রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে নতুন করে আলোচনা করেছে ইউক্রেন। তবে শান্তি আলোচনা এগোলেও যুদ্ধের উত্তেজনা কমছে না। আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি সেতুতে হামলার খবর জানিয়েছেন শহরটির মেয়র। অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
সোমবার (১৬ নভেম্বর) অনলাইনে অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এবং ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নেন। আলোচনাকে ‘সহজ ছিল না’ বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তবে তিনি জানিয়েছেন, ইউক্রেনের প্রতি সমর্থন জানানো দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সঙ্গে বার্লিনে বৈঠক করতে সম্মত হয়েছেন অংশগ্রহণকারীরা।
জেলেনস্কি তাঁর রাতের ভাষণে বলেন, কূটনৈতিক তৎপরতা জোরালোভাবে চলছে। এসব উদ্যোগ সফল হবে বলে তাঁরা আশা করছেন। তবে ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি সতর্ক করেন, রাশিয়া সোমবার রাত ও মঙ্গলবার বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।
সোমবার রাতে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দিনিপ্রো নদীর ওপর থাকা নর্থ ও সাউথ সেতুতে হামলা হয়েছে। এ সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় ছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শীরাও কয়েক দফা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এর আগে সোমবার রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালায় ইউক্রেন। পাশাপাশি দেশটির বিভিন্ন তেল শোধনাগারেও ড্রোন হামলার চেষ্টা করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর এটিই ছিল সবচেয়ে বড় রাতের ড্রোন হামলা। ক্রিমিয়া সেতুও আবার হামলার শিকার হয়েছে। এ ছাড়া মস্কোর আশপাশে প্রায় ২০০টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে রাশিয়া।
সমঝোতায় অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার বলেছেন, রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি চুক্তির দিকে এগোচ্ছে ওয়াশিংটন। তবে এখনো গুরুত্বপূর্ণ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুশনার জানান, তিনি ও স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভের সঙ্গেও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। ইউরোপ ও রাশিয়ার মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা কীভাবে করা যায়, তা নিয়েও কথা হয়েছে। এর উদ্দেশ্য হলো, উভয় পক্ষ যেন একে অপরের উদ্বেগ ও প্রস্তাব সরাসরি শুনতে পারে।
গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। নয় মাসের মধ্যে প্রথমবারের মতো তিন দেশের প্রতিনিধিরা একসঙ্গে আলোচনায় বসেন। ওই বৈঠকে বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হলেও যুদ্ধ বন্ধে কোনো বড় অগ্রগতি হয়নি।
পরে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন উইটকফ ও কুশনার। তাঁরা জানিয়েছিলেন, পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন। তবে সোমবার মস্কো এ বিষয়ে আপত্তি জানায়।
আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিয়ে মতবিরোধ
জেলেনস্কি জানিয়েছেন, সোমবারের আলোচনায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও পোল্যান্ডের প্রতিনিধিরা পূর্ণাঙ্গভাবে অংশ নিয়েছেন। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যৎ আলোচনাতেও ইউরোপের দেশগুলো একইভাবে প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশা করছেন।
তবে রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, বিদ্যমান রুশ, ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদলের বাইরে আলোচনার পরিধি বাড়ানোর বিষয়ে মস্কো সম্মতি দেয়নি। পরবর্তী বৈঠকের তারিখও এখনো নির্ধারিত হয়নি।
এদিকে ইউরোপের দেশগুলো নিজেদের আলোচক দল প্রস্তুত করছে। একই সঙ্গে রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার পক্ষেও অবস্থান নিয়েছে তারা।
আবুধাবি ও ডাবলিনে সাম্প্রতিক কূটনৈতিক বৈঠকের পর নতুন করে আলোচনা শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি। আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বের বিষয়টিও তিনি ইতিবাচক হিসেবে দেখেছেন। তবে তাঁর মতে, রাশিয়া এখনো নিজেদের অবস্থান পরিবর্তন করেনি।
সোমবার ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ম্যাকএন্টি বলেন, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার হামলা বাড়তে থাকায় মস্কোর ওপর চাপ ধরে রাখতে নতুন করে ১১৩টি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইউক্রেনের প্রয়োজনীয় অর্থায়ন ও সামরিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ইইউর সদস্যপদ পাওয়ার পথে দেশটিকে এগিয়ে নিতেও কাজ করছে ইউরোপ।
সাময়িক যুদ্ধবিরতি নয়, দীর্ঘমেয়াদি শান্তি চায় রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘস্থায়ী শান্তি চায়। তাঁর দাবি, সাময়িক বিরতি ইউক্রেনকে রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত অবস্থা কাটিয়ে ওঠার সুযোগ করে দেবে।
পেসকভ বলেন, রাশিয়া এমন শান্তি চায়, যা কয়েক বছর নয়, বরং শতাব্দী ধরে টিকে থাকবে। তবে আলোচনা জটিল এবং চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে অনেক সময় লাগতে পারে।
এদিকে চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর বিশ্বাস, পুতিনও যুদ্ধের অবসান চান।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিন কিছুটা পিছু হটছেন বলে তাঁর মনে হচ্ছে। সত্যি বলতে, পুতিনও যুদ্ধ শেষ হতে দেখতে চান বলে তিনি মনে করেন।
বার্লিনে প্রস্তাবিত বৈঠকটি ইউক্রেন ও দেশটির সমর্থক দেশগুলোকে পরবর্তী আলোচনার কৌশল নির্ধারণের সুযোগ দেবে। তবে পরবর্তী দফার আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো রাশিয়ার সম্মতি পাওয়া যায়নি। ফলে শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
ব্যাটম্যান থেকে জেমস বন্ড, প্যাটিনসনকে কেন বেছে নিলেন নির্মাতারা?
সিরিয়ার সঙ্গে ২০ বছর আগের সহযোগিতা চুক্তি পুনরুজ্জীবনে একমত ইইউ
৮ ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিলেন ইসরায়েলি বসতি স্থাপনকারী