রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিশেষ নিয়ম চালু করেছিল মিয়ানমার সরকার

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দিতে পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল মিয়ানমার সরকার। রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া।

 

বিয়ে ও সন্তান নেয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার রায় পাঠকালে বিচারক ইউজি ইওয়াসাওয়া জানান, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিয়ে করার ক্ষেত্রে বিশেষ অনুমতির নিয়ম চালু করেছিল। একই সাথে বিবাহিত দম্পতিদের সন্তান নেয়ার সংখ্যা সর্বোচ্চ দুই সন্তানে সীমাবদ্ধ করে দেয়া হয়েছিল।

 

বিচারক আরো জানান, এসব নীতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্মহার কমানোর উদ্দেশ্য ছিল বলে মিয়ানমারও স্বীকার করেছে। যদিও এসব বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের জন্মহার কমানো সম্ভব হয়নি।

 

জবরদস্তিমূলক ব্যবস্থা ও বংশবিস্তার রোধের চেষ্টা

 

আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে ইওয়াসাওয়া বলেন, ‘আদালত মনে করে, এসব বিধিনিষেধ ছিল রোহিঙ্গাদের ওপর চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক ব্যবস্থা। অন্তত ২০১৭ সালের সামরিক অভিযানের সময়ও এই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমিয়ে দেয়াই ছিল এর অন্যতম উদ্দেশ্য।

 

তিনি আরো বলেন, এ ধরনের বিধিনিষেধসহ অন্যান্য পদক্ষেপ থেকে রোহিঙ্গাদের বংশবিস্তার বন্ধ করার উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়।

 

যৌন সহিংসতা ও মানসিক প্রভাব

 

২০১৭ সালের সামরিক অভিযানের সময় সংঘটিত যৌন সহিংসতার ঘটনাগুলোর কথাও রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেন বিচারক। তার মতে, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতা কমে যায়।