চীনের প্রযুক্তিগত উত্থান ঠেকানো যে সহজ নয়, ট্রাম্পকে দেখাতে চান শি

চীনের প্রযুক্তিগত অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক চাপ মোকাবিলায় দেশটির সক্ষমতা বিশ্বনেতাদের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ এক মঞ্চ হিসেবে শেনজেনকে বেছে নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি সপ্তাহে এই প্রযুক্তিনগরীতে বসছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) বার্ষিক সম্মেলন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন শি।

শেনজেন চীনের দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম প্রতীক। একসময় সস্তা ইলেকট্রনিক পণ্য ও বিলাসপণ্যের নকল তৈরির জন্য পরিচিত শহরটি এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও উৎপাদনকেন্দ্র। প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের এই শহরে রয়েছে হুয়াওয়ে, ড্রোন নির্মাতা ডিজেআই এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির মতো প্রতিষ্ঠানের সদর দপ্তর। যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা ও কালো তালিকাভুক্তির মতো বাধার মধ্যেও এসব প্রতিষ্ঠান নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছে।

চীনের রপ্তানি প্রবৃদ্ধিতেও প্রযুক্তিপণ্যের বড় ভূমিকা রয়েছে। চলতি বছর এরই মধ্যে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ছুঁয়েছে। শেনজেনের প্রযুক্তিশিল্প এই সাফল্যের অন্যতম চালিকাশক্তি।

সম্মেলনে অংশ নিতে আসা বিশ্বনেতারা শহরটিতে এমন এক পরিবেশ দেখতে পাবেন, যেখানে চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি রাস্তায় চলবে, রোবট কফি পরিবেশন করবে এবং কিছু এলাকায় স্বচালিত ট্যাক্সি যাত্রী পরিবহন করবে। ড্রোনের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি শহরজুড়ে নজরদারি ক্যামেরার উপস্থিতি চোখে পড়বে।

প্রযুক্তিনির্ভর এই নগরচিত্র যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে বেশ বৈপরীত্য তৈরি করতে পারে। দেশটিতে চলতি সপ্তাহে বিভিন্ন ব্যবস্থায় প্রযুক্তিগত বিভ্রাটের খবর এসেছে। এমনকি কয়েক মাস আগেও যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা পুরোনো ফ্লপি ডিস্ক ব্যবহার করত বলে খবর প্রকাশিত হয়েছে।

শেনজেনকে সম্মেলনের আয়োজক শহর হিসেবে বেছে নেওয়ার মধ্য দিয়ে চীন বিশ্বকে দেখাতে চায়, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও বাণিজ্যিক চাপ সত্ত্বেও দেশটির অগ্রযাত্রা থেমে নেই। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত প্রযুক্তি নিয়ে দুই দেশের প্রতিযোগিতা যখন নতুন করে উত্তপ্ত হচ্ছে, তখন এই আয়োজনের প্রতীকী গুরুত্ব আরও বেড়েছে।

এআই চিপ নিয়ে নতুন উত্তেজনা

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর চীনের কাছে উন্নত মার্কিন প্রযুক্তি বিক্রি সীমিত করার দাবি আবারও জোরালো হয়েছে। এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের সাম্প্রতিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ নতুন একটি বিধি প্রকাশ করেছে। এর লক্ষ্য, বিদেশে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে চীনা কোম্পানিগুলোর উন্নত মার্কিন চিপ পাওয়ার সুযোগ বন্ধ করা। ওয়াশিংটনের দাবি, আগের নিয়মের কিছু ফাঁকফোকর ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো এসব চিপ সংগ্রহ করতে পারছিল।

এর প্রতিক্রিয়ায় বেইজিং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার এবং অযৌক্তিক দমননীতি বলে অভিহিত করেছে।

সাম্প্রতিক এই উত্তেজনার আগেই চীনের প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ মোকাবিলা শি জিনপিংয়ের শেনজেন সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা ছিল। যুক্তরাষ্ট্র শুধু নিজের বাজারে চীনা প্রযুক্তির প্রবেশ সীমিত করছে না, অন্য দেশগুলোকেও চীনা প্রযুক্তি ব্যবহার থেকে বিরত রাখার চেষ্টা করছে বলে মনে করে বেইজিং।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বাড়ানোর চেষ্টা

এবারের এপেক সম্মেলনে প্রশান্ত মহাসাগরের দুই পাশের প্রায় দুই ডজন অর্থনীতি অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, মেক্সিকো, কানাডা, অস্ট্রেলিয়া ও জাপান।

শি জিনপিং আশা করছেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং ইরান যুদ্ধসহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কারণে বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে চীনের বক্তব্যের প্রতি সহানুভূতি তৈরি হবে।

সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ‘অভিন্ন ভবিষ্যৎ’ গড়ার আহ্বান জানাতে পারেন শি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি ‘সর্বজনীন সম্পদ’ হিসেবে বিবেচনা করে বৈশ্বিক এআই ব্যবস্থায় চীনের নেতৃত্ব প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরবেন তিনি।

এর বিপরীতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ সম্মেলনে যোগ দেওয়ার আগে ম্যানিলায় মিত্রদেশগুলোর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তাঁরা ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের পক্ষে প্রচার চালিয়ে থাকতে পারেন। এ উদ্যোগের লক্ষ্য, সংবেদনশীল এআই সরবরাহব্যবস্থা থেকে চীনকে বাইরে রাখতে বিভিন্ন দেশকে একমত করা।

বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের শিল্পকে সুরক্ষা দিতে চীনা পণ্যের ওপর নতুন বাণিজ্যিক বাধা আরোপ করতে পারে—এমন আশঙ্কা রয়েছে বেইজিংয়ের। কারণ, চীনের অর্থনীতি ব্যাপকভাবে রপ্তানিনির্ভর এবং প্রযুক্তিপণ্যের রপ্তানি দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সাংহাইভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের চীনবিষয়ক কার্যক্রমের প্রধান হান লিন বলেন, সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলো যেন মনে করে যে নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি, সেটিই বেইজিংয়ের লক্ষ্য। তাঁর মতে, এশিয়ার অর্থনৈতিক ভবিষ্যতে চীন যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তা দেখানোর সুযোগ এই সম্মেলন।

ট্রাম্প-পুতিনের সঙ্গে বৈঠকে শির কূটনৈতিক গুরুত্ব

এপেকের মূল সম্মেলনের পাশাপাশি ট্রাম্প ও পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকও বিশেষ গুরুত্ব পাচ্ছে। চীনের দৃষ্টিতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব ও অবস্থান তুলে ধরার বড় সুযোগ।

এ বছর এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে তৃতীয়বারের মতো সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন শি। অন্যদিকে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা সামলে নিজের প্রেসিডেন্ট মেয়াদের শেষ দুই বছরে প্রবেশ করছেন। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটা একঘরে হয়ে পড়া পুতিনও দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ বিদেশ সফরে যাচ্ছেন। যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতিও চাপে রয়েছে।

অন্যদিকে, আগামী বছরের শরতে চীনা কমিউনিস্ট পার্টির সম্মেলনে শি জিনপিংয়ের চতুর্থ মেয়াদে দেশটির শীর্ষ নেতৃত্বে থাকার বিষয়টি আরও পাকাপোক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীন এই ত্রিপক্ষীয় বৈঠককে ‘যুগান্তকারী’ হিসেবে বর্ণনা করেছে। বেইজিংয়ের ভাষ্য, বৈঠকে বিশ্বশান্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তবে এতে বাস্তব কোনো বড় সিদ্ধান্ত বা অগ্রগতি আসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ট্রাম্প ও শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকেও বড় কোনো সমঝোতার চেয়ে চলমান বাণিজ্য আলোচনার অগ্রগতি পর্যালোচনাই বেশি গুরুত্ব পেতে পারে। চলতি বছর তাঁদের আরও একবার বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

তবে শি জিনপিংয়ের জন্য এই সম্মেলনের সাফল্য শুধু কোনো চুক্তি বা ঘোষণার ওপর নির্ভর করছে না। প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক শেনজেনের পটভূমিতে বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক আয়োজনের মধ্য দিয়েই চীন নিজের বৈশ্বিক অবস্থান ও প্রযুক্তিগত সক্ষমতার শক্তিশালী বার্তা দিতে চায়।