জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা, বাধা ট্রাম্প

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের একাধিক অনানুষ্ঠানিক ভোটে বারবার তাঁর নাম সবার ওপরে উঠে এসেছে। নির্বাচিত হলে তিনি হবেন জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব। তবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকলেও তাঁর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা পরিষদের অন্তত একটি স্থায়ী সদস্যের সম্ভাব্য ভেটো। আর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সমর্থনে রাজি করানোই হতে পারে তাঁর সবচেয়ে বড় পরীক্ষা।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী ৩১ ডিসেম্বরের সময়সীমা ঘনিয়ে আসছে। এ পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিরাপত্তা পরিষদের গোপন ভোট এবং সদস্য দেশগুলোর ভূরাজনৈতিক অবস্থানের কারণে গ্রিনস্প্যানের বিরোধিতা করছে কোন স্থায়ী সদস্য—তা নিশ্চিতভাবে জানা যায়নি।

জাতিসংঘের অভ্যন্তরীণ কাঠামোর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ও ইউক্রেন যুদ্ধে তাঁর অবস্থানের কারণে কয়েকটি প্রভাবশালী দেশের সমর্থন পেতে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া তাঁর জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ট্রাম্প বারবার জাতিসংঘের কাঠামো ও কার্যক্রমে পরিবর্তন আনার পাশাপাশি সংস্থাটির ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়েছেন।

তবে নিজের কূটনৈতিক অভিজ্ঞতা এবং প্রয়োজনে ঝুঁকি নেওয়ার মানসিকতাকেই এগিয়ে থাকার শক্তি হিসেবে দেখছেন ৭০ বছর বয়সী গ্রিনস্প্যান। আলজাজিরাকে তিনি বলেন, জাতিসংঘকে ঝুঁকি নিতে অনীহা কমাতে হবে। চেষ্টা না করাই এখন সংস্থাটির জন্য সবচেয়ে বড় ঝুঁকি। যাঁদের জাতিসংঘকে প্রয়োজন, কিন্তু সংস্থাটি কার্যকর ভূমিকা রাখতে পারবে কি না—তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, তাঁদের কথা তিনি শুনেছেন। শান্তির জন্য ঝুঁকি নিতে প্রস্তুত এমন নেতৃত্ব চান তাঁরা।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের বর্তমান প্রধান গ্রিনস্প্যান এর আগে কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তাঁর মতে, কূটনৈতিক আলোচনা সব সময় প্রথমবারেই সফল হয় না। কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরও আলোচনার চেষ্টা চালিয়ে যাওয়ার সুযোগ মহাসচিবের রয়েছে। তিনি বলেন, একজন মধ্যস্থতাকারীর ১০টি প্রস্তাব ব্যর্থ হওয়ার পর ১১তমটি সফল হতে পারে। অনেক সরকারের পক্ষে এতবার প্রত্যাখ্যাত হওয়ার রাজনৈতিক মূল্য বহন করা কঠিন, কিন্তু জাতিসংঘের মহাসচিবের সে সুযোগ রয়েছে।

কোস্টারিকা থেকে আন্তর্জাতিক কূটনীতিতে

জাতিসংঘের শীর্ষ পদে প্রথম হওয়ার অভিজ্ঞতা গ্রিনস্প্যানের নতুন নয়। ২০২১ সালে তিনি আঙ্কটাডের প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। করোনাভাইরাস মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার, ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের লক্ষ্য বাস্তবায়নে কাজ করেছেন তিনি।

এর আগে লাতিন আমেরিকার রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেন গ্রিনস্প্যান। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কোস্টারিকার দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। অর্থনীতিবিদ হিসেবে কর্মজীবন শুরু করা গ্রিনস্প্যান দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আশির দশকে কোস্টারিকার ঋণসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

২০১৪ সালে লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও ইউরোপের ২২টি দেশের সমন্বয়ে গঠিত আইবেরো-আমেরিকান সম্মেলনের মহাসচিব নিযুক্ত হন তিনি। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং হাইতির পুনর্গঠনবিষয়ক জাতিসংঘ কমিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হলে সংস্থাটির সংস্কার এবং যুদ্ধ বন্ধে আলোচনায় আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন গ্রিনস্প্যান। তাঁর ভাষায়, জাতিসংঘকে রক্ষা করতে হলে পরিবর্তনের সাহস দেখাতে হবে। ৮০ বছর ধরে কাজ করা কোনো সংস্থা বলতে পারে না যে তাদের আর কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই।

