মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘চমৎকার মেজাজে’ রয়েছেন বলে জানিয়েছেন তাঁর পররাষ্ট্রনীতিবিষয়ক শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ।
রুশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেস্তিকে দেওয়া সাক্ষাৎকারে উশাকভ বলেন, দুই প্রেসিডেন্টের আলোচনা ভালো হয়েছে।
বৈঠকের একটি ভিডিও রুশ সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এতে দেখা যায়, কক্ষে প্রবেশ করে ট্রাম্প পুতিনকে উদ্দেশ করে বলছেন, ‘তিনি কে? তিনি আমার বন্ধু!’
উশাকভের ভাষ্য অনুযায়ী, ৩৫ থেকে ৪০ মিনিটের ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধই ছিল আলোচনার প্রধান বিষয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা।
ক্রেমলিনের দাবি, বৈঠকে দুই প্রেসিডেন্টের কেউই বড় কোনো ঘোষণা দেননি। কারণ, দিনের পরবর্তী সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিচ্ছে উভয় পক্ষ।