জাপানের জনপ্রিয় খাবার ক্রোকেট, নিকুজাগা স্টু কিংবা ঘরে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই—এসব খাবারের অন্যতম প্রধান উপকরণ আলু। চালের পাশাপাশি আলুও দেশটির গুরুত্বপূর্ণ স্থানীয় কৃষিপণ্য। খাদ্যের ৬০ শতাংশের বেশি আমদানি করা জাপান নিজেদের উৎপাদিত এই পণ্যকে দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এবার বদলাতে পারে সেই অবস্থান। প্রায় ৭৬ বছর ধরে চলা মার্কিন তাজা আলু আমদানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগোচ্ছে জাপান। এতে দেশটির বাজারে প্রথমবারের মতো তাজা মার্কিন আলু বিক্রি ও রেস্তোরাঁয় ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। ১৯৫০ সাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
তবে জাপানের আলুচাষিরা এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তাঁদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র থেকে আলু আমদানি শুরু হলে স্থানীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি আমদানি করা আলুর সঙ্গে ক্ষতিকর পোকামাকড় ও রোগজীবাণু জাপানে ছড়িয়ে পড়তে পারে। এতে দেশটির আলুচাষের জমি দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়বে।
২০০৬ সালে জাপান সীমিত পরিসরে মার্কিন আলু আমদানির অনুমতি দেয়। তবে তা শুধু আলুর চিপস তৈরির জন্য। আমদানি করা আলু সিল করা কনটেইনারে পরিবহন করতে হয় এবং রোগবালাই ও পোকামাকড় ছড়িয়ে পড়া ঠেকাতে উচ্চ তাপমাত্রায় রান্না করতে হয়। নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হলে তাজা মার্কিন আলু রেস্তোরাঁ ও সুপারশপে বিক্রির সুযোগ তৈরি হবে।
জাপানের কৃষি সংগঠনের হোক্কাইডো শাখার কর্মকর্তা তোশিহিদে নুমাসাওয়া বলেন, তাঁরা বারবার এবং স্পষ্টভাবে আলু আমদানির বিরোধিতা করেছেন। তাঁর মতে, আমদানির ফলে দেশে ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই প্রবেশের ঝুঁকি রয়েছে। এতে হোক্কাইডোর আলু উৎপাদন এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে।
জাপানের খাদ্যসংস্কৃতিতে আলুর বিশেষ স্থান
১৫৯৮ সালে ডাচ বণিকেরা জাপানে আলু নিয়ে আসেন। প্রথম দিকে উদ্ভিদপ্রেমীদের সংগ্রহের বস্তু হিসেবে আলুর পরিচিতি থাকলেও ১৮০০ সালের মাঝামাঝি সময়ে এটি চালের বিকল্প পুষ্টিকর খাবার হয়ে ওঠে। বিশেষ করে হোক্কাইডোর শীতল আবহাওয়ায় ধান চাষ কঠিন হওয়ায় সেখানে আলুর উৎপাদন বাড়তে থাকে।
সময়ের সঙ্গে আলু জাপানের খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মাখন মাখানো সেদ্ধ বা বেক করা আলু ‘জাগা বাটা’ দেশটির জনপ্রিয় খাবার। আর ‘পোতেতো সালাদ’ প্রায় জাতীয় খাবারের মর্যাদা পেয়েছে।
হোক্কাইডোর পরিচিত আলুর জাতগুলোর একটি ‘দাংশাকু’ বা আইরিশ কবলার। এতে শ্বেতসারের পরিমাণ বেশি। রান্নার পর আলুর ভেতরের অংশ নরম ও ঝুরঝুরে হয়। মাখনসহ বিভিন্ন উপকরণ মেশানোর পাশাপাশি মাংসের ঝোল শোষণ করার জন্যও এই আলু উপযোগী।
নুমাসাওয়া বলেন, জাপানের ভোক্তারা এখন বিভিন্ন খাবারের জন্য কোন জাতের আলু উপযোগী, তা চিনতে শিখেছেন। তবে হোক্কাইডোর কৃষকেরা স্থানীয় পোকামাকড়ের আক্রমণ, বৈশ্বিক উষ্ণতা এবং গ্রামীণ জনসংখ্যা কমে যাওয়ার মতো সমস্যার মধ্যেও রয়েছেন।
জাপানের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ৯০টির বেশি জাতের আলু উৎপাদিত হয়। ২০২৪ সালে জাপানের মানুষ মোট ৩৫ লাখ টন আলু খেয়েছেন। এর মধ্যে চিপস তৈরিতে ব্যবহারের জন্য আমদানি করা তাজা আলুর পরিমাণ ছিল ১২ লাখ টন।
বাণিজ্য আলোচনায় আলু, চাপে নতুন কৃষিমন্ত্রী
মার্কিন-জাপান বাণিজ্য আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে আলু আমদানির নিষেধাজ্ঞা। এতে নতুন দায়িত্ব নেওয়া জাপানের কৃষিমন্ত্রী আরাতা তাকেবেকে শুরুতেই চাপে পড়তে হয়েছে। তাঁর নির্বাচনী এলাকাও হোক্কাইডোর গুরুত্বপূর্ণ আলু উৎপাদন অঞ্চলে অবস্থিত।
