যুদ্ধ, সংঘাত আর ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক সংবাদে প্রায়ই আলোচনায় আসে ইরান। তবে দেশটির বৈজ্ঞানিক অগ্রগতির এমন কিছু দিক রয়েছে, যা অনেকেরই অজানা। বিরল রক্তের নমুনা ৩০ বছর পর্যন্ত সংরক্ষণের প্রযুক্তি অর্জন করেছে ইরান। বিশ্বের মাত্র ৩০টি দেশের মধ্যে রয়েছে এই সক্ষমতা। একই সঙ্গে রক্তের প্লাজমা থেকে জীবনরক্ষাকারী ওষুধ তৈরির ক্ষেত্রেও দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতের মতো দেশের সঙ্গে কাজ করছে তেহরান।
১৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পশ্চিম এশিয়াভিত্তিক সংবাদমাধ্যম ওয়ানা।
বিরল রক্ত সংরক্ষণে বিশেষ সক্ষমতা
সাধারণত রক্তের গ্রুপ বলতে এ, বি, ও কিংবা পজিটিভ-নেগেটিভের মতো পরিচিত ধরনকেই বোঝানো হয়। কিন্তু পৃথিবীতে এমন কিছু বিরল রক্তের গ্রুপ রয়েছে, যেগুলোর দাতা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এর মধ্যে রয়েছে ‘আরএইচ-নাল’ নামের একটি বিরল রক্তের ধরন। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এ ধরনের রক্তের সন্ধান পাওয়া গেছে অত্যন্ত অল্পসংখ্যক মানুষের শরীরে।
বিশ্বের মোট জনসংখ্যার এক হাজার ভাগের এক ভাগেরও কম মানুষের মধ্যে কিছু বিরল রক্তের ধরন দেখা যায়। আবার এমন রক্তের ধরনও রয়েছে, যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাতা বিশ্বজুড়ে ৫০ জনেরও কম।
ইরানের মতো প্রায় ৯ কোটি মানুষের দেশে এমন বিরল রক্তের প্রয়োজন হলে উপযুক্ত দাতা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় নিজের শহরেও মেলে না উপযুক্ত রক্ত। সাধারণভাবে সংরক্ষিত রক্তের ব্যবহারযোগ্যতার সময়সীমা প্রায় পাঁচ সপ্তাহ। ফলে বিরল রক্তের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সংরক্ষণ অত্যন্ত জরুরি।
এ কারণেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে রক্তের লোহিত কণিকা দীর্ঘদিন সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলেছে ইরান।
৩০ বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে রক্ত
রক্ত হিমায়িত করলেই দীর্ঘদিন ভালো রাখা যায় না। সরাসরি অতিরিক্ত ঠান্ডায় রাখলে লোহিত রক্তকণিকার গঠন নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যা এড়াতে ইরানে ব্যবহার করা হচ্ছে গ্লিসারোলাইজেশন প্রযুক্তি।
ইরানের রক্ত সঞ্চালন সংস্থার বিরল রক্তের গ্রুপ ও হিমায়িত রক্ত সংরক্ষণ বিভাগের প্রধান মেহদি কারবাসিজাদেহ জানান, এ পদ্ধতিতে বিরল রক্তের লোহিত কণিকার সঙ্গে ধীরে ধীরে গ্লিসারল নামের সংরক্ষণকারী উপাদান মেশানো হয়। এরপর বিশেষ প্রক্রিয়ায় রক্ত হিমায়িত করে রাখা হয়।
এভাবে সংরক্ষিত রক্ত ১০ থেকে ৩০ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকতে পারে। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, নির্দিষ্ট প্রক্রিয়ায় ২০ বছরের বেশি সময় হিমায়িত রাখা লোহিত রক্তকণিকাও প্রয়োজনীয় প্রস্তুতির পর রোগীর শরীরে ব্যবহারের উপযোগী থাকতে পারে।
বিরল রক্তের অধিকারীদের শনাক্ত করে রক্তদানে উৎসাহিত করছে ইরানের সংশ্লিষ্ট সংস্থা। জরুরি প্রয়োজনে যেন তাঁদের রক্ত কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই গড়ে তোলা হচ্ছে দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা।
রক্তের প্লাজমা থেকে ওষুধ উৎপাদনে অগ্রগতি
ইরানের রক্ত সঞ্চালন সংস্থার কার্যক্রম শুধু রক্ত সংগ্রহ ও সংরক্ষণেই সীমাবদ্ধ নয়। রক্তের প্লাজমা থেকে অ্যালবুমিন ও আইভিআইজি-র মতো গুরুত্বপূর্ণ ওষুধ তৈরির ক্ষেত্রেও কাজ করছে দেশটি।
জাতীয় প্লাজমা নীতিমালা অনুযায়ী, প্লাজমা থেকে ওষুধ তৈরিতে ইরানের বছরে অন্তত ১২ লাখ লিটার প্লাজমা প্রয়োজন। রক্ত সঞ্চালন সংস্থা প্রতিবছর অতিরিক্ত ৩ লাখ লিটার প্লাজমা প্রক্রিয়াজাতকরণের জন্য সরবরাহ করে।
ওয়ানার প্রতিবেদনে দাবি করা হয়েছে, জার্মানি ও অস্ট্রিয়ার কঠোর মান যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে ইরানের প্লাজমা সংগ্রহ ও সংরক্ষণ কেন্দ্রগুলো। এসব দেশে প্লাজমা পাঠিয়ে প্রক্রিয়াজাত করার পর উৎপাদিত ওষুধ আবার ইরানে ফিরিয়ে আনা হয়।
এ ছাড়া প্লাজমা থেকে ওষুধ তৈরির প্রযুক্তিতে দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতের সঙ্গে কাজ করছে ইরান। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়িয়ে এ ধরনের ওষুধে স্বনির্ভর হওয়ার লক্ষ্য রয়েছে দেশটির। ভবিষ্যতে এসব ওষুধ রপ্তানির সম্ভাবনাও দেখছে সংশ্লিষ্টরা।
ক্যানসার রোগীদের জন্য উন্নত রক্ত সংগ্রহপ্রযুক্তি
ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি ও রেডিওথেরাপির পর অনেক রোগীর শরীরে প্লাটিলেটের পরিমাণ মারাত্মকভাবে কমে যায়। তাঁদের চিকিৎসায় প্রয়োজনীয় প্লাটিলেট সরবরাহ নিশ্চিত করতে ইরানে উন্নত অ্যাফেরেসিস প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
এই পদ্ধতিতে বিশেষ যন্ত্রের সাহায্যে সরাসরি রক্তদাতার শরীর থেকে প্লাটিলেট আলাদা করা হয়। রক্তের অন্যান্য উপাদান আবার দাতার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। এতে রোগী প্রয়োজনীয় প্লাটিলেট পান, আর দাতার শরীর থেকেও তুলনামূলক কম রক্তের উপাদান বের হয়।
আন্তর্জাতিক রক্ত সঞ্চালন সংস্থার বিরল রক্তদাতা নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত রয়েছে ইরান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করছে দেশটি।
যুদ্ধের মধ্যেও রক্তদানে মানুষের ব্যাপক সাড়া
ইরানের রক্তব্যবস্থার আরেকটি দিক সামনে এসেছে সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের সময়। সরকারি পরিসংখ্যানের বরাতে ওয়ানা জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ২ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ রক্তদান কেন্দ্রে যান। তাঁদের কাছ থেকে সংগ্রহ করা হয় ২ লাখ ২০ হাজারের বেশি ইউনিট রক্ত।
সংবাদমাধ্যমটির দাবি, যুদ্ধকালীন এই ব্যাপক সাড়া দেশটির রক্তের কৌশলগত মজুত শক্তিশালী করতে সহায়তা করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে রক্তদানের শতভাগই স্বেচ্ছায় এবং বিনা পারিশ্রমিকে করা হয় বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংস্থা।
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ইরানের রক্ত সঞ্চালন সংস্থা পাঁচ দশকের বেশি সময় ধরে এ খাতে কাজ করছে। দীর্ঘমেয়াদি রক্ত সংরক্ষণ, প্লাজমা থেকে ওষুধ উৎপাদন এবং উন্নত রক্ত সংগ্রহপ্রযুক্তির সমন্বয়ে মধ্যপ্রাচ্যের চিকিৎসাবিজ্ঞানে নিজেদের সক্ষমতা তুলে ধরছে দেশটি।
সূত্র: ওয়ানা নিউজ
কেশম দ্বীপে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
‘আগ্রাসনের বিচার না হলে ভাঙবে আন্তর্জাতিক আইন’
পরমাণু বোমা তৈরির দাবিটি ইরানের জনগণের: হাজি দেলিগানি
জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি বিশ্লেষণ করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান