ইয়েমেনের যুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে ভাই, ভাঙছে পারিবারিক বন্ধন

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

ইয়েমেনের গৃহযুদ্ধ শুধু রাজনৈতিক ও সামরিক বিভাজনেই সীমাবদ্ধ নেই; তা ছড়িয়ে পড়েছে মানুষের ঘরেও। একই পরিবারের সদস্যরা যোগ দিচ্ছেন পরস্পরবিরোধী সশস্ত্র পক্ষের সঙ্গে। এমনকি চাচাতো ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়ছেন আরেক চাচাতো ভাই। যুদ্ধের বিভীষিকায় ভেঙে যাচ্ছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা পারিবারিক সম্পর্ক।

৪৫ বছর বয়সী মুখতারকে নিজের জন্ম ও বেড়ে ওঠার গ্রাম ছেড়ে যেতে হয়েছিল ২০১৯ সালে। গ্রামটি ইয়েমেনের তাইজ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে। শুরুতে তাঁর কাছে হুথিরা (আনসার আল্লাহ নামেও পরিচিত) একটি ন্যায়সংগত উদ্দেশ্যে লড়াই করছে বলে মনে হয়েছিল। তাই তাদের সমর্থনে যোগ দেওয়াকে নিজের দায়িত্ব মনে করেছিলেন তিনি।

মুখতার তখন সৌদি আরব-সমর্থিত সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করতেন। সেখানে থাকা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছিল। তাঁর ভাই ও চাচাতো ভাইসহ পরিবারের অনেক সদস্য সরকারপন্থী বাহিনীর সমর্থক ছিলেন। অন্য অনেকের মতো তাঁকেও আটক করা হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়।

মিডল ইস্ট আইকে মুখতার বলেন, “আনসার আল্লাহর অনেক সমর্থককে আটক করা হয়েছিল, আবার অনেকে গ্রাম ছেড়ে পালিয়েছিলেন। তাঁদের মধ্যে শুধু যোদ্ধারাই ছিলেন না, বেসামরিক মানুষ ও তাঁদের সমর্থক ধর্মীয় নেতারাও ছিলেন। তাই গ্রাম ছেড়ে আনসার আল্লাহর নিয়ন্ত্রিত এলাকায় চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।”

নিজের গ্রামে মুখতার কৃষিকাজ করতেন। পাশাপাশি জমি কেনাবেচার দালালি করতেন। গ্রাম ছাড়ার পর জীবিকার সেই পথও বন্ধ হয়ে যায়। হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছে তিনি তাদের সঙ্গে যোগ দেন। তাঁর বিশ্বাস ছিল, অর্থের জন্য নয়, বরং ইসলাম রক্ষার উদ্দেশ্যেই তারা লড়াই করছে।

মুখতার বলেন, “আনসার আল্লাহর প্রকল্প পরকালের জন্য। তারা বিদেশি দেশের নির্দেশ অনুসরণ না করে কোরআনের নির্দেশ বাস্তবায়ন করে। এটি পরকালের জন্য একটি উদ্যোগ, ভাড়াটে যোদ্ধাদের কোনো প্রকল্প নয়।”

গত ৩ সেপ্টেম্বর হুথি বাহিনী দক্ষিণ হোদেইদা ও তাইজের পশ্চিমাঞ্চলে সরকারপন্থী সেনাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়। এতে দুই গভর্নরেটের বিস্তীর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে যায়।

এরপর ৪ অক্টোবর আরেকটি বড় আক্রমণ চালিয়ে তাইজের অবশিষ্ট এলাকাগুলোও দখল করে নেয় হুথিরা। ফলে তাইজ শহর ও জাবাল সাবিরের কিছু অংশ ছাড়া ওই অঞ্চলের প্রায় সব এলাকা সরকারপন্থী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই লড়াইয়ে আনন্দের সঙ্গে অংশ নেন মুখতার। সাত বছর বাস্তুচ্যুত থাকার পর নিজের গ্রামে ফেরার সুযোগ হিসেবে দেখেছিলেন তিনি এ অভিযানকে।

তাঁর ভাষায়, “শেষ পর্যন্ত আল্লাহই আমাদের বিজয় দিয়েছেন, কারণ আমাদের উদ্দেশ্য ন্যায়সংগত। যে আল্লাহর পাশে থাকে, তিনি তাকে কখনো পরিত্যাগ করেন না।”

এখন নিজের গ্রামে ফিরে এসেছেন মুখতার। কিন্তু হুথি বাহিনীর সঙ্গে তাঁকে গ্রামে প্রবেশ করতে দেখে তাঁর চাচাতো ভাই মোহাম্মদ পালিয়ে যান। ৩৭ বছর বয়সী মোহাম্মদ সরকারপন্থী বাহিনীর যোদ্ধা। তাঁর আশঙ্কা, মুখতার গ্রামে থাকলে তিনি আর নিরাপদে সেখানে বসবাস করতে পারবেন না।

তবে মুখতার দাবি করেন, তিনি মোহাম্মদের কোনো ক্ষতি করবেন না। হুথি নেতৃত্ব অস্ত্র সমর্পণ করে ঘরে ফিরে আসা ব্যক্তিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথি বাহিনী এবং সৌদি আরবের নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারপন্থী বাহিনীর মধ্যে সংঘাত চলছে। তবে গত দুই মাসে হুথিরা বড় ধরনের সামরিক অগ্রগতি অর্জন করেছে। ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন থেকে তাদের অবস্থান এখন প্রায় ৬০ কিলোমিটার দূরে।

সরকারপন্থী বাহিনীর কিছু যোদ্ধা লড়াই ছেড়ে বেসামরিক জীবনে ফিরে গেলেও মোহাম্মদের মতো অনেকে এখনো লাহিজ গভর্নরেটে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।

মিডল ইস্ট আইকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ বলেন, তিনি হুথিদের বিরোধী। তাঁর অভিযোগ, হুথিরা তাঁদের এলাকার মানুষের ধর্মীয় মতাদর্শ পরিবর্তন করতে চায়। এ কারণে তাঁর চাচাতো ভাইয়ের মতো স্থানীয় যোদ্ধাদের তিনি ‘বিশ্বাসঘাতক’ মনে করেন।

মোহাম্মদ বলেন, “সত্যি, হুথি মিলিশিয়ারা কয়েক দিনের মধ্যে বিশাল এলাকা দখল করেছে। কিন্তু সেটা সম্ভব হয়েছে তাদের সহযোগিতা করা বিশ্বাসঘাতকদের কারণে।”

তিনি আরও বলেন, “আমরা এখনো লড়াই করছি। কয়েক দিনে যা হারিয়েছি, কয়েক দিনের মধ্যেই তা পুনরুদ্ধার করব। আর সব বিশ্বাসঘাতককে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে।”

হুথিরা কোনো এলাকায় প্রবেশ করলেই শুধু যোদ্ধারা নয়, তাদের বিরোধী অনেক সাধারণ মানুষও গ্রেপ্তারের আশঙ্কায় সরকারপন্থী এলাকাগুলোতে পালিয়ে যান।

নিজের চাচাতো ভাইয়ের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ বলেন, “সে আর আমার চাচাতো ভাই নয়। কারণ, সে নিজের পরিবারের বিরুদ্ধে মিলিশিয়াদের পক্ষে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা নিজেদের বাড়িতে ছিলাম, কাউকে নির্বাসিত করিনি। যারা হুথিদের সমর্থন করেছে, তারা নিজেরাই তাদের সঙ্গে লড়াই করতে চলে গেছে। আমরা তাদের বাধ্য করিনি।”

মোহাম্মদের অভিযোগ, হুথিরা না থাকলে তাঁরা এখনো একই গ্রামে শান্তিতে বসবাস করতে পারতেন। তাঁর মতে, হুথিরাই তাঁদের গ্রামে যুদ্ধ ও বিদ্বেষ নিয়ে এসেছে।