সম্প্রতি জিজি প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকেবে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে বিস্তারিত বৈজ্ঞানিক ও কারিগরি আলোচনা হওয়া প্রয়োজন। সিদ্ধান্ত নিতে যথেষ্ট সময় লাগতে পারে বলেও জানান তিনি।
তাকেবে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো প্রত্যাশা রয়েছে, তা তিনি জানেন। তবে পর্যাপ্ত আলোচনা এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতা ছাড়া আমদানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না।
চিপস তৈরির জন্য আমদানি করা আলু কঠোর উদ্ভিদ স্বাস্থ্য পরীক্ষার আওতায় থাকে। কিন্তু তাজা আলুর চালানেও ক্ষতিকর পোকামাকড় ও অণুজীব প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন জাপানের কৃষকেরা। দেশটির সরকার এমন ২১টি পোকামাকড় ও রোগ শনাক্ত করেছে, যেগুলো জাপানে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করতে পারে।
এসবের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ আলুর সিস্ট নিমাটোড ও প্যাল সিস্ট নিমাটোড। এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতিকর নয়। তবে আলুর শিকড় নষ্ট করে গাছের বৃদ্ধি ব্যাহত করতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা, এসব পরজীবী মাটিতে ১৫ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের চাপ
চলতি বছরের শুরুতে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য ট্রাম্পকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আলোচনায় আলু আমদানির নিষেধাজ্ঞার বিষয়টি বারবার তোলার আহ্বান জানান।
ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে তাঁরা লেখেন, যুক্তরাষ্ট্রের কৃষকেরা বিশ্বের সেরা আলু উৎপাদন করেন। জাপান তাঁদের জন্য বড় বাজার এবং সেখানে রপ্তানি বাড়ানোর উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
নিজের প্রথম মেয়াদেও ট্রাম্প বিষয়টি তুলেছিলেন। এবার তাঁর চাপের মুখে জাপান সরকার আলোচনা শুরু করতে রাজি হয়েছে। এদিকে গ্রামীণ আমেরিকার জন্য ট্রাম্পের নীতিগুলো ক্ষতিকর—এমন অভিযোগের মুখেও রয়েছেন তিনি।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সমর্থকদের দাবি, যুক্তরাষ্ট্র থেকে আলু আমদানি শুরু হলে জাপানের ভোক্তারা কম দামে আলু কিনতে পারবেন। পাশাপাশি মার্কিন কৃষকদের বছরে অতিরিক্ত ১৫ কোটি ডলারের রপ্তানি আয় হতে পারে।
তবে হোক্কাইডোর কৃষকদের বক্তব্য, পোকামাকড় ও রোগবালাইয়ের ঝুঁকি দূর করতে এখনো যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তাঁরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিপক্ষে।
হোক্কাইডো অ্যাগ্রিকালচারাল করপোরেশনস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, হোক্কাইডোর কৃষি রক্ষা করা মানে শুধু একটি অঞ্চলকে রক্ষা করা নয়। এটি ভবিষ্যতে জাপানের খাদ্য সরবরাহের ভিত্তি রক্ষারও বিষয়।
হোক্কাইডোর আলুচাষি নাওহিরো মাকিনোও নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে। আসাহি শিম্বুনকে তিনি বলেন, একবার ক্ষতিকর পোকামাকড় জমিতে প্রবেশ করলে এক দশকেরও বেশি সময় সেখানে আলু চাষ করা সম্ভব নাও হতে পারে। পূর্বপুরুষদের রক্ষা করে আসা কৃষিজমির স্বার্থেই তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করছেন।
একদিকে কম দামে আলু পাওয়ার সম্ভাবনা ও মার্কিন কৃষকদের রপ্তানি বাড়ানোর সুযোগ, অন্যদিকে স্থানীয় কৃষি ও খাদ্যনিরাপত্তার ঝুঁকি—এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজছে জাপান। ফলে ৭৬ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত দেশটির কৃষি ও বাণিজ্যনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান