ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটে অভ্যন্তরীণ মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। সম্ভাব্য শরিকদের মধ্যে নানা বিষয়ে টানাপোড়েনের পাশাপাশি নাফতালি বেনেটের রহস্যজনক অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। জোটের এই অস্থিরতা বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিবিরের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) জোটের অভ্যন্তরীণ রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সরকার গঠনের রূপরেখা নিয়ে গাদি আইজেনকট ও আভিগডোর লিবারম্যানের মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। বিশেষ করে বাধ্যতামূলক সামরিক নিয়োগের ক্ষেত্রে অতি-রক্ষণশীল ইহুদি (হরেদি) দলগুলোকে ছাড় দেওয়া নিয়ে এই জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বেনেটের নীরবতা জোটের ভেতরে অস্বস্তি বাড়াচ্ছে।
বর্তমানে আইজেনকট ও লিবারম্যান হরেদি দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন। তবে জোটের অন্যান্য সদস্যরা সন্দিহান যে, সামরিক নিয়োগের মতো স্পর্শকাতর বিষয়ে সম্ভাব্য সমঝোতাগুলো বেনেট মেনে নেবেন কি না।
হরেদি দলগুলোকে জোটে ভেড়ানোর কৌশল নিয়েও আইজেনকোট ও লিবারম্যান একমত হতে পারছেন না। আইজেনকট মনে করেন, 'শাস' দলের প্রধান আরিয়ে ডেরির সম্মতির অপেক্ষায় থাকলে সরকার গঠন বিলম্বিত হতে পারে, তাই ধাপে ধাপে এগোনো উচিত। বিপরীতে লিবারম্যান শুরুতেই উভয় হরেদি দলের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর পক্ষে অবস্থান নিয়েছেন।
হরেদি ইস্যুতে বেনেটের নীরবতা ও বৈপরীত্য
জোটের অন্যান্য শরিকরা আইজেনকটের ওপর আস্থা রাখার কথা বললেও হরেদি দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় তারা সরাসরি যুক্ত নন। কিন্তু সবার নজর এখন বেনেটের দিকে, যিনি হরেদিদের সামরিক ছাড় দেওয়ার বিষয়ে নিজের অবস্থান এখনো পরিষ্কার করেননি।
জোটের এক সূত্র জানায়, হরেদিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় লিবারম্যান এবং তাদের জোটে আনার চেষ্টায় আইজেনকোট তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অথচ এই বিতর্কিত আলোচনায় বেনেট নিজেকে পুরোপুরি আড়ালে রেখেছেন।
একদিকে হরেদি ইস্যুতে নীরবতা, অন্যদিকে সামরিক বাহিনীতে কর্মরতদের অধিকার নিয়ে বেনেটের সরব অবস্থান জোটে বিভ্রান্তি তৈরি করছে। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যারা সামরিক দায়িত্ব এড়িয়ে চলেন তাদের তহবিল কমিয়ে সেনাসদস্যদের জন্য ব্যয় করাই হবে আগামী মেয়াদের মূল লক্ষ্য। তার এই দ্বিমুখী আচরণ জোটসঙ্গীদের ভাবিয়ে তুলেছে।
আরেকটি নির্বাচনের পথে হাঁটছেন বেনেট?
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অধিবেশন শুরুর পর থেকেই বেনেট গণমাধ্যম এড়িয়ে চলছেন। এমনকি সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না দিয়ে তার দল কেবল একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে।
জোটের নেতাদের ধারণা, বর্তমান কাঠামোয় সরকার গঠনে বেনেট খুব একটা আগ্রহী নন। বরং সামরিক পরিষেবায় সমতার নীতিতে অটল থেকে তিনি হয়তো নতুন আরেকটি নির্বাচনের কথা ভাবছেন, যা তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।
যদিও নেপথ্যে বেনেটের দলের সদস্যরা হরেদিদের সঙ্গে চুক্তির অংশ হিসেবে একটি সামরিক নিয়োগ আইন পাসের আগ্রহের কথা জানিয়েছেন। তবুও রুদ্ধদ্বার বৈঠকে শরিকদের মধ্যে আপসের সীমানা নিয়ে উদ্বেগ কাটছে না। সব মিলিয়ে আইজেনকোট ও লিবারম্যানের প্রচেষ্টার মাঝে বেনেটের চূড়ান্ত সিদ্ধান্তই এখন সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন।
সূত্র: জেরুসালেম পোস্ট
ক্যালকুলেটর বিক্রি থেকে যেভাবে ৩০ বিলিয়ন ডলারের মালিক
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে কোথায় আঘাত হানবে
প্রকাশ্যে বিরোধিতা করে গোপনে আরবদের সমর্থন চেয়েছেন নেতানিয়াহু