মুখতার ও মোহাম্মদের চাচা ৬৪ বছর বয়সী আবদুর রহমান মনে করেন, যুদ্ধ সমাজের সবচেয়ে খারাপ দিকগুলো সামনে নিয়ে এসেছে। তাঁর ভাষায়, “যুদ্ধের সবচেয়ে কুৎসিত চিত্রগুলোর একটি হলো ভাই ও চাচাতো ভাইদের পরস্পরের বিরুদ্ধে লড়তে দেখা।”

তিনি বলেন, “নিজের ভাতিজাদের একে অপরের বিরুদ্ধে লড়তে দেখা সহজ নয়। একই গ্রামের অন্য ছেলেদের পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করতেও দেখা কষ্টের। আমাদের এমন জীবনযাপন করার কথা নয়। আমরা একই সমাজের মানুষ। মতপার্থক্য থাকলেও আমাদের একে অপরকে মেনে নিতে হবে। লড়াই শুধু ভয়াবহ পরিণতি ডেকে আনে।”

আবদুর রহমান জানান, ৪ অক্টোবর হুথিরা গ্রামটি দখলের পর থেকে সেখানে স্থানীয় তরুণদের মধ্যে নতুন মুখ দেখা যাচ্ছে, যারা হুথিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে এসেছে। অন্যদিকে পরিচিত অনেক মুখ গ্রাম ছেড়ে পালিয়েছে। এ পরিবর্তন তাঁকে গভীরভাবে কষ্ট দেয়।

তিনি বলেন, “মানুষের জন্য নিজের বাড়িঘর ছেড়ে চলে যাওয়া সহজ নয়। রাজনৈতিক পক্ষাবলম্বনের কারণে আত্মীয়স্বজনকে কাছে না পাওয়া, একে অপরের সঙ্গে দেখা করতে না পারাও আমাদের জন্য কষ্টের।”

একই পরিবারের সদস্য, দুই বিপরীত পক্ষ

মুখতার ও মোহাম্মদের ঘটনা ইয়েমেনে ‘শত্রুপক্ষের আত্মীয়’ হওয়ার বহু উদাহরণের একটি মাত্র।

এমনকি দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের পরিবারেও একই ধরনের বিভাজন রয়েছে। তাঁদের কারও ভাই বছরের পর বছর ধরে হুথিদের সঙ্গে কাজ করছেন। অর্থাৎ একই পরিবারের সদস্যদের রাজনৈতিক ও সামরিক আনুগত্য সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এমন দুই ভাইয়ের একটি উদাহরণ হলেন ইয়েমেন সরকারের চিফ অব স্টাফ সাগির বিন আজিজ। তাঁর ভাই হামুদ বিন আজিজ একজন হুথি নেতা।

আরেকটি উদাহরণ নাজিব গাল্লাব। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি তিনি। তাঁর ভাই আবদেল ফাত্তাহ গাল্লাবও একজন হুথি নেতা।

যুদ্ধ ঢুকে পড়েছে মানুষের ঘরে

ইয়েমেনের সংঘাত নিয়ে কাজ করা সাংবাদিক ওদায় আল-দুখাইনি বলেন, যুদ্ধ শুধু চাচাতো ভাইদের মধ্যে বিভেদ তৈরি করেনি; ভেঙে দিয়েছে ভাইদের সম্পর্ক, এমনকি পুরো পরিবারগুলোকে বিভক্ত করেছে।

মিডল ইস্ট আইকে তিনি বলেন, “এখন আমরা একই পরিবারের সদস্যদের যুদ্ধের বিপরীত দুই প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখছি। কখনো কখনো তাঁরা নিজেদের আত্মীয়দের বিরুদ্ধেই অস্ত্র হাতে তুলে নিচ্ছেন।”

