বিশ্বের তিন প্রভাবশালী নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁদের বয়স ৭০ বছরের বেশি। বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ রয়েছে তাঁদের নেতৃত্বাধীন তিন দেশের হাতে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এক বৈঠকে বসতে যাচ্ছেন তাঁরা। কিন্তু বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি এখনো স্পষ্ট নয়। এই পরিস্থিতিই ইউরোপের নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
বৈঠকে কী আলোচনা হবে, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। সাধারণত এ ধরনের উচ্চপর্যায়ের সম্মেলনের আগে কয়েক মাস ধরে প্রস্তুতি চলে এবং সম্ভাব্য সিদ্ধান্ত ও ফলাফল নিয়ে স্পষ্ট ধারণা তৈরি করা হয়। কিন্তু শেনজেনের এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি পুরো হিসাবকে অনিশ্চিত করে তুলেছে।
পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধকে বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বড় কোনো অগ্রগতির প্রত্যাশা কম। চীন জানিয়েছে, বিশ্বশান্তি রক্ষার বিষয়টিও আলোচনায় থাকতে পারে। কিন্তু ট্রাম্প এরই মধ্যে ইরান, ইউক্রেন, এনভিডিয়া এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের প্রসঙ্গ তুলেছেন।
বিশ্বনেতাদের নির্ধারিত আলোচনার বাইরে গিয়ে কথা বলা নতুন কিছু নয়। তবে এবারের বৈঠকে এমন বিচ্যুতি বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।
সোমবার ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দেশটিকে তাঁর ‘প্রিয় বিষয়’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রতি মাসে ২৫ হাজার সেনা হারাচ্ছে ইউক্রেন। তাঁর বক্তব্যে রাশিয়ার ক্ষয়ক্ষতির বিষয়টি প্রায় আড়ালেই থেকে যায়। প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের কাছে ইউক্রেন এমন একটি সমস্যা, যে দেশটি আক্রান্ত হওয়ার পরও তাঁর দ্রুত সমঝোতার প্রস্তাব মেনে নেয়নি এবং যুদ্ধক্ষেত্রে ক্রমাগত পিছিয়ে পড়ছে বলে তিনি মনে করেন।
তবে শেনজেনের বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগের কারণ শুধু এই নয় যে, সেখানে কোনো ঘোষণা এলে ইউক্রেন ও তার মিত্ররা তা মেনে নিতে বাধ্য হবে। বরং উদ্বেগের বড় জায়গা হলো, ক্ষমতাধর কর্তৃত্ববাদী নেতাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার প্রতি ট্রাম্পের আগ্রহ, তাঁদের মধ্যে ব্যক্তিগতভাবে কী সমঝোতা হয় এবং তা পুতিনের আত্মবিশ্বাস ও শি জিনপিংয়ের কাছে ট্রাম্পের অবস্থান সম্পর্কে কী বার্তা দেয়।
বৈঠকে অংশ নেওয়ার মধ্য দিয়েই পুতিন আন্তর্জাতিক মঞ্চে বড় ধরনের প্রচারের সুযোগ পাচ্ছেন। এক দিনের জন্য হলেও রাশিয়াকে আবারও বৈশ্বিক পরাশক্তি হিসেবে তুলে ধরতে পারবেন তিনি। ইউক্রেনে হামলার কারণে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মুখে থাকা পুতিনের জন্য এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন হতে পারে।
ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে উদ্বেগ স্পষ্ট। সিএনএনকে নাম প্রকাশ না করার শর্তে এক ইউরোপীয় কর্মকর্তা বলেন, ট্রাম্প সাধারণত সর্বশেষ যাঁর সঙ্গে কথা বলেন, তাঁর বক্তব্যেই বেশি প্রভাবিত হন। ফলে বৈঠকে তাঁর অবস্থান নির্ধারণে এটি ভূমিকা রাখতে পারে।
আরেক ইউরোপীয় কূটনীতিকের আশঙ্কা, এই বৈঠক থেকে ইউরোপের নিরাপত্তার জন্য ইতিবাচক কিছু আসার সম্ভাবনা কম। অন্য এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তিন নেতার একসঙ্গে উপস্থিত হওয়ার দৃশ্যটি ইউরোপের জন্য বিব্রতকর হলেও বৈঠকে বড় কোনো চুক্তি হয়ে যাবে—এমন আশঙ্কা তিনি করছেন না।
এক ইউরোপীয় কর্মকর্তা বৈঠকটিকে পুতিনের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, বৈঠকের পর তিন নেতার একসঙ্গে তোলা ছবিতে কে মাঝখানে দাঁড়াবেন, সেটিও ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিশ্লেষণ অনুযায়ী, ওই ছবি পশ্চিমা বিশ্বের প্রভাব কমে যাওয়ার প্রতীকী বার্তা দিতে পারে। সেখানে থাকবেন ইউক্রেনে হামলা চালানো পুতিন, যাঁর যুদ্ধ পরিচালনায় চীন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়তা দিচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প—যিনি ইউক্রেনকে সামরিক সহায়তা সীমিত করে দ্রুত সমঝোতায় রাজি করানোর চেষ্টা করছেন।
ইউক্রেন নিয়ে রাশিয়ার বয়ান মেনে নেওয়ার আশঙ্কা
বৈঠকের অন্যতম বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে, ট্রাম্প রাশিয়ার বক্তব্য বা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে মস্কোর উপস্থাপিত তথ্যকে সত্য হিসেবে গ্রহণ করতে পারেন। এরপর পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে তড়িঘড়ি কোনো সমঝোতায় পৌঁছালে সেটি বাস্তবায়নের চাপও তাঁর ওপর তৈরি হতে পারে।
ইউরোপের কয়েকজন কর্মকর্তা আশা করছেন, চীন ইউক্রেন যুদ্ধ বন্ধে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে। তাঁদের এই আশার পেছনে রয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কমাতে পুতিনের ওপর শি জিনপিংয়ের কথিত চাপ, রাশিয়াকে সরাসরি ব্যাপক সামরিক অস্ত্র সরবরাহে চীনের বিরত থাকা এবং বৈশ্বিক পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার বেইজিংয়ের আকাঙ্ক্ষা।
তবে এই আশাবাদ চীনের নিজস্ব স্বার্থের বিষয়টি উপেক্ষা করে বলে প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় চায় না বেইজিং। কারণ, মস্কোর পরাজয় চীনের গুরুত্বপূর্ণ মিত্রের জন্য বড় রাজনৈতিক অপমান হয়ে দাঁড়াতে পারে। এ ছাড়া ইরান ও ভেনেজুয়েলার মতো চীনের ঘনিষ্ঠ দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চাপও বেইজিংয়ের হিসাবকে প্রভাবিত করতে পারে।
গত এক মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি উদ্যোগের কয়েকটি পদক্ষেপ ইউক্রেন ও ইউরোপের ন্যাটো সদস্যদের উদ্বেগ বাড়িয়েছে। এই উদ্যোগে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের কূটনৈতিক অভিজ্ঞতা ও সাফল্য নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ট্রাম্প রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার একটি চুক্তি করেন। এর ফলে রাশিয়ার ওপর কয়েক বছরের নিষেধাজ্ঞা শিথিল হয় এবং ক্রেমলিনের যুদ্ধ তহবিলে অর্থ যোগানোর সুযোগ তৈরি হয়। এরপর ইউক্রেনের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ মার্কিন গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও স্টারশিল্ড সেবা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। হোয়াইট হাউস অবশ্য এসব সেবা বন্ধের বিষয়টি অস্বীকার করেছে অথবা এর গুরুত্ব কমিয়ে দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত মাসে ক্রেমলিনে এক বৈঠকে সাবেক মার্কিন সেনাসদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়ার পর উইটকফ পুতিনকে ‘মানবিক’ বলে প্রশংসা করেন।
পরে ওয়াশিংটনে পুতিনের এক প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর কুশনার শান্তি আলোচনাকে ইউরোপের নতুন নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে তুলে ধরেন। এতে ক্রেমলিনের সেই বক্তব্যের প্রতিফলন দেখা যায়, যেখানে রাশিয়ার বদলে ন্যাটোকে সংঘাতের জন্য দায়ী করা হয়। অথচ ২০০৮ সালে জর্জিয়া এবং ২০১৪ ও ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালিয়েছে।
শান্তি সম্মেলনের সময় ইউক্রেনের জন্য স্টারশিল্ড সেবায় আরও বিধিনিষেধ আরোপের পর কুশনার পুতিনের সমর্থন আদায়ের আশায় মস্কো যান। ইউরোপকে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় যুক্ত করার বিষয়ে পুতিন সম্মতি দিয়েছেন বলে ফিরে এসে দাবি করেন তিনি। তবে ক্রেমলিন সেই দাবি সরাসরি অস্বীকার করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ডনবাস অঞ্চলের বাকি অংশ ছেড়ে দিলে ইউক্রেনকে ন্যাটোর মতো নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কুশনার।
প্রতিবেদনের বিশ্লেষণে বলা হয়েছে, প্রকাশ্যে জানা এসব ঘটনার বাইরেও অনেক কিছু ঘটতে পারে। শেনজেনের সম্মেলনকে তাই ট্রাম্পের মস্কোর প্রতি ঝুঁকে পড়ার ধারাবাহিকতার চূড়ান্ত পর্যায় হিসেবে দেখার আশঙ্কা রয়েছে। ট্রাম্প এর আগে বলেছিলেন, পুতিন চাইলে ইউক্রেনের বিরুদ্ধে আরও কঠোর হতে পারতেন। এ বক্তব্য রাশিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডারের কথা বিবেচনায় নিলে উদ্বেগ বাড়ায় বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা কতটা যৌক্তিক?
