যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার সম্ভাব্য পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দারা। তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম ‘ডার্টি বোমা’ কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে গোয়েন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ইরান এ ধরনের হামলা চালাতে সক্ষম কি না কিংবা বাস্তবে এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
এ বিষয়ে জানেন, এমন সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। তাঁদের ভাষ্য, আপাতত হামলার পরিকল্পনাটি ইরানের সম্ভাব্য পদক্ষেপের বিকল্প প্রস্তুত রাখার অংশ বলে মনে হচ্ছে। তাৎক্ষণিক হামলার ইঙ্গিত হিসেবে একে দেখা হচ্ছে না। তবে গোয়েন্দাদের পাওয়া তথ্যে সম্ভাব্য লক্ষ্যবস্তু ও স্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য থাকায় যুক্তরাষ্ট্রের প্রশাসনে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।
মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যকে ইরানের ক্রমবর্ধমান কঠোর অবস্থানের উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছেন। তাঁদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধের চাপে থাকা তেহরান এখন মার্কিন ভূখণ্ডের ভেতরেও সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ভাবছে। তবে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, এ ধরনের হামলা চালানোর মতো লোকবল ইরানের প্রস্তুত রয়েছে কি না, তা নিয়ে বিতর্ক আছে।
এদিকে সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা খুব একটা এগোচ্ছে না। এর মধ্যেই গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। তবে নতুন গোয়েন্দা তথ্যের পর নিরাপত্তা নিয়ে মার্কিন প্রশাসনের তৎপরতা বেড়েছে। গত এক সপ্তাহে হুমকি মোকাবিলায় একাধিক বৈঠক করেছেন কর্মকর্তারা। একজন কর্মকর্তা এ প্রস্তুতিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
ইরানের হুমকির আশঙ্কায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সিক্রেট সার্ভিস।
ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের কথিত ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার জন্য অর্থের বিনিময়ে লোক নিয়োগের একটি পরিকল্পনার অভিযোগও সামনে এসেছিল। তবে এসব তৎপরতার বেশির ভাগই বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করার সঙ্গে সম্পর্কিত ছিল।
মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, অপ্রচলিত অস্ত্রের মাধ্যমে হামলার ঝুঁকি মোকাবিলা করা কঠিন হতে পারে। গোয়েন্দাদের পাওয়া কিছু তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভেতরে হামলার জন্য প্রয়োজনীয় উপকরণ আগে থেকেই মজুত রাখার বিষয়ে ইরানের মধ্যে আলোচনা হয়েছে। তবে এসব তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
একজন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ভেতরে আগে থেকেই এমন উপকরণ মজুত থাকার আশঙ্কাকে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা গুরুত্ব দিচ্ছেন। আরেকজনের মতে, এ ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের আগে থেকেই থাকতে পারে; পরিবর্তন এসেছে হামলা চালানোর প্রণোদনায়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। তবে ওই কার্যালয় মন্তব্য করতে রাজি হয়নি।
অন্যদিকে নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশনের একজন মুখপাত্র অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে ইরান। এ ধরনের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি। তবে ওয়াশিংটনে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্যের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
গোয়েন্দা নজরদারি আইন নিয়েও উদ্বেগ
নতুন হুমকির পাশাপাশি গোয়েন্দা নজরদারির একটি গুরুত্বপূর্ণ আইন কার্যকর না থাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিদেশিদের যোগাযোগ পর্যবেক্ষণের সুযোগ দেওয়া আইনটির মেয়াদ গত জুনে শেষ হয়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে তৎকালীন ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুল্টকে নিয়ে বিরোধের কারণে আইনটির নবায়ন আটকে যায়।
জুনের আগে অনুমোদিত নজরদারির আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে কংগ্রেস নতুন করে আইনটির অনুমোদন না দিলে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সন্ত্রাসী হামলার পরিকল্পনা শনাক্ত করার অন্যতম কার্যকর একটি উপায় হারাতে পারেন।
গত সপ্তাহে কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ। তাঁদের যুক্তি, আইন নবায়নে বিলম্ব হলে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা নাগরিক এবং বিদেশে অবস্থানরত মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।
চিঠি পাঠানোর কয়েক দিন আগে কংগ্রেসের ‘গ্যাং অব এইট’ নামে পরিচিত আট শীর্ষ নেতাকে ইরান-সংক্রান্ত গোয়েন্দা তথ্য জানানো হয়েছিল। তবে ওই ব্রিফিংয়ে ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিকল্পনার বিষয়টি ছিল কি না, তা স্পষ্ট নয়।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের নিয়েও উদ্বেগ
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়েও নজর রাখছেন। এ বিষয়ে দুটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস প্রথম প্রতিবেদন প্রকাশ করে।
কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এ ধরনের হামলা মোকাবিলায় দেশটির সেনাদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণ নেই। এ উদ্বেগের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁদের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এদিকে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত অব্যাহত রয়েছে। মার্কিন অবরোধ প্রত্যাহার, প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের বিষয়ে দুই দেশের আলোচনা এখনো কোনো সমাধানে পৌঁছায়নি। উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে আগ্রহী—এমন ধারণা থাকলেও এখন পর্যন্ত কেউই উল্লেখযোগ্য ছাড় দিতে প্রস্তুত বলে মনে হচ্ছে না।
অঞ্চলটির একটি সূত্র জানিয়েছে, যেকোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় কোনো কোনো পক্ষ আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে।
সূত্রটি আরও বলেছে, ইরানের কট্টরপন্থী গোষ্ঠী কিংবা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো পক্ষ সংঘাত থেকে সুবিধা পেয়ে থাকতে পারে। যুদ্ধ দীর্ঘায়িত করতে তারা হামলার মতো পদক্ষেপ নিতে উৎসাহিত হতে পারে।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এ ধরনের অস্ত্র ব্যবহার করলে ইরানকে পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়তে হবে—এ বিষয়টি তেহরান জানে। তবে ইরানের নেতৃত্ব যদি মনে করে, তাদের শাসনব্যবস্থার অস্তিত্বই হুমকির মুখে, তাহলে তারা সেই ঝুঁকি নেওয়ার কথা বিবেচনা করতে পারে।
সূত্র: সিএনএন