কৃষ্ণসাগর চুক্তিতে মধ্যস্থতার অভিজ্ঞতা

আঙ্কটাডের প্রধান হিসেবে বৈশ্বিক বাণিজ্য, ঋণ ও অর্থনৈতিক বৈষম্য নিয়ে কাজ করেছেন গ্রিনস্প্যান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের কৃষিপণ্য কৃষ্ণসাগর দিয়ে রপ্তানির সুযোগ তৈরি করা ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি বাস্তবায়নে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

২০২২ সালে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়। চুক্তি বাস্তবায়নের সময় স্তন ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন গ্রিনস্প্যান। তাঁর ভাষ্য, চুক্তি কার্যকর করতে শুধু যুদ্ধরত দুই পক্ষকে রাজি করানোই যথেষ্ট ছিল না। ব্যাংকগুলো অর্থ লেনদেন অনুমোদন করছিল না, বিমা প্রতিষ্ঠানগুলো জাহাজের বিমা দিতে চাইছিল না এবং শিপিং কোম্পানিগুলোও দ্বিধায় ছিল। এসব পক্ষকে আলোচনার আওতায় আনতে হয়েছিল।

আঙ্কটাডের তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় ৩ কোটি ২০ লাখ টন শস্য রপ্তানি হয়েছিল। এতে বিশ্ববাজারে খাদ্যের দাম ২২ শতাংশ কমে আসে। এক বছর পর রাশিয়া চুক্তি থেকে সরে দাঁড়ালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গ্রিনস্প্যানের মতে, চুক্তিটি এক বছর কার্যকর থাকার অন্যতম কারণ ছিল রাশিয়া ও ইউক্রেনকে বোঝানো যে শস্য রপ্তানির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে যুদ্ধ নিয়ে দুই পক্ষের একমত হওয়া জরুরি নয়। মহাসচিব নির্বাচিত হলে নিরাপত্তা পরিষদেও একই ধরনের কূটনৈতিক কৌশল প্রয়োগ করতে চান তিনি। তাঁর বক্তব্য, যুদ্ধ আদর্শ পরিস্থিতির জন্য অপেক্ষা করে না, তাই কূটনীতিরও অপেক্ষা করা উচিত নয়।

তবে চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার সমালোচনা করায় মস্কো তাঁর প্রার্থিতায় ভেটো দিতে পারে বলে আগে আলজাজিরাকে জানিয়েছিলেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বৈশ্বিক বিষয় ও প্রতিষ্ঠানবিষয়ক কর্মসূচির পরিচালক রিচার্ড গওয়ান। এ আশঙ্কার মধ্যেও নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্যদের সমর্থন আদায়ে কাজ করছেন গ্রিনস্প্যান। এ বছরের এপ্রিলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

ইহুদি পরিচয় ও ইসরায়েলের সঙ্গে পারিবারিক সম্পর্ক

গ্রিনস্প্যানের বাবা-মা ছিলেন পোল্যান্ডের ইহুদি শরণার্থী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁরা মধ্য আমেরিকায় আশ্রয় নেন। ইসরায়েলের সঙ্গেও তাঁর পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একসময় তিনি নিজেও দেশটিতে পড়াশোনা করেছেন। তাঁর বোন দীর্ঘদিন ধরে ইসরায়েলে বসবাস করছেন। তাঁর ভাগনে ও ভাগনি ইসরায়েলি সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। দেশটিতে থাকা তাঁর কয়েকজন আত্মীয় নিজেদের ইহুদিবাদী বা জায়নবাদী হিসেবে পরিচয় দেন।

তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে গ্রিনস্প্যানের অবস্থান জাতিসংঘের অবস্থানের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার নিন্দা জানানোর পাশাপাশি গাজায় পরবর্তী ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে।

গ্রিনস্প্যানের নেতৃত্বে আঙ্কটাড ফিলিস্তিনের অর্থনীতির ওপর ইসরায়েলি নীতির প্রভাব নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত সংস্থাটির একটি প্রতিবেদনে বলা হয়, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফিলিস্তিনের অর্থনীতির সম্ভাব্য ক্ষতির পরিমাণ ২১২ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০১৫ সালের স্থির মূল্য ধরে হিসাব করা এ ক্ষতি ২০২৪ সালে ফিলিস্তিনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২০ গুণ।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি দখলদারত্ব, চলাচলে বিধিনিষেধ, অবরোধ এবং বারবার সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনের অর্থনীতির এই ক্ষতি হয়েছে।

