যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির মধ্যেই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার পথে এগিয়েছে কানাডা। দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি ও পারস্পরিক শুল্ক ছাড়ের সমঝোতা হয়েছে। এর আওতায় কানাডার বিভিন্ন রপ্তানি পণ্যে প্রায় ২৭৯ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারের শুল্ক সুবিধা দেবে চীন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে শি জিনপিং বলেন, কানাডার সঙ্গে সম্পর্কের উন্নয়ন দুই দেশের জনগণের স্বার্থে একটি সঠিক সিদ্ধান্ত। পারস্পরিক সহযোগিতা বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনেও ভূমিকা রাখবে।
অন্যদিকে মার্ক কার্নি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজানোর উদ্যোগ উভয় দেশের নাগরিকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনছে। নতুন চুক্তিগুলো দুই দেশের মধ্যে ভ্রমণ, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ আরও সহজ করবে।
চুক্তি অনুযায়ী, কানাডার হিমায়িত শূকরের মাংস, মাছ ও সামুদ্রিক খাদ্যপণ্যে শুল্ক সুবিধা দেবে বেইজিং। এর মধ্যে ১১৬ মিলিয়ন কানাডীয় ডলারের শূকরের মাংস এবং ২৮৫ মিলিয়ন কানাডীয় ডলারের মাছ ও সামুদ্রিক খাদ্যপণ্য রয়েছে।
বিনিময়ে চীনের নির্দিষ্ট কিছু ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর বিদ্যমান শুল্ক অব্যাহতির মেয়াদ আরও দুই বছর বাড়াবে কানাডা। পাশাপাশি স্থানীয় বাজারে সরবরাহের ঘাটতি রয়েছে—এমন আরও ৩২টি পণ্যকে শুল্ক সুবিধার আওতায় আনা হবে।
বাণিজ্যের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ খাতেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এ লক্ষ্যে কানাডা পরিবেশগত সহযোগিতা ও শিক্ষার্থীদের বৃত্তির জন্য ৮ দশমিক ৮৫ মিলিয়ন কানাডীয় ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে।
এ ছাড়া ২০২৭ সালকে ‘কানাডা-চীন ই-কমার্স বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। একই বছরে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনার পাশাপাশি ২০২৭ সালের মে মাস থেকে ভ্যাঙ্কুভার-গুয়াংজু রুটে নতুন ফ্লাইট চালু করবে এয়ার কানাডা। চীনা বিমান সংস্থাগুলোও কানাডায় ফ্লাইটের সংখ্যা বাড়াবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে বেইজিং সফরে যান মার্ক কার্নি। এরপর চীনের সঙ্গে কানাডার ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আপত্তি জানান ডোনাল্ড ট্রাম্প। এমনকি কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন তিনি। চীনা পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কানাডাকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহারের অভিযোগও তোলেন ট্রাম্প।
এমন পরিস্থিতিতে শেনজেনে শি জিনপিং ও মার্ক কার্নির বৈঠক এবং নতুন বাণিজ্যিক সমঝোতাকে চীন-কানাডা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, সীমান্তে বাড়তি সতর্কতা
উত্তর কোরিয়ার প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট