মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বড় পরাজয়ের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্সের প্রায় এক ডজন উপদেষ্টা ও মিত্র জানিয়েছেন যে তিনি প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন।
প্রাথমিক জনমত জরিপে এগিয়ে থাকলেও এখন তার ঘনিষ্ঠজনরাই মনে করছেন দলীয় মনোনয়ন পাওয়া তার জন্য আর সহজ হবে না। রক্ষণশীল সংগঠন 'আমেরিকান প্রিন্সিপলস প্রজেক্ট'-এর প্রধান টেরি শিলিংয়ের মতে, বর্তমান পরিস্থিতিতে রিপাবলিকান শিবিরে কোনো সুনির্দিষ্ট উত্তরসূরি নেই এবং সবার জন্যই মাঠ উন্মুক্ত হয়ে গেছে।
ভ্যান্স এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিলেও ব্যক্তিগত ও রাজনৈতিক নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন। চার সন্তানের পরিবার, বিভক্ত 'মাগা' সমর্থকগোষ্ঠী এবং দলের এই বিপর্যয় সামলানোর সক্ষমতা নিয়ে তিনি নিজেই সন্দিহান বলে সিএনএন-কে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা।
ভ্যান্সের রাজনৈতিক হিসাব-নিকাশে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চলমান ইরান যুদ্ধ। তার মিত্রদের আশঙ্কা, এই যুদ্ধ অব্যাহত থাকলে ২০২৮ সালের নির্বাচনে কোনো রিপাবলিকান প্রার্থীর পক্ষেই জয়লাভ করা সম্ভব হবে না।
গত ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা ওহাইওতে ভ্যান্সের সাবেক আসনসহ রিপাবলিকানদের সাতটি সিনেট আসন দখল করে নিয়েছে। জরিপ বলছে, ২০২৪ সালে ট্রাম্পকে সমর্থন দেওয়া পুরুষ, তরুণ, ল্যাটিনো এবং শ্বেতাঙ্গ ভোটারদের বড় একটি অংশ এবার মুখ ফিরিয়ে নিয়েছেন।
নির্বাচনের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স দলীয় পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে সরাসরি দায়ী করেন। একইসাথে তিনি ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে পর্যালোচনার আহ্বান জানান।
সিএনএন-এর তথ্যমতে, প্রকাশ্যে বিষয়টি এড়িয়ে গেলেও যুদ্ধের সিদ্ধান্তের পক্ষে সাফাই না গাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ভ্যান্সের ওপর ক্ষুব্ধ হয়েছেন। এর জেরে গত বৃহস্পতিবার ট্রাম্প ইরান-সংক্রান্ত আলোচনার নেতৃত্ব থেকে ভ্যান্সকে সরিয়ে দিয়ে তাকে দুর্নীতি দমনের কাজে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
এদিকে ২০২৮ সালের রিপাবলিকান মনোনয়নের দৌড়ে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছেন। অন্যদিকে ট্রাম্প এখনো ভ্যান্সকে সমর্থন দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি এবং আপাতত প্রাইমারি নির্বাচন থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন।
সূত্র: জেরুসালেম পোস্ট