গত বছর গ্রিনস্প্যান জানান, গাজার মাথাপিছু বার্ষিক জিডিপি কমে ১৬১ ডলারে নেমেছে। ২০২৩ সালে যুদ্ধ শুরুর আগে যা ছিল ৯৭০ ডলার। অর্থাৎ মাথাপিছু জিডিপি কমেছে ৮৩ শতাংশ, যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক পতন।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে তাঁর কাজ এবং পারিবারিক পরিচয়ের কারণে দুই পক্ষের কাছেই তাঁর অবস্থান আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি তিনি। নিজের পরিচয় প্রসঙ্গে গ্রিনস্প্যান বলেন, তাঁর পরিচয় তাঁকে পক্ষপাত নয়, বরং সহমর্মিতা শিখিয়েছে।

বাবা-মায়ের শরণার্থী জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যুদ্ধ মানুষের কাছ থেকে কী কেড়ে নেয় এবং শান্তি কী সম্ভাবনা তৈরি করে, তা তিনি জানেন। তাঁর ভাষায়, তিনি শান্তির উত্তরাধিকার বহন করছেন এবং সবাই মিলে আবারও শান্তি প্রতিষ্ঠা করতে পারেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব পদে গ্রিনস্প্যানের সম্ভাব্য নিয়োগ নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এগিয়ে থাকলেও বাধা ওয়াশিংটনের সমর্থন

নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটে গ্রিনস্প্যান এগিয়ে থাকলেও চূড়ান্ত নির্বাচনের জন্য পাঁচ স্থায়ী সদস্যের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য—এই পাঁচ দেশের প্রত্যেকেরই ভেটো ক্ষমতা রয়েছে। ফলে যেকোনো একটি দেশ তাঁর প্রার্থিতার বিরোধিতা করলেই নির্বাচনের পথ আটকে যেতে পারে।

জাতিসংঘের অভ্যন্তরীণ প্রার্থী হিসেবে পরিচিত গ্রিনস্প্যানকে ট্রাম্প প্রশাসনের কাছে নিজের সংস্কার পরিকল্পনা গ্রহণযোগ্য করে তুলতে হবে। কারণ, ট্রাম্প একাধিকবার জাতিসংঘের কাঠামো ও কার্যক্রম নতুন করে সাজানোর কথা বলেছেন।

চলতি মাসের শুরুতে কূটনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যম ডেভেক্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহের প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়া সমর্থন জানিয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যও তাঁর প্রার্থিতায় তেমন আপত্তি দেখায়নি। নিরাপত্তা পরিষদের সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটে ১৫ সদস্যের মধ্যে নুসেইবেহের বিপক্ষে ছয়টি ভোট পড়েছে। তবে এর মধ্যে কোনো স্থায়ী সদস্যের ভেটো ছিল কি না, তা স্পষ্ট নয়।

অন্যদিকে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীন লাতিন আমেরিকার কোনো প্রার্থীকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। তবে বেইজিং এখনো প্রকাশ্যে কাউকে সমর্থন দেয়নি।

যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ গবেষক এবং আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস্থার ব্রিমারের মতে, ট্রাম্প প্রশাসনের সমর্থন পেতে গ্রিনস্প্যানকে জাতিসংঘের সংস্কার, পুনর্গঠন ও কাঠামো আরও সংহত করার বিষয়ে নিজের অঙ্গীকার স্পষ্ট করতে হবে।

আলজাজিরাকে ব্রিমার বলেন, জাতিসংঘের অভ্যন্তরীণ কোনো প্রার্থীকে এত বড় ও জটিল সংস্থায় পরিবর্তন আনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারীদের আশ্বস্ত করতে বাড়তি পরিশ্রম করতে হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারাবাহিকভাবে জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। তবে সেই সংস্কার কীভাবে সংজ্ঞায়িত ও বাস্তবায়িত হবে, তার ওপর বহুপক্ষীয় কূটনীতির ভবিষ্যৎ নির্ভর করবে।

গ্রিনস্প্যানের সংস্কার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের প্রত্যাশার সঙ্গে কতটা মেলে, তার ওপরই শেষ পর্যন্ত জাতিসংঘের শীর্ষ পদে তাঁর ভাগ্য নির্ভর করতে পারে। কঠিন কূটনৈতিক আলোচনা ও মধ্যস্থতার অভিজ্ঞতা থাকলেও এবার তাঁকে সম্ভবত সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।

সূত্র: আল-জাজিরা