দাদির হাতের কাজকে ব্যবসায় রূপ দিলেন অনন্যা, এখন মাসে আয় ৫ লাখ টাকা

দাদি-নানিদের হাতে তৈরি ক্রোশের কাজ অনেকের কাছেই শৈশবের স্মৃতি কিংবা শখের বিষয়। কিন্তু সেই ঐতিহ্যবাহী হাতের কাজকেই বড় ব্যবসায় পরিণত করেছেন ভারতের দেরাদুনের তরুণ উদ্যোক্তা অনন্যা মালহোত্রা। মাত্র ২০০ রুপি পুঁজি নিয়ে শুরু করা তাঁর উদ্যোগ থেকে এখন মাসে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত আয় হচ্ছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের এই স্নাতক নিজের শৈশবের শখকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ‘এনচ্যান্টেড থ্রেডস’ নামে একটি ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের পাশাপাশি ব্লিঙ্কিট ও সুইগি ইনস্টামার্টের মতো দ্রুত পণ্য সরবরাহকারী প্ল্যাটফর্মেও বিক্রি হচ্ছে তাঁর তৈরি ক্রোশের পণ্য।

এই উদ্যোগের মাধ্যমে উত্তরাখণ্ডের ১২০ জনের বেশি নারী কারুশিল্পীর জন্যও আয়ের সুযোগ তৈরি হয়েছে। ইনস্টাগ্রামে ছোট পরিসরে শুরু হওয়া ব্যবসাটি ধীরে ধীরে ভারতের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে পৌঁছে গেছে।

ক্রোশের কাজের সঙ্গে অনন্যার পরিচয় শৈশবেই। মাত্র ১০ বছর বয়সে তাঁদের বাড়ির গৃহকর্মীর কাছ থেকে তিনি এ কাজ শেখেন। তখন এটি ছিল নিছক আনন্দের একটি শখ। সেই দক্ষতাই একদিন তাঁর ব্যবসার ভিত্তি হয়ে উঠবে, তা ভাবেননি তিনি।

১৭ বছর বয়সে হাতে তৈরি পণ্য বিক্রির বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন অনন্যা। প্রায় ১০০ থেকে ২০০ রুপি খরচ করে উল ও কানের দুল তৈরির হুপ কিনে নেন। এরপর নিজের তৈরি পণ্য প্রদর্শনের জন্য ইনস্টাগ্রামে একটি পেজ খোলেন।

সামান্য পুঁজি ও শৈশবের শেখা দক্ষতা নিয়ে শুরু হওয়া সেই উদ্যোগই পরে ‘এনচ্যান্টেড থ্রেডস’ ব্র্যান্ডে রূপ নেয়।