শেনজেনের বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের দ্বিতীয় সংস্করণ হিসেবে দেখার সুযোগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াল্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের উত্তরসূরি হ্যারি ট্রুম্যান, সোভিয়েত নেতা জোসেফ স্টালিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যুদ্ধোত্তর বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন। তিন বিজয়ী শক্তির সেই সম্মেলনে বিশ্বের ক্ষমতার ভারসাম্য নতুনভাবে নির্ধারিত হয়েছিল।
শেনজেনে বৈঠকে বসছেন ভিন্ন বাস্তবতার তিন নেতা। ট্রাম্প ও পুতিন এমন দুটি যুদ্ধের সঙ্গে যুক্ত, যেগুলো তাঁদের নিজস্ব সিদ্ধান্তের ফল এবং প্রত্যাশিত সাফল্য আনতে পারেনি বলে প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে। অন্যদিকে, শি জিনপিংয়ের নেতৃত্বে চীন প্রযুক্তি ও অর্থনীতিতে দ্রুত বৈশ্বিক শক্তি হয়ে উঠেছে। তবে তাইওয়ান নিয়ে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে এখনো সরাসরি সামরিক পদক্ষেপ থেকে দূরে রয়েছে বেইজিং।
প্রতিবেদনের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রুম্যান, স্টালিন ও চার্চিলের সিদ্ধান্তের দিকে বিশ্বকে তাকাতে হয়েছিল। কিন্তু শেনজেনের বৈঠকের ফলাফল হয়তো ইতিহাসে তেমন গুরুত্ব পাবে না। তবে এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার ওপর।
সেই ক্ষতি শুধু বৈঠক শেষে ট্রাম্পের মুখে রাশিয়ার বক্তব্যের পুনরাবৃত্তি, পুতিনের বিতর্কিত ইতিহাসবিষয়ক দাবি প্রচারের সুযোগ পাওয়া কিংবা শি জিনপিংকে তুলনামূলক শান্ত ও বিচক্ষণ নেতা হিসেবে তুলে ধরার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং মূল উদ্বেগ হলো, ব্যক্তিগত বৈঠকে পুতিনের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি না করা। ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি বা স্থায়ী শান্তির দাবি না তুলে ইউক্রেন ও ইউরোপের কাছেই ছাড় দেওয়ার প্রত্যাশা তৈরি হতে পারে।
এতে শান্তি আলোচনা আবারও রাশিয়ার স্বার্থের অনুকূলে নতুন মোড় নিতে পারে। সেই সুযোগে ক্রেমলিন ডনবাসের ছোট ছোট এলাকা দখলের চেষ্টা চালিয়ে যেতে পারে। আর ইউক্রেনের সাধারণ মানুষকে আরও একটি কঠিন শীতের মুখোমুখি হতে হতে পারে।
শি জিনপিংয়ের বয়স ৭৩, পুতিনের ৭৪ এবং ট্রাম্পের ৮০ বছর। তিন নেতার হাতেই বিশ্বরাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। তাঁদের হাতে সময়ও সীমিত। ইতিহাসে কর্তৃত্ববাদী শাসনের প্রভাব হয়তো একসময় কমে আসবে। কিন্তু ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি দুই বছর ইউরোপ ও ইউক্রেনের নিরাপত্তার জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে—এমন আশঙ্কাই তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
সূত্র: সিএনএন
কুড়াল দিয়ে মার্কিন সামরিক বিমানে হামলা!
জিটিএ ৬ খেলতে স্ত্রী-মেয়ের সঙ্গে ‘বিরক্ত না করার চুক্তি’ করলেন স্বামী
‘ডার্টি বোমা’ হামলা চালালে ইরানকে চড়া মূল্য দিতে হবে: ট্রাম্প
সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯
চীনের এপেক সম্মেলনে ট্রাম্পের লক্ষ্য কী?