বিবাহবিচ্ছেদকে জীবনের শেষ অধ্যায় হিসেবে নয়, বরং নতুন করে পথচলা শুরুর উপলক্ষ হিসেবে তুলে ধরেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী। বিয়ের সম্পর্কের ইতি টানার পর পরিবার ও বন্ধুদের নিয়ে জমকালো ‘ডিভোর্স পার্টি’র আয়োজন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
৩৭ বছর বয়সী ওই নারীর নাম চো সেউং-ইয়ন। বিবাহবিচ্ছেদের পর জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত উদযাপন করতেই ঘনিষ্ঠজনদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানটি ছিল অনেকটা বিয়ের সংবর্ধনার আদলে সাজানো। সাদা পোশাকে উপস্থিত হয়ে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন চো। অনুষ্ঠানে বিশেষভাবে তৈরি একটি কেকও কাটেন তিনি।
তবে আয়োজনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল অতিথিদের সামনে দেওয়া তার বক্তব্য। সেখানে নিজের আত্মসম্মান ও ব্যক্তিগত মর্যাদার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানান তিনি। চো বলেন, ‘ভালোবাসা পাওয়ার জন্য আমি আর নিজেকে ছোট করব না। জীবনে যা-ই ঘটুক, আর কখনো নিজেকে একা ফেলে রাখব না।’
তার এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিবাহবিচ্ছেদের মতো ব্যক্তিগত বিষয়কে আনুষ্ঠানিকভাবে উদযাপনের প্রয়োজন আছে কি-না। তাদের মতে, এমন ঘটনা ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ থাকা উচিত। অন্যদিকে, অনেকে চো-এর সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তাদের মতে, একটি সম্পর্কের সমাপ্তি মানেই জীবনের সবকিছুর সমাপ্তি নয়। বরং নতুনভাবে জীবন শুরু করার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা উচিত।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে চো সেউং-ইয়ন বলেন, দক্ষিণ কোরিয়ার সমাজে বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের নিয়ে যে নেতিবাচক ধারণা ও সামাজিক ট্যাবু রয়েছে, তা ভাঙাই ছিল তার এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে নিজের পরিচয় ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার বার্তাও দিতে চেয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ায় ‘ডিভোর্স পার্টি’র প্রচলন এখনো খুব একটা দেখা যায় না। বিশেষ করে বিবাহবিচ্ছেদের পর নারীদের সামাজিকভাবে নানা ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে হয়। সময়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মানুষের মনোভাব কিছুটা পরিবর্তিত হলেও দেশটিতে বিষয়টি এখনো অনেক ক্ষেত্রে ব্যক্তিগত লজ্জা ও বেদনাদায়ক ঘটনা হিসেবে বিবেচিত হয়। এমন বাস্তবতায় চো-এর ব্যতিক্রমী আয়োজন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।