইনের অধীনে দায় রয়েছে।
তাঁর অভিযোগ, ৯ কোটি মানুষের একটি দেশকে সামষ্টিক শাস্তি দেওয়ার মতো পদক্ষেপ নিয়ে ওয়াশিংটন আবার হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করতে পারে না।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইরান। দারজির অভিযোগ, একতরফা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ায় প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে। এতে সংঘাতের মূল কারণ উপেক্ষা করা হয়েছে এবং ইরানের আত্মরক্ষার অধিকার অস্বীকার করা হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সশস্ত্র হামলার শিকার কোনো রাষ্ট্রের আত্মরক্ষার স্বাভাবিক অধিকার রয়েছে। নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবের মাধ্যমে সেই অধিকার কেড়ে নেওয়া যায় না।
ইরান কূটনীতির দরজা কখনো বন্ধ করেনি উল্লেখ করে দারজি বলেন, গত দুই বছরে তেহরান একাধিকবার আন্তরিকভাবে আলোচনায় অংশ নিয়েছে। কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্র কূটনীতির পরিবর্তে আগ্রাসন ও হুমকির পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নতুন আলোচনার ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা থেকে ইরানের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি হয়েছে বলেও জানান তিনি।
ওয়াশিংটনকে উদ্দেশ করে তাঁর বক্তব্য, কূটনৈতিক সমাধান চাইলে যুক্তরাষ্ট্রকে পাঁচটি পদক্ষেপ নিতে হবে—
- ১. ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন অবিলম্বে ও নিঃশর্তভাবে বন্ধ করা।
- ২. ভবিষ্যতে নতুন করে হামলা না চালানোর বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দেওয়া।
- ৩.ইরানের সার্বভৌম অধিকারকে সম্মান করা।
- ৪.. সামুদ্রিক অবরোধ ও অন্যান্য একতরফা নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা প্রত্যাহার করা।
- ৫. আলোচনার প্রতি আন্তরিক প্রতিশ্রুতি প্রদর্শন করা।
দারজি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও আগ্রাসন চালালে ইরান কোনো দ্বিধা ছাড়াই তাৎক্ষণিক ও निर्णায়ক জবাব দেবে। হামলার উৎস যেখানেই থাকুক, সেখানেই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
জাতিসংঘে বক্তব্যের শেষাংশে ইয়েমেন পরিস্থিতিও তুলে ধরেন ইরানের রাষ্ট্রদূত। ইয়েমেন সংঘাতে ইরানের ভূমিকা নিয়ে তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন তিনি।
দারজি বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব, ঐক্য, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের সমর্থন রয়েছে। দেশটির জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সম্মান করতে হবে।
তিনি বলেন, ইয়েমেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সংঘাতের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে এবং নিরাপত্তা পরিষদকে বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে।