অচল মার্কিন গোয়েন্দা সংস্থার 'গোপন নেটওয়ার্ক'

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-এর অভ্যন্তরীণ যোগাযোগের গোপন নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ হঠাৎ অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ছয়টি নির্ভরযোগ্য সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এনএসএর কর্মীরা নিজেদের মধ্যে অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদানে এই বিশেষ নেটওয়ার্ক ব্যবহার করেন। নেটওয়ার্কটি অচল হয়ে পড়ার পর এর কারণ ও প্রভাবের মাত্রা খতিয়ে দেখছে সংস্থাটি।

তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এনএসএর অভ্যন্তরীণ নেটওয়ার্কে সমস্যা দেখা দিলেও এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর সক্ষমতা অক্ষুণ্ন রয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও সুরক্ষিত নেটওয়ার্ক চালু রয়েছে।

উল্লেখ্য, ট্রাম্প বর্তমানে ফিলিপাইনে অবস্থান করছেন। সেখান থেকে বুধবার চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সেবায় সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যেই এনএসএর গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল হওয়ার খবর সামনে এল।

এর আগে গত শুক্রবার দেশজুড়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বিমান চলাচল ব্যাহত হয়। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত এবং বহু ফ্লাইট বাতিল করা হয়। পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারে ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

এ ছাড়া এর আগের সপ্তাহে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের পৃথক একটি কারিগরি বিপর্যয়ে বিশ্বজুড়ে তাদের বিভিন্ন সেবা ব্যাহত হয়। বিশেষ করে আউটলুক ও টিমস ব্যবহারে সমস্যায় পড়েন বহু ব্যবহারকারী।

তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এনএসএর নেটওয়ার্কসহ সাম্প্রতিক এসব প্রযুক্তিগত বিপর্যয়ের কোনোটির পেছনেই সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত