কুড়াল দিয়ে মার্কিন সামরিক বিমানে হামলা!

আয়ারল্যান্ডের একটি বিমানবন্দরে নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢুকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি করার অভিযোগ উঠেছে ডাইথি ও’কোরেইন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ৪৮ বছর বয়সী এই আইরিশ নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি গ্র্যান্ড জুরি সোমবার অভিযোগ গঠন করেছে। মঙ্গলবার অভিযোগপত্রটি প্রকাশ করা হয়।

মার্কিন প্রসিকিউটরদের দাবি, গত ১১ এপ্রিল আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে একটি পার্ক করা সি-১৩০ সামরিক উড়োজাহাজে ঢোকেন ও’কোরেইন। পরে সেটির ভেতরে নিজেকে আটকে রেখে ব্যাপক ক্ষতিসাধন করেন। তাঁর হামলায় উড়োজাহাজটি কার্যত ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ও’কোরেইনের বন্ধু ও সহযোদ্ধা পরিচয় দেওয়া কয়েকজনের উদ্যোগে অনলাইনে একটি তহবিল সংগ্রহের প্রচারণা চালানো হয়েছে। সেখানে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে তিনি উড়োজাহাজটি অচল করে দেন। ফিলিস্তিনের প্রতি সংহতি আয়ারল্যান্ডে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বিষয়।

তহবিল সংগ্রহের আয়োজক ট্রেসি রায়ান লেখেন, আয়ারল্যান্ডে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির প্রতিবাদ এবং তাদের অবৈধ যুদ্ধ ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতি সমর্থনের বিরুদ্ধে শ্যানন বিমানবন্দরে একটি সাহসী সরাসরি প্রতিবাদ কর্মসূচি চালানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ও’কোরেইনকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হতে পারে। সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

ককপিটের সব যন্ত্র ভাঙার অভিযোগ

মার্কিন প্রসিকিউটরদের দাবি, হামলার কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা করছিলেন ও’কোরেইন। এ জন্য তিনি অনলাইনে সি-১৩০ উড়োজাহাজের নির্মাণকৌশল ও কাঠামো সম্পর্কে তথ্য খুঁজেছিলেন। চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ উড়োজাহাজটি মূলত সরঞ্জাম ও কর্মী পরিবহনে ব্যবহৃত হয়।

অভিযোগ অনুযায়ী, শ্যানন বিমানবন্দরে ঢুকে পার্ক করা উড়োজাহাজটির ভেতরে অবস্থান নেন তিনি। সেখানে বৈদ্যুতিক তার ও হাইড্রোলিক লাইন কেটে দেন এবং ককপিটের সব যন্ত্র ভেঙে ফেলেন। এ ছাড়া কুড়াল দিয়ে উড়োজাহাজটির বাইরের অংশে ক্ষতি করেন এবং জ্বালানি ট্যাংকে ধাতব বল ঢেলে দেন বলেও অভিযোগ করা হয়েছে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নির কার্যালয় এক বিবৃতিতে জানায়, ও’কোরেইনের কর্মকাণ্ডে উড়োজাহাজটি কার্যত ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির কারণে এটি আর উড্ডয়ন করতে পারবে না। প্রায় ৬ কোটি ডলার মূল্যের উড়োজাহাজটি আর সক্রিয়ভাবে ফ্লাইট পরিচালনায় ফিরবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরের সময় শ্যানন বিমানবন্দর ব্যবহার করেছিলেন। তাঁর ব্যবহৃত এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজও ওই বিমানবন্দরে অবতরণ করেছিল।

গত ১৮ মাসে শ্যানন বিমানবন্দরে নিরাপত্তা লঙ্ঘনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনজনের বিরুদ্ধে একটি মার্কিন সামরিক উড়োজাহাজে স্প্রে রং দিয়ে ছবি আঁকার অভিযোগ রয়েছে। অন্য একটি ঘটনায় তিনজন বিমানবন্দরের নিষিদ্ধ এলাকায় গাড়ি নিয়ে প্রবেশ করেছিলেন, যেখানে একটি মার্কিন সামরিক জেট রাখা ছিল।

সূত্র: আল-জাজিরা