আমরা এখানে ৪০০ বছর ধরে নামাজ পড়েছি : অখিলেশকে ওয়াইসি

অযোধ্যার রাম মন্দির পরিদর্শনের পরিকল্পনাকে কেন্দ্র করে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবের তীব্র সমালোচনা করেছেন আসাদউদ্দিন ওয়াইসি। 

শনিবার (১৪ নভেম্বর) উত্তরপ্রদেশের মিরাটে এক জনসভায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান এই মন্তব্য করেন।

ওয়াইসি দাবি করেন, ১৯৯২ সালে ভেঙে ফেলার আগ পর্যন্ত ওই স্থানে থাকা বাবরি মসজিদে মুসলমানরা টানা ৪০০ বছর ধরে নামাজ আদায় করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, অখিলেশ এমন একটি জায়গায় যাচ্ছেন যেখানে শত শত বছর ধরে মুসলমানদের ইবাদতের ইতিহাস জড়িয়ে আছে।

মিরাটের এই সমাবেশটি ছিল এআইএমআইএম এবং আজাদ সমাজ পার্টির (এএসপি) নবগঠিত জোট ‘সামাজিক পরিবর্তন মোর্চা’-র প্রথম যৌথ কর্মসূচি। এ সময় নাগিনায় নামাজ আদায়ের দাবিতে সোচ্চার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এএসপি নেতা চন্দ্রশেখর আজাদের প্রশংসা করেন ওয়াইসি।

আগামী ছয় মাসের মধ্যেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী এসপি-কংগ্রেস জোটের বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে এই মুসলিম-দলিত জোট।

সূত্রমতে, আগামী ১২ ডিসেম্বর অখিলেশ যাদবের অযোধ্যায় রাম মন্দির দর্শনে যাওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে সাবেক এই মুখ্যমন্ত্রীর প্রথম অযোধ্যা সফর।

অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অখিলেশের এই সফরকে স্বাগত জানালেও একটি শর্ত জুড়ে দিয়েছেন। ১৯৯০ সালে মুলায়ম সিং যাদবের শাসনামলে করসেবকদের ওপর গুলি চালানোর ঘটনার ইঙ্গিত করে যোগী বলেন, মন্দিরে যাওয়ার আগে অখিলেশের উচিত রামভক্তদের কাছে ক্ষমা চাওয়া।

জনসভায় ওয়াইসি প্রশ্ন তোলেন, রাজ্যের যেসব স্থানে মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে, অখিলেশ যাদব সেখানে কখনো পরিদর্শনে গিয়েছেন কি না। পাশাপাশি সমাজবাদী পার্টির ‘পিডিএ’ স্লোগানকে ব্যঙ্গ করে তিনি বলেন, এর প্রকৃত অর্থ হলো ‘পলট দিয়া অখিলেশ’ বা অখিলেশকে ক্ষমতাচ্যুত করা।

২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গার প্রসঙ্গ টেনে ওয়াইসি অভিযোগ করেন, সে সময় অখিলেশ মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ৫০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন। তিনি দাবি করেন, ৪৭ জন মুসলিম বিধায়ক থাকা সত্ত্বেও এসপি সরকার ভুক্তভোগীদের পাশে না দাঁড়িয়ে উল্টো ত্রাণশিবিরগুলো ভেঙে দিয়েছিল।

শুধু সমাজবাদী পার্টিই নয়, কংগ্রেসের বিরুদ্ধেও অতীতের সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ আনেন এআইএমআইএম প্রধান। তিনি দর্শকদের ১৯৮৭ সালের মিরাটের হাশিমপুরা হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সে সময় রাজ্যে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল।

বিজেপিকে হারানোর ক্ষমতার প্রশ্নে অখিলেশের দাবিকে নাকচ করে দিয়ে ওয়াইসি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চারটি নির্বাচনে এসপি-র পরাজয়ের কথা মনে করিয়ে দেন। নাম উল্লেখ না করেই তিনি ইঙ্গিত দেন যে, তাদের এই নতুন জোট আসন্ন নির্বাচনে যোগী ও অখিলেশ উভয় শিবিরেরই বড় ক্ষতির কারণ হবে।

সমাবেশে নাগিনার সংসদ সদস্য চন্দ্রশেখর আজাদকে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন জানান ওয়াইসি। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, তারা আর কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নত করবেন না এবং নিজেদের অধিকার আদায়ে একজোট হয়ে লড়বেন।

দেশের সাম্প্রতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে ওয়াইসি দাবি করেন, ভারতে নথিভুক্ত ঘৃণাভাষণের প্রায় ৭৫ শতাংশই উত্তরপ্রদেশে ঘটেছে। এ ছাড়া পুলিশি এনকাউন্টারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র বিরোধিতা করে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।

নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ওয়াইসি জানান, তাদের জোট ক্ষমতায় এলে কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হবে এবং আখের ন্যায্যমূল্য বাড়ানো হবে। এর পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশে হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনেরও জোর দাবি জানান তিনি।

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ইতিহাস স্মরণ করে ওয়াইসি উল্লেখ করেন, মিরাট থেকে শুরু হওয়া সেই ঐতিহাসিক সংগ্রাম পবিত্র রমজান মাসে হয়েছিল। আগামী বছরের বিধানসভা নির্বাচনও রমজান মাসে পড়তে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

উল্লেখ্য, লখনউতে এই জোটের ঘোষণার সময় ওয়াইসি ও আজাদ উত্তরপ্রদেশের সবকটি অর্থাৎ ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন। যদিও ২০২২ সালের গত নির্বাচনে এই দুই দলের কেউই রাজ্যের কোনো আসনে জয়লাভ করতে পারেনি।

সূত্র: এনডিটিভি