ভারতের তথ্যপ্রযুক্তি বিপ্লবের অন্যতম কারিগর শিব নাদার। সামান্য ক্যালকুলেটর ও মাইক্রোপ্রসেসর তৈরির ব্যবসা থেকে তিনি গড়ে তুলেছেন বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এইচসিএল টেকনোলজিস। কেবল ব্যবসায়িক সাফল্যই নয়, শিক্ষা ও সমাজসেবায় বিপুল অর্থ দান করেও তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
১৯৪৫ সালের ১৪ জুলাই তামিলনাড়ুতে শিবসুব্রামানিয়া নাদার ও ভামাসুন্দরী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন তিনি। তামিল ভাষায় বেড়ে ওঠা এই তরুণ ২২ বছর বয়স পর্যন্ত ইংরেজিতে খুব একটা পারদর্শী ছিলেন না। পরবর্তীতে মাদুরাইয়ের আমেরিকান কলেজ এবং কোয়েম্বাটুরের পিএসজি কলেজ অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।
কর্মজীবনের শুরুতে ডিসিএম গ্রুপে ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দিয়েছিলেন শিব নাদার। সেখানেই কয়েকজন সহকর্মীর সাথে তার গভীর সখ্যতা গড়ে ওঠে। প্রযুক্তির প্রতি অদম্য নেশা আর নতুন কিছু করার স্বপ্ন থেকেই তিনি চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন।
ছোট উদ্যোগ থেকে এইচসিএল সাম্রাজ্য
১৯৭৬ সালে পাঁচ বন্ধুকে সাথে নিয়ে দিল্লির একটি ছোট পরিসরে যাত্রা শুরু করেন হিন্দুস্তান কম্পিউটারস লিমিটেড বা এইচসিএল-এর। সে সময় ভারতে কম্পিউটার ছিল সাধারণ মানুষের কল্পনারও বাইরে। তবুও ভবিষ্যতের বাজার বুঝে তারা ক্যালকুলেটর ও মাইক্রোপ্রসেসর তৈরিতে মনোযোগ দেন।
সময়ের সাথে তাল মিলিয়ে হার্ডওয়্যার ব্যবসা থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক সফটওয়্যার ও আইটি সেবা খাতে প্রবেশ করে এইচসিএল। বর্তমানে বিশ্বের ৬০টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত, যেখানে কাজ করছেন ২ লাখ ২৩ হাজারেরও বেশি কর্মী। ২০২০ সালে মেয়ের হাতে নেতৃত্ব ছেড়ে দিয়ে বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পদের পাহাড় ও বিশ্ব ধনীদের তালিকায় অবস্থান
দূরদর্শী নেতৃত্ব আর প্রযুক্তির সঠিক ব্যবহার শিব নাদারকে ভারতের অন্যতম শীর্ষ ধনীতে পরিণত করেছে। ২০২৬ সালের ১৪ নভেম্বরের ফোর্বস রিয়েল-টাইম বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার। বিশ্বসেরা ধনীদের তালিকায় বর্তমানে তার অবস্থান ৭৩তম।
শিক্ষা ও সমাজকল্যাণে বিপুল বিনিয়োগ
বিত্তের পাশাপাশি চিত্তের উদারতায় শিব নাদার ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন ‘শিব নাদার ফাউন্ডেশন’। আর্থসামাজিক বৈষম্য দূর করে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য। তার বিশ্বাস, শিক্ষাই মানুষের ভাগ্য পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
এই ফাউন্ডেশনের অধীনে গড়ে উঠেছে এসএসএন কলেজ অব ইঞ্জিনিয়ারিং, বিদ্যাজ্ঞান লিডারশিপ একাডেমি এবং শিব নাদার ইউনিভার্সিটির মতো খ্যাতনামা প্রতিষ্ঠান। এছাড়া শিল্প-সংস্কৃতির বিকাশে ২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন কিরণ নাদার মিউজিয়াম অব আর্ট। ২০২৬ সালের মার্চ পর্যন্ত এই ফাউন্ডেশনে তার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৩ কোটি ডলারে।
বর্তমানে ফাউন্ডেশনটির অধীনে ২৩ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন এবং প্রায় ৫৭ হাজার মানুষের জীবনে এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে। ব্যবসায়িক সাফল্য আর মানবিক দায়বদ্ধতার এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছেন এই প্রযুক্তিবিদ।
সূত্র: ফোর্বস