তাঁর মতে, এটি অত্যন্ত বেদনাদায়ক। কারণ, যুদ্ধ রাজনৈতিক অঙ্গন থেকে সংঘাতকে সরাসরি মানুষের ঘরে নিয়ে এসেছে। বহু বছরের ভালোবাসা ও আত্মীয়তার সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দুখাইনি বলেন, রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য, কঠিন জীবনযাপন, আর্থিক প্রয়োজন, সামরিক দলে যোগ দেওয়ার জন্য প্রচার এবং উসকানিসহ নানা কারণে মানুষ যুদ্ধে জড়িয়ে পড়ছে। কখনো কারও সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান না থাকলেও পারিপার্শ্বিক পরিস্থিতি বা জীবনযাপনের বাধ্যবাধকতায় তিনি কোনো একটি পক্ষের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।

তিনি মনে করেন, পরিবারের বিচক্ষণ বয়োজ্যেষ্ঠদের এগিয়ে এসে বিরোধ নিয়ন্ত্রণ এবং আলোচনার পথ তৈরি করতে হবে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও বিশ্বাসঘাতকতার অপবাদ না দিয়ে সমঝোতার পরিবেশ গড়ে তোলা জরুরি।

দুখাইনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মতপার্থক্য যত গভীরই হোক না কেন, রক্তের সম্পর্ককে শত্রুতা কিংবা বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী বিরোধে পরিণত করার কোনো মূল্য নেই।”

তিনি আরও বলেন, যুদ্ধ শুধু বাড়িঘর ও সড়ক ধ্বংস করেনি; সমাজের মানুষের মধ্যকার বিশ্বাসও নষ্ট করেছে। এখন অনেকে আত্মীয়দের পরিবারের সদস্য হিসেবে না দেখে তাঁদের রাজনৈতিক অবস্থান কিংবা কোন পক্ষের হয়ে লড়ছেন, তার ভিত্তিতে বিচার করছেন।

তাঁর ভাষায়, “আজ সবার আগে সামাজিক সম্পর্কগুলো মেরামত করা প্রয়োজন। যুদ্ধ একসময় শেষ হতে পারে, কিন্তু ঘৃণা ও বিচ্ছিন্নতার ক্ষত বছরের পর বছর থেকে যেতে পারে।”

রক্তের সম্পর্কের বন্ধন

সমাজবিজ্ঞানী হায়েল সাঈদের মতে, সামরিকভাবে যুদ্ধ শেষ হলেও এর সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব যথাযথভাবে মোকাবিলা না করা হলে তা কয়েক দশক ধরে থেকে যেতে পারে।

মিডল ইস্ট আইকে তিনি বলেন, “আজ আমাদের শুধু যুদ্ধবিরতি প্রয়োজন নয়; ঘৃণামূলক বক্তব্য, উসকানি ও বিশ্বাসঘাতকতার অভিযোগও বন্ধ করতে হবে। ফিরিয়ে আনতে হবে সহনশীলতা, সংহতি ও সহাবস্থানের মূল্যবোধ।”

তিনি বলেন, মা-বাবা, সামাজিক ব্যক্তিত্ব, সম্প্রদায়ের নেতা ও বয়োজ্যেষ্ঠদের মনে করিয়ে দেওয়া জরুরি যে, তাঁদের দায়িত্ব শুধু যুদ্ধের শারীরিক বিপদ থেকে পরিবারকে রক্ষা করা নয়; সন্তানদের মধ্যকার সম্পর্ক ভেঙে যাওয়া ও শত্রুতায় জড়িয়ে পড়া থেকেও সুরক্ষা দেওয়া।

সাঈদ বলেন, “আপনার চাচাতো ভাই রাজনৈতিকভাবে আপনার সঙ্গে একমত না হলেও সে আপনার চাচাতো ভাই, আপনার আত্মীয়। মতপার্থক্য রক্তের সম্পর্ক মুছে দেয় না, কাউকে অন্যের ওপর হামলা করার অধিকারও দেয় না।”

তিনি আরও বলেন, “ইয়েমেনের মানুষের শুধু নিজেদের মধ্যকার যুদ্ধ বন্ধ করলেই চলবে না; একে অপরের সঙ্গে পুনর্মিলন করতে হবে এবং শত্রুতে পরিণত না হয়ে কীভাবে মতপার্থক্য নিয়ে একসঙ্গে বসবাস করা যায়, তা শিখতে হবে।”

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত